
ধান চাষের আসল প্রস্তুতি শুরু হয় আগের বছরের বীজ সংরক্ষণ থেকে। বর্তমানে বাজারে অনেক সার্টিফাইড বীজ পাওয়া গেলেও, আপনি চাইলে বাড়িতে থাকা গত বছরের ধান দিয়েই বাম্পার ফলন পেতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কীভাবে নিজের বাড়িতেই উন্নত মানের বীজ তৈরি করবেন এবং সঠিক ধান বীজ শোধন করার নিয়ম মেনে চাষ শুরু করবেন।
ধান বীজ সংরক্ষণের গুরুত্ব ও উদ্দেশ্য
১. বীজের জীবনীশক্তি বজায় রাখা
বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, বীজের ভেতর ভ্রূণ সুপ্ত অবস্থায় থাকে। যদি আর্দ্রতা বা তাপমাত্রা ঠিক না থাকে, তবে ভ্রূণটি নষ্ট হয়ে যায়। সঠিক সংরক্ষণের মূল উদ্দেশ্য হলো বীজের এই জীবনীশক্তিকে পরবর্তী মৌসুম পর্যন্ত টিকিয়ে রাখা। সঠিকভাবে ধান বীজ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে অঙ্কুরোদগমের হার (Germination Rate) ৮০-৯০ শতাংশ নিশ্চিত করা যায়, যা ভালো ফলনের প্রথম শর্ত।
২. আর্দ্রতা নিয়ন্ত্রণ
ধান বীজে আর্দ্রতা ১০-১২ শতাংশের বেশি হলে সেখানে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। বৈজ্ঞানিক পদ্ধতিতে শুকানোর ফলে বীজের বিপাকীয় হার কমে যায়, যা বীজকে দীর্ঘ সময় সতেজ রাখতে সাহায্য করে।
৩. রোগবালাই ও পোকা দমন
সঠিক সংরক্ষণের ফলে ধানের ‘ঘুন’ পোকা বা অন্যান্য পতঙ্গ বংশবৃদ্ধি করতে পারে না। বায়ুরোধী পাত্র ব্যবহার করলে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ক্ষতিকারক অণুজীব বা পোকা মারা যায়।
৪. জেনেটিক বিশুদ্ধতা রক্ষা
অন্যান্য ধানের সাথে মিশে যাওয়া রোধ করতে আলাদাভাবে সংরক্ষণ করা হয়। এতে বীজের কৌলিতাত্ত্বিক গুণাগুণ বা বংশগত বিশুদ্ধতা বজায় থাকে, যা পরবর্তী বছরে একই মানের ফলন নিশ্চিত করে।
৫. খরচ সাশ্রয় ও স্বনির্ভরতা
বাজারের উচ্চমূল্যের সার্টিফাইড বীজের ওপর নির্ভরতা কমিয়ে নিজের বাড়ির পুষ্ট বীজ ব্যবহার করে চাষের খরচ কমানো সম্ভব।
ধানের পুষ্ট বীজ কি?
পুষ্ট বীজ বলতে সেই দানাগুলোকে বোঝায়, যার ভেতরের চালের অংশটি সম্পূর্ণভাবে বিকশিত। সাধারণ ধানের তুলনায় বীজ ধানের গুরুত্ব অনেক বেশি। যদি আপনি ‘চিটে’ বা হালকা ধান রোপণ করেন, তবে চারা হবে দুর্বল এবং ফলনও খুব কম হবে। অন্যদিকে, পুষ্ট বীজ থেকে প্রতিটি চারা হবে সুস্থ ও সবল, যা ভবিষ্যতে প্রচুর পরিমাণে পাশকাঠি দেবে।
আড়ও দেখুন ধানের বীজ রোপণ পদ্ধতি: ধানের বীজতলা তৈরির নিয়ম
ধান বীজ শোধন করার নিয়ম:
সার্টিফাইড বীজের মতো গুণমান পেতে বাড়িতে ধান বীজ বাছাই ও শোধন করার সহজ উপায়টি অনুসরণ করবেন:
ধান বীজ বাছাই
- ১. একটি বড় পাত্রে ১০ লিটার পরিষ্কার জল নিন।
- ২. তাতে ১ কেজি ৬৫০ গ্রাম খাওয়ার লবণ মিশিয়ে ভালো করে গুলিয়ে নিন।
- ৩. লবণের মাত্রা ঠিক আছে কি না দেখতে একটি ডিম বা আলু সেই জল-এ ছেড়ে দিন।
- ৪. ডিমটি জল-এর ওপরে ভেসে উঠলে বুঝবেন লোনা জল প্রস্তুত।
- ৫. এবার এই জল-এ ধানগুলো ঢেলে দিলে হালকা ও অপুষ্ট ধানগুলো ওপরে ভেসে উঠবে।
- ৬. ভেসে থাকা ধানগুলো ফেলে দিয়ে নিচের ভারী ও পুষ্ট দানাগুলো সংগ্রহ করুন এবং পরিষ্কার জল দিয়ে ২-৩ বার ধুয়ে নিন।

ধান বীজ শোধন করার ঔষধ:
ধান চাষে রোগবালাই দমনের সবচেয়ে সহজ উপায় হলো সঠিক ধান বীজ শোধন ঔষধ ব্যবহার করা। অনেক চাষি ভাই শুধু ভালো বীজ বাছাই করেন কিন্তু শোধন করতে ভুলে যান, যার ফলে পরবর্তীতে জমিতে ব্লাস্ট বা গোড়া পচা রোগ দেখা দেয়।
- কার্যকর ঔষধ: রাসায়নিক শোধনের জন্য ‘কার্বেন্ডাজিম ৫০% ডব্লিউপি’ বা ম্যানকোজেব খুব ভালো কাজ করে। প্রতি কেজি বীজের জন্য ২-৩ গ্রাম ঔষধ পর্যাপ্ত। এটি সরাসরি শুকনো বীজে মাখিয়ে বা জল-এ মিশিয়ে শোধন করা যাবে।
- ব্লাস্ট রোগের জন্য: আধুনিক চাষাবাদে ট্রাইসাইক্লাজোল (Tricyclozole) ব্যবহার করা হবে।
- জৈব ঔষধ: যারা বিষমুক্ত চাষ করতে চান, তাদের জন্য সেরা হলো ট্রাইকোডার্মা ভিরিডি (Trichoderma Viride)। এটি বীজের চারপাশে সুরক্ষাকবচ তৈরি করবে। চাষি ভাইরা চাইলে বীজ গুলোকে ‘বীজামৃত’ ( তৈরি পদ্ধতি ক্লিক করুন ) নামক জৈব মিশ্রণে ভিজিয়ে রাখতে পারেন। এতে বীজের জীবনীশক্তি বাড়বে।
- সতর্কতা: ঔষধ মেশানোর সময় হাতে গ্লাভস পরবেন এবং পর্যাপ্ত পরিষ্কার জল ব্যবহার করবেন যাতে প্রতিটি বীজে ঔষধ পৌঁছাতে পারে।
আড়ও দেখুন SRI বা শ্রী পদ্ধতিতে ধান চাষ: আধুনিক পদ্ধতিতে ধান চাষের নিয়ম
ধান বীজের অঙ্কুরোদগম পদ্ধতি
শোধন শেষ হওয়ার পর সঠিক উপায়ে ‘জাগ’ দেওয়া বা ধান বীজের অঙ্কুরোদগম পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- পদ্ধতি: শোধিত বীজগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে চটের বস্তা বা খড়ের ভেতরে রাখতে হবে।
- তাপমাত্রা: ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী অঙ্কুর বের হবে।
- সতর্কতা: অঙ্কুর যেন খুব বেশি লম্বা না হয়ে যায়, কারণ লম্বা অঙ্কুর বীজতলায় ফেলার সময় ভেঙে যেতে পারে। শীতকাল হলে বস্তার ওপর বাড়তি কাঁথা বা খড় দিয়ে ঢেকে রাখতে হবে।
ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ:
পরবর্তী বছরের জন্য নিজের বাড়িতেই বীজ তৈরির কৌশল হলো এই ধান বীজ সংরক্ষণ পদ্ধতি। এটি বাজার থেকে কেনা বীজের চেয়েও ভালো ফলন দিতে পারে।
ধান বীজ উৎপাদন পদ্ধতি
- মাঠ নির্বাচন: আপনার জমির যে অংশের ধান সবচেয়ে পুষ্ট ও রোগমুক্ত, সেই অংশটিকে বীজের জন্য আলাদাভাবে যত্ন নিবেন।
- বীজের যত্ন: মাঠের চিহ্নিত করা আধা পাকা বীজ গুলি পাকার পরে রোগ মুক্ত পাওয়ার জন্যে ছত্রাক নাশক ও নিম তেল দিয়ে স্প্রে করে যত্ন করবেন। পাকার পর আলাদা ভাবে কেটে বাড়িতে নিয়ে আসবেন।
- মাড়াই: অন্য সাধারণ ধানের সাথে না মিশিয়ে এটি আলাদাভাবে মাড়াই করতে হবে। মাড়াই করার সময় আড়াই বারি দিয়ে যে ধান পাবেন সেটাই বীজ সংরক্ষণ করবেন এবং খেয়াল রাখবেন যেন দানা ফেটে না যায়।
ধান বীজ সংরক্ষণ পদ্ধতি:
- শুকানো: ঝাড়াই এর পর কড়া রোদে ৩-৪ দিন শুকিয়ে বীজের আর্দ্রতা ১০-১২ শতাংশে নামিয়ে আনতে হবে।
- সংরক্ষণ: বায়ুরোধী প্লাস্টিকের ড্রাম বা মাটির পাত্রে বীজ রাখবেন। পোকা থেকে বাঁচাতে সাথে শুকনো নিম পাতা বা ছাই মিশিয়ে দিলে বীজ সতেজ থাকবে।
আড়ও দেখুন বিষমুক্ত জীবনের সন্ধানে: জৈব পদ্ধতিতে ধান চাষের সম্পূর্ণ গাইড
উপসংহার
পরিশেষে বলা যায়, সঠিক ধান বীজ শোধন করার নিয়ম এবং বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি মেনে চললে চাষে লোকসানের কোনো ভয় থাকবে না। সঠিক সময়ে সঠিক ধান বীজ শোধন ঔষধ ব্যবহার করাই হলো সফল কৃষকের পরিচয়। মনে রাখবেন, সুস্থ বীজ মানেই সুস্থ গাছ এবং সুনিশ্চিত বাম্পার ফলন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
১. ধান বীজ বাছাই করতে বীজের কত ভাগ গজানোর সক্ষমতা প্রয়োজন?
উন্নত ফলনের জন্য বীজের অঙ্কুরোদগম বা গজানোর সক্ষমতা অন্তত ৮০% থেকে ৯০% হওয়া প্রয়োজন। অর্থাৎ, ১০০টি বীজের মধ্যে কমপক্ষে ৮০-৯০টি বীজে সবল অঙ্কুর বের হলে তবেই সেই বীজ রোপণের জন্য উপযুক্ত বলে গণ্য হয়।
২. ধান বীজ জাগ দেওয়ার নিয়ম কি?
শোধন করা বীজগুলো থেকে অতিরিক্ত জল ঝরিয়ে চটের বস্তায় বা খড়ের স্তূপের ভেতর রাখতে হবে। আদর্শ তাপমাত্রা (২৫-৩০° সেলসিয়াস) বজায় রাখতে বস্তার ওপর বাড়তি খড় বা চট দিয়ে ঢেকে দিতে হবে। সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ভালো অঙ্কুর বের হয়। খেয়াল রাখবেন, অঙ্কুর যেন খুব বেশি লম্বা না হয়ে যায়।
৩. ধান বীজ শোধন করার ঔষধ কি?
ধান বীজ শোধনের জন্য সবচেয়ে জনপ্রিয় রাসায়নিক ঔষধ হলো কার্বেন্ডাজিম (যেমন- বাভিস্টিন) বা ম্যানকোজেব। প্রতি কেজি বীজের জন্য ২-৩ গ্রাম ঔষধ ব্যবহার করা হয়। এছাড়া ব্লাস্ট রোগ দমনে ট্রাইসাইক্লাজোল এবং জৈব উপায়ে শোধনের জন্য ট্রাইকোডার্মা ভিরিডি (Trichoderma Viride) ব্যবহার করা হয়।
তথ্য সূত্র
- বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV)
- বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (BARI)










