
বাঙালির মৎস্যপ্রেমের তালিকায় পাবদা মাছ একটি অত্যন্ত উচ্চমূল্যযুক্ত, সুস্বাদু ও জনপ্রিয় মিষ্টি জলের মাছ। অতুলনীয় স্বাদ-গন্ধ এবং স্বল্প কাঁটাযুক্ত হওয়ায় বাজারে এর চাহিদা অপরিসীম। পূর্বে আমাদের খাল-বিল, নদী-নালা প্রভৃতি মিষ্টি জলের বড় বড় জলাশয়ে এই মাছটি প্রচুর পরিমাণে পাওয়া যেত। কিন্তু বর্তমানে জলদূষণ, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং প্রজনন স্থানের অভাবের কারণে প্রাকৃতিক অভয়ারণ্য নষ্ট হয়ে এই দেশীয় মাছটি আজ বিলুপ্তির পথে।
এই পরিস্থিতিতে মৎস্য দপ্তরগুলির বিশেষ উৎসাহে দেশের যুব সমাজ আজ উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে সফলভাবে পুকুরে পাবদা মাছ চাষ পদ্ধতি এবং বায়োফ্লক বা ট্যাংকে পাবদা মাছ চাষ পদ্ধতি অবলম্বন করে স্বাবলম্বী হচ্ছে।
পাবদা মাছের পুষ্টিগুণ ও বৈশিষ্ট্য
পাবদা মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন B12, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ প্রয়োজনীয় পুষ্টির একটি দারুণ উৎস। প্রতি ১০০ গ্রাম পাবদা মাছে প্রায় ১৯ গ্রাম উন্নত মানের প্রোটিন থাকে, যা মানুষের পেশী টিস্যু তৈরি ও মেরামতের জন্য অত্যন্ত কার্যকরী। পাবদা মাছ চাষ পদ্ধতি জানার আগে বৈশিষ্ট্য গুলি জেনে নিন:
- বিজ্ঞানসম্মত নাম: Ompok pabda (ওমপোক পাবদা)। এটি সিলুরিডি (Siluridae) পরিবারের একটি ক্যাটফিশ প্রজাতির মাছ।
- শারীরিক গঠন: চেপ্টা মাথা ও লম্বাটে শরীরের এই মাছটি সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে গড় ১৫-২০ সেন্টিমিটার এবং গড় ওজন ৭০-৮০ গ্রাম হলেই এটি বাজারের উপযোগী হয়ে ওঠে।
- স্বভাব: পাবদা একটি নিশাচর মাছ, অর্থাৎ এরা রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং খাদ্য গ্রহণ করে। এরা অত্যন্ত শক্ত প্রকৃতির এবং এদের প্রজনন হার খুব বেশি (একসাথে প্রায় ৪,০০০ ডিম দিতে পারে)।
পাবদা মাছ চাষের জন্য জলের আদর্শ গুণাগুণ
পাবদা মাছ চাষ পদ্ধতি-তে সফল হতে গেলে জলের পরিবেশ সঠিক রাখা জরুরি। নিচে এর আদর্শ পরিমাপ টেবিল আকারে দেওয়া হলো:
| জলের উপাদানসমূহ | আদর্শ মান / পরিমাপ |
|---|---|
| জলের তাপমাত্রা | ২৮ – ৩২ ডিগ্রী সেন্টিগ্রেড |
| দ্রবীভূত অক্সিজেন (DO) | ৪ – ৫ মিলি গ্রাম / লিটার |
| জলের ক্ষারকীয়তা (Alkalinity) | ১২০ – ১৫০ মিলি গ্রাম / লিটার |
১. পাবদা মাছের প্রজনন ও প্রজননক্ষম মাছের পরিচর্যা
পাবদা মাছের প্রজনন স্বাভাবিক এবং কৃত্রিম বা প্রণোদিত—দুইভাবেই করা হয়ে থাকে।
ক) স্বাভাবিক প্রজনন ও পুকুর প্রস্তুতি
স্বাভাবিক প্রজননের জন্য প্রথমে ২ থেকে ৫ কাঠা আয়তনের এবং ১ থেকে ১.৫ মিটার গভীরতার পুকুর নির্বাচন করতে হবে। পুকুর প্রস্তুতির ধাপগুলি নিম্নরূপ:
- ১. পুকুর উর্বরকরণ: পুকুরের পাড় মেরামত, পাঁক ও আগাছা পরিষ্কারের পর কাঠা প্রতি ২ কেজি চুন দিতে হবে। চুন দেওয়ার ৩-৪ দিন পর শতক বা ডেসিমেল প্রতি ১৫-২০ কেজি গোবর প্রয়োগ করলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়।
- ২. আশ্রয়স্থল তৈরি: পুকুরে কিছু কচুরীপানা এবং ধারের দিকে কলমী শাক লাগালে পাবদা মাছের প্রাকৃতিক বাসস্থান ও পোকা-মাকড়ের আশ্রয় তৈরি হয়, যা মাছের প্রাকৃতিক খাদ্য সরবরাহ করে।
- ৩. পরিপক্কতা আনা: প্রজননক্ষম মাছের দ্রুত পরিপক্কতার জন্য মুরগির সেদ্ধ করা নাড়িভুঁড়ি মাছের মোট ওজনের ৫-১০ শতাংশ হারে দেওয়া যেতে পারে। তবে এর ফলে জলের দূষিত হওয়ার সম্ভাবনা থাকায় ৫০-১০০ শতাংশ জলের পরিবর্তন করা বাঞ্ছনীয়। এছাড়া বাণিজ্যিক ও উন্নত মানের ভাসমান ফিশ ফিড (Floating Fish Feed) ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
আড়ও দেখুন গলদা চিংড়ি চাষের আধুনিক পদ্ধতি: চারা মজুত থেকে রোগ বালাই দমন
খ) প্রজননক্ষম ব্রুড মাছ সংগ্রহ ও বাছাই
পাবদা মাছ চাষ পদ্ধতি-তে সাধারণত ১১-১২ মাস বয়সে পাবদা মাছ প্রজননক্ষম হয়ে ওঠে। এই সময় এদের গড় ওজন ৩০ থেকে ৫০ গ্রাম হয়। এরা বছরে সাধারণত একবারই বর্ষাকালে (জুন থেকে আগস্ট) ডিম পাড়ে, তবে জুলাই মাসে প্রজনন সর্বোচ্চ হয়।
পুরুষ ও স্ত্রী পাবদা চেনার উপায়:
- স্ত্রী মাছ: প্রজনন ঋতুতে স্ত্রী মাছের পেট স্ফীত, নরম ও ডিমভর্তি থাকে। সামান্য চাপ দিলেই ডিম বেরিয়ে আসে। এদের রেচন-জনন ছিদ্রটি লাল, ফোলা ও গোলাকার হয়।
- পুরুষ মাছ: পুরুষ মাছ আকারে স্ত্রী মাছের চেয়ে কিছুটা ছোট হয়। এদের পেট চাপা থাকে এবং রেচন-জনন ছিদ্রটি লম্বাটে হয়। স্ত্রী মাছের বক্ষ পাখনার কাঁটা পুরুষের তুলনায় কম খাঁজকাটা থাকে।
গ) ব্রুড মাছ প্রতিপালন ও মজুত ঘনত্ব
পাবদা মাছ চাষ পদ্ধতি-তে গুণগত মানসম্পন্ন চারা উৎপাদনের জন্য প্রজনন ঋতুর ৪-৫ মাস আগে থেকেই মা ও বাবা (ব্রুড) মাছগুলিকে আলাদাভাবে ভালো খাবার দিতে হবে। খাবারের তালিকায় ৪০ ভাগ চালের কুঁড়ো, ৩০ ভাগ সরষের খোল এবং ৩০ ভাগ ফিস মিলের মিশ্রণ দিয়ে তৈরি খাবার (যাতে ৩০-৩৫% প্রোটিন এবং ১% ফ্যাট থাকে) মোট ওজনের ৩-৫% হারে দিনে দুবার দিতে হবে।
পুকুরে ব্রুড মাছের মজুত ঘনত্ব প্রতি শতকে ৫০-৭০ গ্রাম ওজনের ৫০-৬০টি মাছ সুস্থ ও সবল পুরুষ এবং স্ত্রী মাছ ১:১ অনুপাতে মজুত করতে হবে। মজুত ঘনত্ব বেশি হলে মাছ আঘাতপ্রাপ্ত হতে পারে।
২. পাবদা মাছের পোনা উৎপাদন পদ্ধতি (প্রণোদিত প্রজনন)
পাবদা মাছের পোনা উৎপাদন পদ্ধতি সফল করতে কৃত্রিম বা প্রণোদিত প্রজনন অত্যন্ত কার্যকরী। এতে হরমোন ইনজেকশন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে ডিম ও শুক্রাণু সংগ্রহ করা হয়।
ক) হরমোন বা ইনজেকশন প্রয়োগের মাত্রা
প্রজননের জন্য স্ত্রী ও পুরুষ মাছকে ১:১ অনুপাতে বাছাই করতে হবে। ইনজেকশন প্রয়োগের সঠিক মাত্রা নিচে দেওয়া হলো:
| ব্যবহৃত ঔষধ / হরমোন | স্ত্রী মাছের মাত্রা (প্রতি কেজি ওজনে) | পুরুষ মাছের মাত্রা (প্রতি কেজি ওজনে) |
|---|---|---|
| ওভাপ্রিম (Ovaprim) | ১.৫ – ২ মিলি | ০.৫ – ১ মিলি |
| পিট্যুইটারি নির্যাস (PG) | ১৮ মিগ্রা | ১২ মিগ্রা |
প্রয়োগ পদ্ধতি: ইনসুলিন সিরিঞ্জের সাহায্যে বক্ষ পাখনার গোড়ায় বা পৃষ্ঠ পাখনার নিচে ৪৫ ডিগ্রি কোণে ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দেওয়ার সময় মাছের মাথা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে নিতে হয়।
খ) ডিম সংগ্রহ ও নিষেক প্রক্রিয়া
- ১. ইনজেকশন দেওয়ার পর মাছগুলোকে ছায়াযুক্ত ও জলজ উদ্ভিদযুক্ত চৌবাচ্চায় রাখতে হবে। কৃত্রিম ফোয়ারা বা ঝরনার ব্যবস্থা করলে প্রজনন প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
- ২. ৮-১০ ঘণ্টা পর স্ত্রী মাছের পেটে আলতো চাপ দিয়ে পরিষ্কার এনামেল বা প্লাস্টিক ট্রেতে ডিম সংগ্রহ করতে হবে।
- ৩. সাথে সাথেই পুরুষ মাছের পেট কেটে শুক্রাশয় বের করে তার নির্যাস ডিমের ওপর ছড়িয়ে দিতে হবে। উল্লেখ্য, শুক্রাণু সংগ্রহের জন্য পুরুষ মাছটিকে মেরে ফেলতে হয়। ৪. ০.৯ শতাংশ সাধারণ লবণের দ্রবণ ব্যবহার করে পাখির পালকের সাহায্যে ডিম ও শুক্রাণু মেশালে নিষেকের হার বাড়ে।
গ) হ্যাচারি ও লার্ভা ব্যবস্থাপনা
নিষিক্ত ডিমগুলো এ্যারেটর যুক্ত হ্যাচারিতে হাপার মধ্যে বা প্লাস্টিক চালুনির ওপর রাখতে হবে। প্রায় ২৪ ঘণ্টা পর চালুনির ছিদ্র দিয়ে ‘হ্যাচলিং’ বা পোনা বেরিয়ে আসে। হ্যাচারিতে জলের প্রবাহ সচল রাখতে হবে যাতে ময়লা জল বেরিয়ে যেতে পারে।
৩. পাবদা মাছের খাদ্য ব্যবস্থাপনা ও লার্ভা পরিচর্যা
পাবদা মাছের পোনা উৎপাদন পদ্ধতি-তে পাবদা মাছের লার্ভা বা রেনু পোনার সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে পাবদা মাছের খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- লার্ভার প্রথম খাবার: হ্যাচলিং-এর ১ দিন বয়সেই মুখছিদ্র খুলে যায়। যেহেতু এরা স্বগোত্রভোজী (একে অপরকে খেয়ে ফেলে), তাই প্রতি ৩-৪ ঘণ্টা অন্তর লার্ভার মোট ওজনের ২৫ শতাংশ হারে মিক্সিতে পেস্ট করা টিউবিফেক্স বা শুষ্ক রেশম গুটির গুঁড়ো দিতে হবে।
- আঁতুড় পুকুরে স্থানান্তর: লার্ভাগুলো বড় হয়ে যখন প্রায় ১ ইঞ্চি সাইজের হবে (১০-১২ দিন পর), তখন সেগুলোকে নার্সারি বা আঁতুড় পুকুরে ছাড়তে হবে।
৪. পুকুরে পাবদা মাছ চাষ পদ্ধতি
পুকুরে পাবদা মাছের ডিমপোনা, ধানীপোনা ও চারাপোনার পরিচর্যার নিচে এর বিস্তারিত তথ্য দেওয়া হলো:
ক) নার্সারি পুকুরে পাবদা ডিমপোনা চাষ
পুকুরে পাবদা মাছ চাষ পদ্ধতি-তে ২ থেকে ৩ কাঠা আয়তনের নতুন জলের পুকুর ডিমপোনা চাষের জন্য আদর্শ।
- পুকুর প্রস্তুতি: প্রতি শতকে ২০ কেজি গোবর, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম সুপার ফসফেট ও ১০ গ্রাম পটাশ ব্যবহার করে প্রাকৃতিক খাদ্য বা প্ল্যাঙ্কটন তৈরি করতে হবে।
- মজুত ঘনত্ব: প্রতি শতকে ৮-১০ মিলিমিটার আকারের ৫০০ থেকে ৬৫০টি ডিমপোনা ছাড়া যায়।
- খাদ্য: ১:১ হারে চালের কুঁড়ো ও শুটকি মাছের গুঁড়ো মিশিয়ে মোট ওজনের ২০ শতাংশ হারে দিনে দুবার খাবার দিতে হবে। পাবদা রাতে খেতে পছন্দ করে বলে রাতে বেশি খাবার দিতে হবে। ১৫ দিন পর ধানী পোনা সংগ্রহ করে পালন পুকুরে ছাড়তে হবে।
খ) রেয়ারিং বা পালন পুকুরে ধানী পোনা চাষ
এই পুকুর ২-৫ কাঠা আয়তনের হওয়া ভালো।
- মজুত ঘনত্ব: প্রতি কাঠায় ৩০০-৪০০টি ধানীপোনা (১-২ সেমি) ছাড়া হয়।
- খাদ্য: মাছের ওজনের ১০-১২ শতাংশ হারে ৩০ শতাংশ প্রোটিনযুক্ত খাবার (চালের গুঁড়ো, সরষে খোল ও ফিস মিল) দিতে হবে। ৩-৪ মাস পর মাছ ৩-৫ গ্রাম ওজনের হলে মজুত পুকুরে ছাড়তে হবে।
গ) পাবদা স্টকিং বা মজুত পুকুর (বাজারজাতকরণ পর্যায়)
মজুত পুকুরের আয়তন ১০-১২ কাঠা বা তার বেশি হতে পারে এবং পানির গভীরতা ১-১.৫ মিটার হওয়া প্রয়োজন।
| বিষয় | বিবরণ ও পদ্ধতি |
|---|---|
| মজুত ঘনত্ব | প্রতি কাঠায় ২০০-২৫০টি পোনা মজুত করা যায়। তবে এ্যারেটর থাকলে মজুত সংখ্যা আরও বাড়ানো সম্ভব। |
| পাবদা মাছের খাদ্য ব্যবস্থাপনা | ৩৫ শতাংশ প্রোটিনযুক্ত খাবার (সিদ্ধ নাড়িভুঁড়ি, সরষে খোল বা বাণিজ্যিক ভাসমান ফিড) মোট ওজনের ১০ শতাংশ হারে দিতে হবে। |
| জলের যত্ন | জলের গুণাগুণ বজায় রাখতে মাসে একবার প্রতি কাঠায় ৬০ গ্রাম পটাশিয়াম পারমেঙ্গানেট এবং ১৫০-২০০ গ্রাম লবণ ব্যবহার করা উচিত। এতে অ্যামোনিয়া কমবে এবং ক্ষত রোগ হবে না। |
৫. ট্যাংকে পাবদা মাছ চাষ পদ্ধতি
পুকুরের পাশাপাশি বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে সিমেন্টের ট্যাংক বা বড় প্লাস্টিক ট্যাংকেও পাবদা চাষ করা যাচ্ছে।
- সুবিধা: ট্যাংকে জলের গুণাগুণ নিয়ন্ত্রণ করা সহজ এবং কম জায়গায় বেশি মাছ উৎপাদন করা যায়।
- পদ্ধতি: ট্যাংকে প্রতিনিয়ত এ্যারেটর ব্যবহার করে অক্সিজেনের মাত্রা ৫ মিলিগ্রাম/লিটারের উপরে রাখতে হয়। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে গুণগত মানের ভাসমান ফিশ ফিড ব্যবহার করলে দ্রুত ওজন বাড়ে।
আড়ও দেখুন বায়োফ্লক মাছ চাষ পদ্ধতি: আধুনিক ব্যবসায়িক গাইড ও সরকারি লোন পাওয়ার নিয়ম
৬. বাজারজাতকরণ ও আয়
পাবদা মাছ দ্রুত বর্ধনশীল। পাবদা মাছ চাষ পদ্ধতি মেনে পুকুর বা ট্যাংকে সঠিক পরিচর্যা করলে এক বছরে মাছের ওজন ৬০-৮০ গ্রাম হয়, যা বাজারজাত করার জন্য উপযুক্ত সময়। উচ্চ পুষ্টিমান এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় বাজারে এই মাছের দাম ও চাহিদা দুই-ই বেশি থাকে।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
১. প্রশ্ন: পাবদা মাছ কোথায় চাষ হয়?
উত্তর: পাবদা মাছ চাষ পদ্ধতি মূলত যেকোনো সাধারণ বা বাণিজ্যিক মিষ্টি পানির পুকুরে সফলভাবে চাষ করা হয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে বাড়ির আঙিনায় বায়োফ্লক বা বড় সিমেন্টের ট্যাংকেও এই মাছ সহজে চাষ করা যায়।
২. প্রশ্ন: পাবদা মাছ চেনার উপায় কী?
উত্তর: এই মাছের প্রধান বৈশিষ্ট্য হলো এদের শরীর আঁশহীন, মাথা চ্যাপ্টা এবং মুখের কাছে লম্বা গোঁফ থাকে। এদের পিঠের দিকটা সাধারণত ঈষৎ কালচে-ধূসর এবং পেটের দিকটা উজ্জ্বল রুপোলি সাদা রঙের হয়।
৩. প্রশ্ন: পাবদা মাছ চাষে পুকুরে গভীরতা কত প্রয়োজন?
উত্তর: পাবদা মাছ চাষের জন্য পুকুরে খুব বেশি গভীর পানির প্রয়োজন হয় না। পোনা উৎপাদন ও বাণিজ্যিক চাষের জন্য পানির গভীরতা ১ থেকে ১.৫ মিটার (৩ থেকে ৫ ফুট) রাখা বাঞ্ছনীয়।
তথ্য সূত্র
- মৎস বিভাগ পশ্চিমবঙ্গ।
- বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট (BFRI)।










