
ভূমিকা: ঝিনুক মাশরুমের পরিচয় ও বৈশিষ্ট্য
ওয়েস্টার বা ঝিনুক মাশরুম (বৈজ্ঞানিক নাম: Pleurotus sp.) বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং লাভজনক একটি কৃষি ফসল। এটি মূলত Basidiomycetes শ্রেণীর এবং Agaricaceae পরিবারের অন্তর্গত। ভারত ও বাংলাদেশে এটি বিভিন্ন নামে পরিচিত হলেও ভারতের অনেক রাজ্যে একে ‘ধীঙরি’ বলা হয়। প্রাকৃতিকভাবে এই মাশরুম সাধারণত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় বনাঞ্চলে দেখা যায়। বিশেষ করে জীর্ণ গাছ, মাটিতে পড়ে থাকা গাছের ডাল বা পচনশীল জৈব বস্তুর উপর এটি প্রাকৃতিকভাবে জন্মায়।
তবে মনে রাখবেন, প্রকৃতিতে পাওয়া সব মাশরুম কিন্তু ভোজ্য নয়। অনেক প্রজাতি অত্যন্ত বিষাক্ত হতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে। চাষযোগ্য ঝিনুক মাশরুমগুলো সাধারণত সাদা, ক্রিম, ধূসর, হলুদ, গোলাপী বা হালকা বাদামী রঙের হয়ে থাকে। এগুলোর আকৃতি অনেকটা খোল বা স্প্যাটুলা (Spatula) এর মতো হয়। ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি এতটাই সহজ যে সঠিক জলবায়ু নিয়ন্ত্রণে রেখে এটি সারা বছরই চাষ করা সম্ভব। এই মাশরুমের বড় বৈশিষ্ট্য হলো এর দ্রুত বৃদ্ধির হার এবং স্বল্প সময়ে ফসল আহরণের সুবিধা। বছরে প্রায় ৫ থেকে ৬ বার এর উৎপাদন সম্ভব, কারণ এর মোট উৎপাদন চক্র মাত্র ৬০ দিনের। এমনকি আদর্শ পরিবেশে এটি মাত্র ৪৮ থেকে ৯৬ ঘণ্টার মধ্যেই অঙ্কুরিত হতে শুরু করে। এর ছত্রাকদেহ বা মাইসেলিয়াম দেখতে একদম ধবধবে সাদা বর্ণের হয়।
১. ঝিনুক মাশরুমের উৎপত্তির ইতিহাস
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯১৭ সালে জার্মানিতে প্রথম পরীক্ষামূলকভাবে ওয়েস্টার বা ঝিনুক মাশরুম (Pleurotus ostreatus) গাছের গুঁড়ির উপর চাষ শুরু করা হয়েছিল। এই সফল পরীক্ষার পর ধীরে ধীরে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এর বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়ে।
ভারতে ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি শুরু হয় ষাটের দশকের গোড়ার দিকে। তবে এর বাণিজ্যিক জয়যাত্রা এবং ব্যাপক জনপ্রিয়তা শুরু হয় সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে। বর্তমানে ভারতের হিমাচল প্রদেশ, ওড়িশা, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ মাশরুম উৎপাদনে প্রধান ভূমিকা রাখছে। এছাড়া উত্তর-পূর্ব পার্বত্য রাজ্যগুলোতেও এর ব্যাপক চাষ পরিলক্ষিত হয়।
২. ওয়েস্টার মাশরুম চাষের আদর্শ জলবায়ু ও পরিবেশ
সফলভাবে মাশরুম উৎপাদনের প্রধান চাবিকাঠি হলো সঠিক পরিবেশ নিয়ন্ত্রণ। ঝিনুক মাশরুম সাধারণত ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবথেকে ভালো বৃদ্ধি পায়। এর জন্য বাতাসে ৫৫-৭০% আর্দ্রতা থাকা প্রয়োজন। সাধারণত বছরের ৬ থেকে ৮ মাস আমাদের দেশের স্বাভাবিক আবহাওয়ায় এটি চমৎকারভাবে চাষ করা যায়।
গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময় কৃত্রিমভাবে আর্দ্রতা সরবরাহ করে এর উৎপাদন বজায় রাখা সম্ভব। ভৌগোলিক অবস্থান অনুযায়ী চাষের সময় কিছুটা ভিন্ন হতে পারে। যেমন: সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটারের উপরের পাহাড়ি এলাকায় মার্চ-এপ্রিল থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত ওয়েস্টার মাশরুম চাষের সেরা সময়। অন্যদিকে, নিম্ন সমতল অঞ্চলগুলোতে সেপ্টেম্বর-অক্টোবর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত সময়কালকে মাশরুম চাষের সর্বোত্তম সময় হিসেবে গণ্য করা হয়।
৩. ঝিনুক মাশরুমের বাণিজ্যিক প্রজাতি সমূহ
মাশরুম চাষের সূত্র অনুযায়ী, সঠিক জাত নির্বাচনই লাভের প্রথম ধাপ। ঝিনুক মাশরুমের মধ্যে অনেকগুলো প্রজাতি থাকলেও বর্তমানে বাণিজ্যিক ভাবে নিচের জাতগুলো সবথেকে জনপ্রিয়:
- পি. ফ্লাবেলেটাস (P. flabellatus)
- পি. সজোর-কাসু (P. sajor-caju)
- পি. সেপিডাস (P. sapidus)
- পি. কর্নুকোপি (P. cornucopiae)
- পি. ইরিঞ্জি (P. eryngii) – যাকে কিঙ্গ ওয়েস্টারও বলা হয়।
আড়ও দেখুন মাশরুমের সকল জনপ্রিয় প্রজাতি ও তাদের বৈশিষ্ট্য: আপনার এলাকার জন্য সঠিক জাতটি বেছে নিন
৪. বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম খামার (Farm) নির্মাণ কৌশল
একটি আধুনিক ও লাভজনক ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি-তে খামার করতে হলে অর্থনৈতিক এবং বিজ্ঞানসম্মত—উভয় দিকই বিবেচনা করতে হবে। খামার নির্মাণের সময় একটি পরিকল্পিত নকশা বা ব্লু-প্রিন্ট থাকা জরুরি। আপনার খামারে নিচের বিভাগগুলো আলাদাভাবে থাকা উচিত:
- ধানের খড় রাখার শেড: যেখানে শুকনো খড় নিরাপদে থাকবে।
- ভেজানো খড় রাখার নির্দিষ্ট স্থান: জীবাণুমুক্ত করার জন্য এটি প্রয়োজন।
- মজুত ঘর: প্রয়োজনীয় সরঞ্জাম রাখার জন্য।
- স্পনিং রুম: যেখানে ব্যাগে বীজ ভরা হবে।
- ফসল উৎপাদন কক্ষ: যেখানে মাশরুম বড় হবে।
- অফিস ও পথ: যাতায়াত ও হিসাব রাখার জন্য।
৫. খামার নির্মাণের আধুনিক ও সাশ্রয়ী নিয়মাবলী
ছাতু মাশরুম চাষ খামার তৈরির আগে আপনার এলাকার গত কয়েক বছরের গড় তাপমাত্রা ও আর্দ্রতা পর্যালোচনা করা উচিত। এটি আপনাকে সঠিক প্রজাতি নির্বাচনে সাহায্য করবে। খামার নির্মাণের ক্ষেত্রে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন:
- স্থান নির্বাচন: ওয়েস্টার মাশরুম চাষের জন্যে এমন জায়গা বেছে নিন যেখানে ভবিষ্যতে ব্যবসার প্রয়োজনে খামার আরও বড় করা সম্ভব।
- ঘরের গঠন: ঘরটি অবশ্যই দোচালা বা ত্রিভুজ আকৃতির হওয়া ভালো। ছাউনি হিসেবে খড় বা অ্যাসবেস্টস ব্যবহার করা যেতে পারে। এতে ঘরের ভেতর সরাসরি তাপ প্রবেশ করতে পারে না এবং পরিবেশ ঠান্ডা থাকে।
- ঘরের বেড়া ও বায়ু চলাচল: ঘরের চারপাশ বাঁশ, পাটকাঠি বা ধানের খড় দিয়ে ঘিরে দিতে হবে। পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য ৭৫% গ্রিন শেড নেট ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত তাপ বের করে দেওয়ার জন্য মেঝে থেকে ১ ফুট উপরে একজস্ট ফ্যান (Exhaust Fan) লাগানো যেতে পারে।
- আর্দ্রতা নিয়ন্ত্রণ: ঘরের ভেতরে তাপমাত্রা ও আর্দ্রতা মাপার জন্য অবশ্যই হাইগ্রোমিটার রাখতে হবে। জল স্প্রে করার জন্য আধুনিক ‘ফগার সিস্টেম’ ব্যবহার করলে আর্দ্রতা বজায় রাখা অনেক সহজ হয়।
- অন্ধকার কক্ষের ব্যবস্থা: বীজ ভরার পর প্রথম ১৫ দিন ব্যাগগুলো সম্পূর্ণ অন্ধকারে রাখতে হয়। তাই খামারে একটি অন্ধকার রুমের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
- তাক বা র্যাক পদ্ধতি: জায়গার সঠিক ব্যবহারের জন্য বাঁশ বা লোহা দিয়ে তাক বা সেলফ তৈরি করুন। প্রতিটি তাকের মাঝে অন্তত দেড় থেকে দুই ফুট ফাঁকা রাখুন যাতে ফসল তুলতে সুবিধা হয়।
- মেঝের যত্ন: মেঝেতে বালু বিছিয়ে দিলে জল দেওয়ার ফলে তা দীর্ঘক্ষণ ভিজে থাকে, যা গ্রীষ্মকালে ঘরের তাপমাত্রা কমাতে এবং আর্দ্রতা বাড়াতে জাদুকরী ভূমিকা পালন করে।
আড়ও দেখুন মিল্কি মাশরুম চাষ পদ্ধতি: বাণিজ্যিক মিল্কি হোয়াইট মাশরুম চাষ
৬. নির্বীজকরণ বা জীবাণুমুক্ত করার বৈজ্ঞানিক পদ্ধতি
ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি-তে খড় কাটা হয়ে গেলে সেগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। খড়ের গায়ে লেগে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাক আপনার পুরো পরিশ্রম নষ্ট করে দিতে পারে। এই শোধন পদ্ধতিটি প্রধানত দুইভাবে করা যায়: ক্যামিক্যাল পদ্ধতি এবং বয়েল বা গরম জল পদ্ধতি।
ক. কেমিক্যাল বা রাসায়নিক মাধ্যমে জীবাণুমুক্তকরণ
ধানের খড় শুদ্ধিকরণের জন্য আপনার সুবিধা অনুযায়ী ২০০ লিটারের প্লাস্টিক ড্রাম, কংক্রিটের গোল রিং অথবা পাকা চৌবাচ্চা ব্যবহার করতে পারেন।
প্রাথমিক ধাপ: খড়গুলোকে আগে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে যেন বালু, ধুলোবালি বা অবাঞ্ছিত গুঁড়ো বেরিয়ে যায়। এরপর এগুলোকে আলু বা পেঁয়াজের নেট বস্তায় ভরে নেওয়া ভালো। বস্তায় ভরে ভেজালে সময় কম লাগে এবং কাজ অনেক সুশৃঙ্খল হয়।
নিচে খড় শোধন করার চারটি শক্তিশালী পদ্ধতি আলোচনা করা হলো:
প্রথম পদ্ধতি: সম্পূর্ণ জৈব পদ্ধতি (Organic – Waste Decomposer)
আপনার মাশরুম যদি বিষমুক্ত এবং উচ্চ মূল্যের বাজারে বিক্রি করতে চান, তবে এটিই সেরা উপায়। এতে কোনো রাসায়নিক ব্যবহার হয় না।
উপকরণ: ভারত সরকারের গাজিয়াবাদ জৈব গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত ‘ওয়েস্ট ডিকম্পোজার’, যার মূল্য মাত্র ২০ টাকা।
কালচার তৈরির নিয়ম: একটি ২০০ লিটারের ড্রামে জল নিয়ে তাতে ২ কেজি গুড় ভালো করে গুলিয়ে নিন। এরপর পুরো ডিকম্পোজারটি তাতে ঢেলে দিন। ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখুন এবং প্রতিদিন ২-৩ বার একটি পরিষ্কার কাঠি দিয়ে নাড়িয়ে দিন। ৭ দিন পর এটি ‘ছানার জলের’ মতো রঙ ধারণ করলে ব্যবহারের উপযোগী হবে। এটি একবার তৈরি করলে সারাবছর ব্যবহার করা যায়।
শোধন পদ্ধতি: ১০০ লিটার জলে ১৫ লিটার তৈরি করা কালচার মিশিয়ে নিন। এরপর ১০-১৫ কেজি কাটা খড় ড্রামে ঢেলে ভালো করে চেপে ভিজিয়ে দিন। ড্রামের মুখ বেঁধে ১৬-১৮ ঘণ্টা রেখে দিন। এরপর খড় তুলে জল ঝরানোর জন্য প্লাস্টিকের ওপর বিছিয়ে দিন।
দ্বিতীয় পদ্ধতি: ফরম্যালিন ও বেভিস্টিন পদ্ধতি
সূত্র: একটি ২০০ লিটারের ড্রামে ১০০ লিটার জল নিন। তাতে ১২৫ মিলি ফরম্যালিন এবং ১০-১২ গ্রাম বেভিস্টিন (৫০% কার্বোন্ডাজিম) মিশিয়ে নিন। এতে ১০-১৫ কেজি খড় ডুবিয়ে উপরে ভারি কিছু দিয়ে চাপা দিন যেন জল খড়ের উপরে থাকে। ১৬-১৮ ঘণ্টা পর জল ঝরিয়ে ব্যবহার করুন। বীজ ভরার আগে ২০০ গ্রাম জিপসাম পাউডার মিশিয়ে নিলে ভালো ফলন পাওয়া যায়।
তৃতীয় পদ্ধতি: ব্লিচিং ও চুনের মিশ্রণ
সূত্র: ১০০ লিটার জলে ১ কেজি ক্যালসিয়াম কার্বনেট (চুন), ২৫ গ্রাম ব্লিচিং পাউডার এবং ২৫ মিলি ফরম্যালিন মিশিয়ে নিন। এতে ১০-১২ কেজি খড় ১৬-১৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর খড় তুলে ২৪ ঘণ্টা ছায়ায় মেলে দিন। যখন হাত দিয়ে জোরে চাপ দিলে জল বের হবে না কিন্তু একটা ভেজা ভাব (Moisture) থাকবে, তখন ২৫ গ্রাম বেভিস্টিন খড়ের সাথে মিশিয়ে স্পন বা বীজ ভরতে হবে। খড় ঝোলানোর জন্য বাঁশের মাচা ব্যবহার করলে জল দ্রুত ঝরে যায়।
চতুর্থ পদ্ধতি: আধুনিক সংকর পদ্ধতি
সূত্র: একইভাবে ১০০ লিটার জলে খড় ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়ার পর স্পনিং বা বীজ বপন করার ঠিক আগে কিছু বিশেষ উপাদান মেশানো হয়। এক্ষেত্রে ২৫০ গ্রাম জিপসাম বা ক্যালসিয়াম সালফেট (ছাকনি দিয়ে ছেঁকে), ২৫ গ্রাম বেভিস্টিন, ১০ গ্রাম হান্টার-৫০ এবং একটি প্যারাক্সিন (Paraxin 500) ক্যাপসুল ভেঙে সব একত্রে খড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এটি মাশরুমকে সব ধরণের রোগ ও সংক্রমণ থেকে ১০০% সুরক্ষা দেয়।
খ) বয়েল বা গরম জল পদ্ধতিতে জীবাণুমুক্তকরণ
এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকর এবং এটিকেও জৈব পদ্ধতি (Organic Method) বলা হয়, কারণ এতে কোনো রাসায়নিকের প্রয়োজন হয় না। এই পদ্ধতির বড় সুবিধা হলো, রাসায়নিক পদ্ধতির তুলনায় এতে ৭-১০ দিন আগে মাশরুম উৎপাদন শুরু হয়। সাধারণত স্পনিং করার ১৮-২০ দিনের মধ্যেই মাশরুম বের হতে থাকে।
এই পদ্ধতিটি দুটি উপায়ে সম্পন্ন করা যায়:
১. সাধারণ গরম জল পদ্ধতি: ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম জলে ঝাড়াই করা খড়গুলো ডুবিয়ে দিন। জল স্বাভাবিকভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত খড়গুলো ভেতরেই থাকবে। এরপর খড় তুলে নিয়ে জল ঝরানোর জন্য পলিথিনের ওপর মেলে দিন। গ্রীষ্মকালে শেডের নিচে এবং শীতকালে হালকা রোদে এটি করা যেতে পারে। সফল চাষের সূত্র: খড় হাতে নিয়ে জোরে চাপ দিলে যদি জল না পড়ে কিন্তু ভিজে ভাব থাকে, তবেই এটি বীজ দেওয়ার জন্য প্রস্তুত।
২. স্ট্রিম বা বাষ্প পদ্ধতি : এই পদ্ধতিতে খড় সরাসরি জলে ভেজাতে হয় না, ফলে খড়ের গুণগত মান অক্ষুণ্ণ থাকে।
- সেটআপ: একটি ছিদ্রহীন লোহার ড্রাম নিন। ড্রামের নিচের অংশে ৩/৪ ইঞ্চি রিফিল পাইপ (Refill Pipe) ও চাবি (Valve) লাগান যাতে ভেতরের জলের লেভেল বোঝা যায়। ড্রামের উপরে বা পাশে পাইপ লাগিয়ে একটি প্লাস্টিক ড্রামের সাথে যুক্ত করুন যেখানে খড় রাখা হবে।
- কার্যপদ্ধতি: লোহার ড্রামের অর্ধেকটা জলে ভরে নিচে আগুন জ্বালিয়ে বাষ্প তৈরি করুন। বাষ্প যখন তৈরি হবে, তখন পাইপের চাবি খুলে দিলে তা প্লাস্টিকের ড্রামে রাখা খড়গুলোকে ১ ঘণ্টার মধ্যে গরম ও জীবাণুমুক্ত করে দেবে। এই পদ্ধতিতে জ্বালানি খরচ কম এবং কাজ খুব দ্রুত হয়। রাইস মিলের বাষ্প পদ্ধতিতে যেভাবে ধান সেদ্ধ হয়, এটি অনেকটা সেই রকম।
- বিকল্প সাশ্রয়ী পদ্ধতি: একটি লোহার ড্রামের মুখে জাল বা নেট বসিয়ে নিচে ৬ ইঞ্চি জল রেখে গরম করলেও বাষ্পের মাধ্যমে খড় জীবাণুমুক্ত হয়।
- বিশেষ পরামর্শ: ১০-১৫ কেজি শুকনো খড়ের সাথে ১৫০-২০০ গ্রাম জিপসাম বা ক্যালসিয়াম সালফেট মিশিয়ে নিলে ফলন অনেক ভালো পাওয়া যায়।
সঠিকভাবে জল ঝরানো ও আর্দ্রতা পরীক্ষা
খড় ভেজানো শেষ হলে জল ঝরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ভেজা খড় ভর্তি বস্তাগুলোকে বাঁশের ওপর ঝুলিয়ে দিলে জল তাড়াতাড়ি ঝরে যায়। এরপর পলিথিনের ওপর বিছিয়ে দিয়ে মাঝে মাঝে উলট-পালট করে দিন।
- আর্দ্রতা পরীক্ষার সূত্র: এক মুঠো খড় হাতে নিয়ে জোরে চাপ দিন। যদি আঙুলের ফাঁক দিয়ে জল গড়িয়ে না পড়ে কিন্তু হাতের তালু ভিজে যায়, তবেই বুঝবেন এটি মাশরুম বীজ (Spawn) দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে।
- কৃষি সূত্র পরামর্শ: উপরোক্ত সব পদ্ধতিই ভালো উৎপাদনের জন্য প্রমাণিত। তবে বিষমুক্ত খাদ্য উৎপাদনের স্বার্থে আমরা সবসময় জৈব পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দেই। এতে খরচ যেমন কমে, তেমনি ভোক্তাদের কাছে আপনার মাশরুমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
৭. মাশরুম উৎপাদন সময় পর্যবেক্ষণ ও কক্ষ ব্যবস্থাপনা
ওয়েস্টার মাশরুম চাষের সবথেকে সংবেদনশীল সময় হলো বীজ বপনের পরের ১৫ থেকে ৩০ দিন। এই সময়ে সঠিক কক্ষ ব্যবস্থাপনা এবং জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করাই হলো মাশরুম চাষের আসল সূত্র। নিচে উৎপাদন কক্ষের খুঁটিনাটি নিয়মাবলী আলোচনা করা হলো:
ক. মাশরুম উৎপাদন সময় পর্যবেক্ষণ ও কক্ষ ব্যবস্থাপনা
মাশরুম একটি অত্যন্ত সংবেদনশীল ছত্রাক, তাই উৎপাদন কক্ষে প্রবেশের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে:
- পরিচ্ছন্নতা: কক্ষে প্রবেশের আগে হাত ও পা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। কাজ করার সময় হাতে অবশ্যই স্পিরিট (Spirit) বা স্যানিটাইজার (Sanitizer) মেখে নিতে হবে।
- প্রবেশদ্বার নিয়ন্ত্রণ: মাশরুম ঘরের দরজায় একটি পাত্রে পটাসিয়াম পারমেঙ্গানেট মিশ্রিত জল রাখা উচিত। ঘরে ঢোকার আগে ওই জলে পা চুবিয়ে প্রবেশ করলে বাইরের জীবাণু ভেতরে আসার সুযোগ পায় না।
- জীবাণুনাশক ব্যবহার: ঘরের মেঝে পরিষ্কার রাখতে ১ লিটার জলে ১ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করা উচিত। মনে রাখবেন, একবার রোগ বা সংক্রমণ লাগলে আপনার পুরো খামারের মাশরুম নষ্ট হয়ে যেতে পারে।
খ) ইনকিউবেশন বা অন্ধকার ঘরের ব্যবস্থাপনা
বীজ বা স্পন ভরার পর প্রথম ১৫ দিন হলো প্যাকেটের ভেতর মাইসেলিয়াম তৈরির সময়।
- অন্ধকার ও কার্বন ডাই অক্সাইড: এবীজ ভরা সম্পূর্ণ হয়ে গেলে সিলিন্ডার বা প্যাকেটগুলোকে ১৫ দিনের জন্য একটি সম্পূর্ণ অন্ধকার ঘরে রাখতে হবে। । এই সময়ে কোনো আলো বা সরাসরি বাতাস প্রবেশ করানো নিষিদ্ধ। মাইসেলিয়াম জাল বিন্যাসের জন্য এই সময় প্রচুর কার্বন ডাই অক্সাইড (CO2) প্রয়োজন হয়। অন্ধকার ঘরে সঠিক তাপমাত্রা বজায় থাকলে বীজের মাইসেলিয়াম দ্রুত পুরো প্যাকেটে ছড়িয়ে পড়বে । প্যাকেট যত দ্রুত ধবধবে সাদা হতে থাকবে, বুঝতে হবে মাইসেলিয়াম তত সুস্থভাবে বৃদ্ধি পাচ্ছে।
- তাপমাত্রা পর্যবেক্ষণ: এই সময়ে রুমের তাপমাত্রা ২০-২৫°C রাখা আদর্শ। মনে রাখতে হবে, মাশরুম ব্যাগের ভেতরের তাপমাত্রা সাধারণত রুমের তাপমাত্রার থেকে ২-৩°C বেশি থাকে। তাই ব্যাগের ভেতরের তাপমাত্রা ২০-২৮°C এর মধ্যে আছে কি না তা থার্মোমিটার দিয়ে নিয়মিত পরীক্ষা করতে হবে।
- কৃষি সূত্র পরামর্শ: বীজ বপনের সময় কথা বলা বা হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকুন, কারণ মানুষের মুখ থেকে নির্গত জীবাণু মাশরুমের ক্ষতি করতে পারে।
গ. পিনহেড বের হওয়া এবং বায়ু চলাচল ব্যবস্থাপনা
১৬ দিন থেকে মাশরুমের পিনহেড বা ছোট অঙ্কুর বের হতে শুরু করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
- প্রাথমিক কাজ: ১৬তম দিনে প্যাকেট বা সিলিন্ডারের ফুটোগুলো থেকে সব তুলা বের করে দিতে হবে।
- অক্সিজেন সরবরাহ: এই সময় থেকে মাশরুমের প্রচুর অক্সিজেনের (O2) প্রয়োজন হয়। তাই প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা বিশুদ্ধ বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
- বায়ু চলাচলের বিশেষ নিয়ম : রুমের বাতাস চলাচলের জন্য একটি বৈজ্ঞানিক রুটিন মেনে চলা উচিত। ঘরের মেঝে থেকে ৬ ইঞ্চি থেকে ১ ফুট উচ্চতায় একজস্ট ফ্যান সেট করে নিচের নিয়মে পরিচালনা করুন:
- ১. ১ম ঘণ্টা: একজস্ট ফ্যান চালু রাখুন এবং জানালা-দরজা সামান্য খুলে দিন যাতে অক্সিজেন প্রবেশ করে ও কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়।
- ২. ২য় ঘণ্টা: একজস্ট ফ্যান বন্ধ রেখে শুধু জানালা-দরজা খোলা রাখুন।
- ৩. ৩য় ঘণ্টা: জানালা, দরজা এবং ফ্যান—সবকিছু বন্ধ রাখুন।
- ৪. ৪র্থ ঘণ্টা: পুনরায় জানালা-দরজা খোলা রাখুন (স্বাভাবিক বাতাস চলাচলের জন্য)।
- ৫. ৫ম ঘণ্টা: সব কিছু বন্ধ রাখুন।
- ৬. ৬ষ্ঠ ঘণ্টা: পুনরায় একজস্ট ফ্যান চালিয়ে ভেতরের গুমোট বাতাস বের করে দিন।
সফল চাষের সূত্র: বাইরে অতিরিক্ত গরম থাকলে এই বায়ু পরিবর্তনের কাজটি সন্ধ্যার পর বা রাতে করুন। আর যদি আবহাওয়া শীতল থাকে, তবে দিনের বেলায় হাওয়া খাওয়ানোর ব্যবস্থা করুন।
ঘ. আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ
মাশরুম ঘরের আর্দ্রতা (Humidity) সবসময় ৭৫% এর উপরে থাকা প্রয়োজন।
- হাইগ্রোমিটারের ব্যবহার: ঘরে অবশ্যই আর্দ্রতা মাপার যন্ত্র বা হাইগ্রোমিটার রাখতে হবে। আর্দ্রতা কমে গেলে দেওয়ালে বা মেঝের বালুর ওপর জল স্প্রে করুন।
- আধুনিক প্রযুক্তি: বড় খামারের ক্ষেত্রে অটোমেটিক হিউমিডিফায়ার বা ফগার মেশিন ব্যবহার করা সবথেকে লাভজনক।
- বালুর ব্যবহার: গ্রীষ্মকালে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেঝেতে বালু বিছিয়ে তা নিয়মিত ভিজিয়ে দিন। এটি প্রাকৃতিকভাবে ঘরকে শীতল রাখে।
ঙ. রোগ ও পোকা দমন কৌশল
- আক্রান্ত প্যাকেট: যদি কোনো প্যাকেটের ভেতরে কালো দাগ বা পোকা দেখা যায়, তবে দেরি না করে সেটি ঘর থেকে বের করে দূরে সরিয়ে দিন।
- হলুদ কার্ডের ব্যবহার : ঘরে উড়ন্ত পোকার উপদ্রব কমাতে দেওয়ালে বা লাইটের কাছে আঠা লাগানো ‘হলুদ কার্ড’ ঝুলিয়ে রাখুন। পোকা হলুদে আকৃষ্ট হয়ে সেখানে আটকে মারা যাবে।
- প্রতিষেধক স্প্রে: ঘরের বাইরের চারদিকে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের ওষুধ স্প্রে করলে বাইরে থেকে পোকা আসার ঝুঁকি কমে।
চ. ফসল সংগ্রহের প্রস্তুতি
পিনহেড বা অঙ্কুর বের হওয়ার ৩-৪ দিন পরেই মাশরুম সাধারণত সংগ্রহের উপযোগী হয়। মাশরুমের কিনারা বা ধারগুলো যখন হালকা ঢেউ খেলানো বা সোজা হতে শুরু করবে, তখনই তা তোলার সঠিক সময়। সংগ্রহের ব্যাপারে সজাগ থাকতে হবে, কারণ বেশি দেরি হলে মাশরুম শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে।
আড়ও দেখুন মাশরুম চাষ পদ্ধতি: মাশরুম পরিচিতি, প্রশিক্ষণ কেন্দ্র, পুষ্টি গুণ ও উপকারিতা এবং বাণিজ্যিক লাভ
৮. মাশরুমের রোগবালাই দমন, ফসল সংগ্রহ ও বাণিজ্যিক লাভের হিসাব
মাশরুম চাষের চূড়ান্ত ধাপে আপনাকে সজাগ থাকতে হবে রোগবালাই এবং সঠিক বাজারজাতকরণের বিষয়ে। নিচে মাশরুমের শত্রু দমন এবং অর্থনৈতিক সাফল্যের কৃষি সূত্র প্রদান করা হলো:
ক. ঝিনুক মাশরুমের রোগ-পোকা নিয়ন্ত্রণ
ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতিতে পোকা ও ছত্রাকের আক্রমণ উৎপাদন ও সৌন্দর্য উভয়ই নষ্ট করে দেয়। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে কাঙ্ক্ষিত বাজারমূল্য পাওয়া অসম্ভব।
- ১. মাছি পোকার উপদ্রব: ফ্লোরিড মাছি, সেসিড মাছি এবং স্কাইভ মাছি মাশরুম ও স্পন-এর গন্ধে আকৃষ্ট হয়ে সিলিন্ডারে লার্ভা উৎপন্ন করে। এই লার্ভাগুলো মাশরুমের পিনহেড খেয়ে ফেলে বা ছিদ্র করে দেয়।
- প্রতিকার: খামারের জানালা ও ভেন্টিলেটরে সূক্ষ্ম নাইলন নেট টাঙিয়ে দিতে হবে। এছাড়া ঘরের ভেতর মাছি নিধন ফাঁদ ব্যবহার করা অত্যন্ত জরুরি।
- ২. ছত্রাকজনিত রোগ: অনেক সময় খড়ের স্তরে অ্যাসপারগিলাস (Aspergillus sp.) বা ক্ল্যাডোস্পোরিয়াম (Cladosporium sp.) নামক ক্ষতিকর ছত্রাক দেখা যায়।
- প্রতিকার: সংক্রমণ দেখা দিলে ব্যাভিস্টিন বা সমজাতীয় ছত্রাকনাশক নির্দিষ্ট মাত্রায় স্প্রে করে এটি নিয়ন্ত্রণ করা যায়।
- ৩. ব্যাকটেরিয়া ও দাগ পড়া রোগ: অতিরিক্ত আর্দ্রতা বা ভুল তাপমাত্রার কারণে মাশরুমে হলুদ দাগ, বাদামী দাগ বা ব্যাকটেরিয়া জনিত পচন দেখা দিতে পারে।
- প্রতিকার: ৩-৫ দিন অন্তর ১০০-১৫০ পিপিএম (PPM) ক্লোরিনযুক্ত জল স্প্রে করলে এই ধরণের পচন রোধ করা যায়।
- ৪. শামুক ও ইঁদুরের উপদ্রব: সিলিন্ডার ছিদ্র করে মাশরুম নষ্ট করে ফেলে।
- প্রতিকার: নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে শামুক সরিয়ে ফেলতে হবে এবং ইঁদুর ধরার জন্য ফাঁদ (Rat Trap) ব্যবহার করতে হবে।
সতর্কতা: সমস্যা লক্ষ্য করলে নিকটবর্তী কৃষি বা উদ্যান পালন বিভাগে গিয়ে পরামর্শ করে সঠিক সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করলে বেশি উপকৃত হবেন ।
ছ . ফসল সংগ্রহ ও বাজারজাতকরণ
ঝিনুক মাশরুম চাষ পদ্ধতিতে মাশরুম সংগ্রহের সঠিক সময় বুঝতে পারা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।
- ফসল সংগ্রহ: মাশরুমের দেহ যখন পূর্ণ আকৃতি পায় এবং স্পোর মুক্ত হওয়ার ঠিক আগে তা সংগ্রহ করতে হবে। মাশরুম তোলার সময় গোড়ায় ধরে হালকা মোচড় দিয়ে তুলতে হয়। সাধারণত প্রথমবার সংগ্রহের পর ৫ দিন অন্তর মোট ৩ বার ফসল পাওয়া যায় এবং ৬০ দিনের মাথায় একটি ব্যাচের উৎপাদন শেষ হয়।
- সংরক্ষণ (Stocking): টাটকা মাশরুমের রং ও গুণগত মান দ্রুত নষ্ট হয়। তাই ভালো দামের আশায় কয়েকদিন রাখতে হলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে।
- প্যাকিং ও পরিবহন: তাজা মাশরুম ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগে ২৫০ বা ৫০০ গ্রামের পাউচে ভরে পরিবহন করা উচিত। দীর্ঘ পথের জন্য বরফ ভর্তি থার্মোকল বক্স বা ঝুড়ি ব্যবহার করা যায়।
আড়ও দেখুন কাঁচা মাশরুম সংরক্ষণ পদ্ধতি: ৭ দিন পর্যন্ত সতেজ রাখার বৈজ্ঞানিক ও বাণিজ্যিক কৌশল
জ . মাশরুমের বাণিজ্যিক সম্ভাবনা ও পণ্য তৈরি
কাঁচা মাশরুম দ্রুত বিক্রি করতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। মাশরুম শুকিয়ে বা প্রসেসিং করে বাণিজ্যিক মাশরুম চাষে অধিক মুনাফা অর্জন করা সম্ভব:
মাশরুম পণ্য: শুকনা মাশরুমের গুঁড়ো দিয়ে পুষ্টিকর ডাল বড়ি, পাপড়, বিস্কুট এবং স্যুপ মিক্স তৈরি করে ব্র্যান্ডিং করা যায়। এতে পণ্যের শেলফ লাইফ বা স্থায়িত্ব বাড়ে ফলে বাণিজ্যিক মাশরুম চাষে লাভের পরিমাণ দ্বিগুণ হয়।
আড়ও দেখুন মাশরুম দিয়ে খাদ্য পণ্য তৈরির পদ্ধতি: ডাল বড়ি, পাঁপড় ও বিস্কুট তৈরির বিস্তারিত গাইড
৯. মাশরুম বর্জ্য বা অবশিষ্টাংশের ব্যবহার
ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি-তে চাষ শেষ হওয়ার পর সিলিন্ডারের খড়গুলো ফেলে না দিয়ে তা থেকে চমৎকার জৈব সার তৈরি করা সম্ভব।
ভার্মিকম্পোস্ট : প্লাস্টিক মুক্ত বর্জ্য খড়গুলো একটি ট্যাংকে জমা করে তাতে কেঁচো ছেড়ে দিলে ৪-৫ মাসের মধ্যে উচ্চমানের কেঁচো সার তৈরি হয় (তৈরি পদ্ধতি দেখুন)। এই সার বিক্রি করে খামারের খড় ও বীজের খরচ অনায়াসেই উঠে আসে। একে বলা হয় “জিরো ওয়েস্ট কৃষি সূত্র”।
১০. ওয়েস্টার মাশরুমের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মাশরুম একটি আদর্শ সুপারফুড । এতে আছে:
উপাদান: ভিটামিন বি-কমপ্লেক্স, ভিটামিন সি এবং ১৮ ধরণের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড।
স্বাস্থ্য সুবিধা: এতে ক্যালরি খুব কম (০.৩%) এবং প্রচুর আর্দ্রতা থাকায় এটি শিশু ও বৃদ্ধদের জন্য সহজপাচ্য। এটি নিয়মিত গ্রহণে রক্তাল্পতা, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অভাবনীয় উপকার পাওয়া যায়।
১১. বাণিজ্যিক মাশরুম চাষে লাভের হিসাব
একজন নতুন উদ্যোক্তার জন্য বাণিজ্যিক ছাতু মাশরুম চাষ কতটা লাভজনক, তা নিচের সূত্রের মাধ্যমে বোঝা সম্ভব:
| বিবরণ | পরিমাণ/খরচ (আনুমানিক) |
| ১টি সিলিন্ডারের উৎপাদন খরচ | ৩০ টাকা |
| গড় ফলন (প্রতি সিলিন্ডার) | ১.৫ – ২ কেজি |
| সর্বনিম্ন বাজার মূল্য (প্রতি কেজি) | ১০০ টাকা |
| ১টি সিলিন্ডার থেকে মোট আয় | ১৫০ – ২০০ টাকা |
| সিলিন্ডার প্রতি নিট লাভ | ,প্রায় ১২০-১৫০ টাকা |
১২. উপসংহার:
পরিশেষে বলা যায়, ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি কেবল একটি কৃষি কাজ নয়, এটি বর্তমান সময়ের অন্যতম লাভজনক এবং সম্মানজনক একটি ব্যবসায়িক উদ্যোগ। আমরা এই আর্টিকেলে ধাপে ধাপে খামার নির্মাণ থেকে শুরু করে বীজ বপন এবং বিপণনের যে “কৃষি সূত্র” গুলো আলোচনা করেছি, তা সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব অল্প পুঁজিতেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. ঝিনুক মাশরুম চাষ করতে কত দিন সময় লাগে?
উত্তর: ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি-তে সম্পূর্ণ উৎপাদন চক্র প্রায় ৬০ দিনের হয়। তবে বীজ বপনের ১৫-২০ দিনের মধ্যেই মাশরুম বের হতে শুরু করে।
২. ১ কেজি খড়ে কতটুকু মাশরুম পাওয়া যায়?
উত্তর: সঠিক পরিচর্যা ও উন্নত বীজ ব্যবহার করলে ১ কেজি শুকনো খড় থেকে প্রায় ১.৫ থেকে ২ কেজি তাজা মাশরুম উৎপাদন সম্ভব।
৩. মাশরুম চাষে সবথেকে বড় ঝুঁকি কী?
উত্তর: মাশরুম চাষে প্রধান ঝুঁকি হলো সংক্রমণ বা রোগবালাই। খড় ঠিকমতো জীবাণুমুক্ত না করলে এবং পরিচ্ছন্নতা বজায় না রাখলে ফলন নষ্ট হতে পারে।
৪. গরমে কি ঝিনুক মাশরুম চাষ করা যায়?
উত্তর: হ্যাঁ, যায়। তবে গরমে ঘরের তাপমাত্রা ২০-৩০°C এর মধ্যে রাখতে হবে এবং মেঝেতে ভিজে বালু বিছিয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে।
১৪. তথ্য সুত্র (sources)
- পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি (Penn State University, USA)
- ইন্টারন্যাশনাল সোসাইটি ফর মাশরুম সায়েন্স (International Society for Mushroom Science – ISMS)
- মাশরুমের পুষ্টিগুণ এর জন্যে জাতিসংঘের স্বীকৃত সংস্থা ফাও (FAO – Food and Agriculture Organization)
- জাতীয় মাশরুম গবেষণা কেন্দ্র (ICAR-Directorate of Mushroom Research – DMR) হিমাচল প্রদেশ, ভারত সরকার ।
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ (ICAR-IIHR) ভারত সরকার ।










