
বর্তমান সময়ে কৃষকদের আয় দ্বিগুণ করতে এবং ফসলের সঠিক দাম পেতে কৃষক উৎপাদক সংস্থা বা Farmers Producer Organization (FPO) গঠন করা একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় ও সমবায় বিভাগের ২০১৩ সালের নির্দেশিকা অনুযায়ী FPO গঠন ও কার্যাবলী গাইড একটি টেকসই ব্যবসায়িক মডেল।
FPO গঠন ও কার্যাবলী
কৃষক উৎপাদক সংস্থা বা FPO হলো কৃষকদের নিজেদের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে তারা নিজেরাই মালিক এবং সিদ্ধান্ত গ্রহণকারী। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের একত্রিত করে তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করাই এর মূল কাজ।
- এটি কৃষক, দুগ্ধ উৎপাদক বা প্রাথমিক উৎপাদকদের নিয়ে গঠিত হয়।
- এর মূল লক্ষ্য সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মুনাফা নিশ্চিত করা।
- কৃষকদের সংগঠিত করা বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় আধুনিক কৃষি ও যন্ত্রাংশের ব্যাবহার বৃদ্ধি করা।
- উৎপাদিত পণ্য কে একত্রিত করণ করে মূল্যসংযোজন করে সঠিক মূল্যে বিক্রয় করা।
- কৃষকদের আধুনিক কৃষি প্রশিক্ষণ ও সরকারের কৃষি প্রকল্প গুলির পূর্ণ সুবিধা গ্রহণ করা।
- খরচ কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি ও বিক্রির নির্দিষ্ট সময়ের পরিকল্পনা করা।
- এফপিও-কে একটি পেশাদার ও টেকসই ব্যবসা হিসেবে পরিচালিত হতে হয়।
১০,০০০ FPO স্কিম এবং FPC নিবন্ধনের প্রয়োজনীয়তা
কেন্দ্রীয় সরকারের ১০,০০০ FPO স্কিমের আওতায় আসতে হলে সংগঠনটিকে FPC ( Farmer Producer Company ) হিসেবে নিবন্ধিত হতে হয়। এই স্কিমের মাধ্যমে একটি সংগঠন ৩ বছরে ১৮ লক্ষ টাকা পর্যন্ত অনুদান এবং প্রশিক্ষণের সুযোগ পেতে পারে।
- এই সুবিধা পেতে নাৰাৰ্ড (NABARD), স্থানীয় কৃষি অফিস, KVK বা সিবিবিও (CBBO)-এর সাথে যোগাযোগ করতে হবে।
- সমতলের জন্য ৩০০ এবং পাহাড়ি এলাকার জন্য ১০০ জন সদস্য থাকা বাধ্যতামূলক।
- সদস্যদের থেকে ৫০০-১০০০ টাকা শেয়ার নিয়ে ব্যাংকে ৫ লক্ষ টাকা জমা থাকলে তবেই বড় অংকের সরকারি সুবিধা পাওয়া যায়।
বি:দ্র: Farmers Producer Company (FPC) গঠন ,কার্যাবলী, ফান্ড, ব্যবসা পরিকল্পনা ও অনলাইনে রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত তথ্যপূর্ণ পোস্ট ও PDF পেতে কৃষি সূত্র সাইটে লক্ষ্য রাখুন।
আগে FPO খুলে পরে FPC রেজিস্টার করার কৌশল
সরাসরি FPC (কোম্পানি অ্যাক্ট) করলে শুরুতে আইনি জটিলতা ও মেম্বার সংখ্যা পূরণ করা কঠিন হতে পারে, তাই শুরুতে সমবায় বা ছোট গ্রুপ হিসেবে FPO শুরু করা বুদ্ধিমানের কাজ। এতে আইনি ঝামেলা ছাড়াই মেম্বার বাড়ানো এবং তাদের শেয়ারের টাকা সংগ্রহ করা সহজ হয়।
- শুরুতে ছোট ছোট FIG (যেমন: ১০-১৫ জনের ছোট দল) তৈরি করে সদস্য সংখ্যা বাড়াতে হবে।
- এই পর্যায়ে কৃষি বিভাগ থেকে বিভিন্ন কারিগরি সহায়তা ও ছোটখাটো উপকরণ সুবিধা পাওয়া যায়।
- পরবর্তীতে মেম্বার ও ফান্ড তৈরি হয়ে গেলে সরাসরি FPC-তে মাইগ্রেট করলে প্রথম চান্সেই সরকারি ১৮ লক্ষ টাকার স্কিমে আসার সুযোগ বেড়ে যায়।
আড়ও দেখুন আনন্দধারা Producer Group (PG) গঠন পদ্ধতি: ২০২৬ সালের সম্পূর্ণ গাইডলাইন
FPO (সমবায়) ও FPC (কোম্পানি) এর মধ্যে পার্থক্য
Farmers Producer organization (FPO) এবং FPC-এর মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের আইনি কাঠামো এবং পরিচালনার ধরণ। সমবায় মূলত সামাজিক ও গণতান্ত্রিকভাবে চলে, অন্যদিকে FPC একটি বেসরকারি লিমিটেড কোম্পানির মতো পেশাদারভাবে কাজ করে।
- নিবন্ধন খরচ: একটি সাধারণ FPO (সমবায়) নিবন্ধন খরচ তুলনামূলক কম, কিন্তু একটি পূর্ণাঙ্গ FPC নিবন্ধন করতে প্রায় ৩৭,৫০০ টাকা লাগে।
- পরিচালনা: সমবায়ের নিয়ন্ত্রণে থাকে রাজ্যের সমবায় দপ্তর, আর FPC নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় (MCA) দ্বারা।
কেন FPO রেজিস্ট্রেশন করবেন এবং এর লাভ কী?
একটি কৃষক উৎপাদক সংস্থা (FPO) রেজিস্ট্রেশন করা মানে হলো একতা ও ব্যবসার শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা। ব্যক্তিগতভাবে চাষ করার চেয়ে দলগতভাবে চাষ করলে একজন কৃষক অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন।
FPO নিবন্ধনের প্রধান লাভ ও সুবিধাসমূহ:
- ১. মধ্যস্বত্বভোগীদের (দালাল) দাপট বন্ধ: ব্যক্তিগতভাবে চাষ করলে ফড়িয়া বা দালালদের কাছে কম দামে ফসল বিক্রি করতে হয়। কিন্তু FPO থাকলে আপনারা সরাসরি বড় কোম্পানি বা পাইকারি বাজারে ফসল বিক্রি করতে পারবেন, ফলে সঠিক দাম পাওয়া নিশ্চিত হয়।
- ২. কম খরচে সার ও বীজ: সংগঠন হিসেবে একসাথে অনেক সার, বীজ বা কৃষি সরঞ্জাম কিনলে অনেক বেশি কমিশন বা ছাড় পাওয়া যায়। এতে চাষের খরচ অনেকটা কমে আসে।
- ৩. আধুনিক যন্ত্রপাতির সুবিধা: ড্রোন, ট্রাক্টর বা বড় হারভেস্টার মেশিন ব্যক্তিগতভাবে কেনা কঠিন। কিন্তু নিবন্ধিত FPO হলে সরকারি ভর্তুকি নিয়ে এই আধুনিক যন্ত্রগুলো সংগঠনের জন্য কেনা যায়।
- ৪. সরাসরি প্রশিক্ষণ ও তথ্য: নাবার্ড (NABARD), কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) বা সিবিবিও (CBBO)-এর মতো সংস্থাগুলো নিবন্ধিত FPO-কে সরাসরি আধুনিক চাষাবাদ ও ব্যবসার প্রশিক্ষণ দিয়ে থাকে।
- ৫. ব্যাংকিং ও লোনের সুবিধা: নিবন্ধিত আইনি সত্তা হওয়ার কারণে ব্যাংক থেকে খুব সহজে এবং কম সুদে ঋণ পাওয়া যায়, যা ব্যক্তিগত কৃষকের পক্ষে অনেক সময় অসম্ভব হয়।
- ৬. সরকারি ১৮ লক্ষ টাকার অনুদান: আপনি যদি সমবায় FPO থেকে পরবর্তীতে FPC হিসেবে নিবন্ধিত হন বা শুরুতেই FPC হিসেবে নিবন্ধিত করতে পারেন, তবে ভারত সরকারের ১০,০০০ এফপিও স্কিমের আওতায় ৩ বছরে ১৮ লক্ষ টাকা পর্যন্ত অনুদান (Equity Grant) পেতে পারেন। যা দিয়ে ব্যবসার মূলধন তৈরি করা সম্ভব।
FPO গঠন ও কার্যাবলী গাইড: সমবায়ের আদর্শ ও আইনি ভিত্তি
একটি শক্তিশালী Farmers Producer organization (FPO) গড়ে তুলতে গেলে সমবায়ের মূল আদর্শগুলো জানা খুব জরুরি। এটি কেবল একটি দল নয়, বরং এটি সদস্যদের দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান।
আড়ও দেখুন লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) বা জীবিকা পরিষেবা কেন্দ্র গাইডলাইন
সমবায় এফপিও (Cooperative FPO) কী?
সহজ কথায়, যে কৃষক সংগঠনটি সরকারি সমবায় আইনের অধীনে নিবন্ধিত, তাকেই সমবায় এফপিও বলা হয়। এটি মূলত কৃষকদের নিজেদের কল্যাণে গঠিত একটি আইনি কাঠামো।
রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সমবায় সমিতি আইনের (Cooperative Societies Act) অধীনে এটি নিবন্ধিত হতে হয়।
এই সংগঠনের নামের শুরুতে অবশ্যই ‘কো-অপারেটিভ‘ বা ‘সমবায়‘ শব্দটি যুক্ত থাকতে হবে।
এটি সাধারণ অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একদল মানুষের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সমবায়ের মূলনীতিসমূহ
সমবায় Farmers Producer organization (FPO) র সাফল্য নির্ভর করে তার আদর্শের ওপর। এই নীতিগুলো মানলে সংগঠনের ভেতরে স্বচ্ছতা বজায় থাকে এবং সদস্যদের আস্থা বৃদ্ধি পায়।
- স্বেচ্ছাসেবী ও উন্মুক্ত সদস্যপদ: যেকোনো কৃষক স্বেচ্ছায় সদস্য হতে পারেন এবং সবার জন্য সুযোগ সমান।
- গণতান্ত্রিক নিয়ন্ত্রণ: সংগঠনের প্রতিটি সিদ্ধান্তে সদস্যদের মতামতের মূল্য থাকবে (এক সদস্য, এক ভোট)।
- অর্থনৈতিক অংশগ্রহণ: সদস্যরা সংগঠনের মূলধনে অংশ নেন এবং লাভের ভাগ পান।
- স্বায়ত্তশাসন ও প্রশিক্ষণ: সংগঠনটি স্বাধীনভাবে চলবে এবং সদস্যদের নিয়মিত আধুনিক চাষাবাদ ও ব্যবসার প্রশিক্ষণ দেবে।
কৃষক উৎপাদক সংস্থা রেজিস্ট্রেশন আইনি কাঠামো
ভারতে Farmers Producer organization (FPO) নিবন্ধনের জন্য দুটি প্রধান আইনি পথ রয়েছে। কাজের পরিধি অনুযায়ী এই আইনগুলো নির্বাচন করতে হয়।
- রাজ্য সমবায় সমিতি আইন: যদি সংগঠনের কাজ কেবল একটি রাজ্যের ভেতরে সীমাবদ্ধ থাকে (যেমন- পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় আইন)।
- মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট, ২০০২: যদি আপনার সংগঠনের কাজ একাধিক রাজ্যে (যেমন- পশ্চিমবঙ্গ এবং আসাম মিলিয়ে) বিস্তৃত করতে চান।
পূর্বশর্ত এবং প্রাথমিক পদক্ষেপসমূহ
Farmers Producer organization (FPO) রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সেরে নিতে হয়, যাতে পরবর্তীতে কোনো আইনি জটিলতা না আসে।
- সদস্য সংখ্যা: কমপক্ষে ১০ জন প্রাপ্তবয়স্ক সদস্য প্রয়োজন, তবে তারা যেন একই পরিবারের সদস্য না হন।
- প্রবর্তক গোষ্ঠী গঠন: কাজ শুরু করার জন্য একটি ‘প্রবর্তক গোষ্ঠী’ বা ‘অন্তর্বর্তীকালীন কমিটি’ গঠন করতে হবে যারা নিবন্ধনের দায়িত্ব নেবে।
- নাম নির্বাচন ও উপ-বিধি: সংগঠনের একটি অর্থবহ নাম ঠিক করতে হবে এবং পরিচালনার নিয়ম বা ‘বাই-ল’ (By-laws) তৈরি করতে হবে।
- শেয়ার মূলধন: নিবন্ধনের আগেই সদস্যদের থেকে প্রাথমিক শেয়ারের টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা করতে হবে।
FPO গঠন ও কার্যাবলী গাইড: শাসন কাঠামো ও পুঁজি গঠন
একটি সফল এফপিও পরিচালনার জন্য দরকার স্বচ্ছ শাসন ব্যবস্থা এবং মজবুত অর্থনৈতিক ভিত্তি। সঠিক পরিকল্পনা থাকলে সদস্যদের শেয়ারের টাকা থেকেই বড় ব্যবসার পুঁজি তৈরি করা সম্ভব।
FPO উপ-বিধি বা বাই-ল (By-laws) তৈরি
নিবন্ধনের আগে সমিতির নিজস্ব একটি ‘সংবিধান’ বা নিয়মাবলি তৈরি করতে হয়, যাকে উপ-বিধি বলা হয়। এটি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে।
- এটি সমবায় সমিতির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মূল ভিত্তি।
- এতে সংগঠনের নাম, ঠিকানা, কাজের এলাকা এবং সদস্যদের অধিকার ও দায়িত্বের কথা স্পষ্টভাবে লেখা থাকে।
- প্রতিটি উপ-বিধি সংশ্লিষ্ট রাজ্যের সমবায় আইনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।
শাসন কাঠামো
কৃষক উৎপাদক সংস্থা-টি যাতে কোনো একজনের মর্জিতে না চলে, তার জন্য একটি গণতান্ত্রিক শাসন কাঠামো থাকা জরুরি। এতে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়।
- সাধারণ সভা (General Body): এটিই সংগঠনের সর্বোচ্চ ক্ষমতা। সকল সদস্যকে নিয়ে এই সভা গঠিত হয় এবং বড় সিদ্ধান্তগুলো এখানেই নেওয়া হয়।
- পরিচালনা পর্ষদ (Board of Directors): দৈনন্দিন কাজ দেখাশোনার জন্য সাধারণ সভা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচিত করা হয়।
- অফিস বিয়ারার: পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান, সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়।
পুঁজি বা মূলধন গঠন
কৃষক উৎপাদক সংস্থা বা FPO এর ব্যবসার জন্য টাকা বা ফান্ডের প্রয়োজন হয়। এই ফান্ড মূলত সদস্যদের শেয়ার এবং সরকারি বিভিন্ন অনুদান থেকে আসে।
- শেয়ার মূলধন: সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ। ১০০০ টাকা বা তার বেশি মূল্যের শেয়ার বিক্রি করে বড় অংকের পুঁজি তৈরি করা যায়।
- ভর্তি ফি ও আমানত: সদস্যদের ভর্তির সময় নেওয়া ফি এবং তাদের গচ্ছিত আমানত।
- সরকারি ঋণ ও ভর্তুকি: নাবার্ড (NABARD) বা এনসিডিসি (NCDC) থেকে কম সুদে ঋণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অনুদান।
FPO রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
কৃষক উৎপাদক সংস্থা বা FPO রেজিস্ট্রেশন এর আবেদন করার সময় নথিপত্রগুলো একদম নির্ভুল হতে হবে, অন্যথায় আবেদন বাতিল হয়ে যেতে পারে।
- নির্ধারিত ফরমে ৪ কপি আবেদনপত্র এবং অনুমোদিত উপ-বিধির কপি।
- প্রবর্তক গোষ্ঠী ও সাধারণ সদস্যদের বিস্তারিত তালিকা (নাম, ভোটার কার্ড বা আধার কার্ডের তথ্যসহ)।
- সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের সভার কার্যবিবরণী (Minutes)।
- ব্যাংক থেকে পাওয়া শেয়ার মূলধন জমার শংসাপত্র (Certificate)।
FPO গঠন ও কার্যাবলী গাইড: নিবন্ধন প্রক্রিয়া ও আইনি ক্ষমতা
নিবন্ধনের আবেদন জমা দেওয়া থেকে শুরু করে একটি স্বাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমেই এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। প্রতিটি ধাপ আইনসম্মতভাবে সম্পন্ন করলে সংগঠনের ভবিষ্যৎ নিরাপদ থাকে।
আবেদন জমা দেওয়া
সব নথিপত্র প্রস্তুত হয়ে গেলে তা সঠিক দপ্তরে জমা দিতে হয়। এটিই হলো আপনার সংগঠনের আইনি স্বীকৃতির প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ।
- আবেদনটি সমবায় সমিতির নিবন্ধক (Registrar of Cooperative Societies – RCS) অথবা তার অনুমোদিত অফিসারের কাছে জমা দিতে হবে।
- সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় আইন অনুযায়ী নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করতে হবে।
নিবন্ধক কর্তৃক যাচাই ও অনুমোদন
আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকরা আপনার দেওয়া তথ্য ও নিয়মাবলি খতিয়ে দেখেন। কোনো ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ দেওয়া হয়।
নিবন্ধক আপনার উপ-বিধি (By-laws) পরীক্ষা করে দেখেন যে তা সমবায় আইনের সাথে সঙ্গতিপূর্ণ কি না।
সন্তুষ্ট হলে নিবন্ধক একটি ‘নিবন্ধন শংসাপত্র’ (Registration Certificate) এবং একটি অনন্য ‘নিবন্ধন নম্বর‘ প্রদান করেন।
আড়ও দেখুন প্রডিউসার গ্রুপের (Bye Laws) উপবিধি খসড়া: গঠন ও পরিচালনার পূর্ণাঙ্গ নির্দেশিকা
নিবন্ধন-পরবর্তী আনুষ্ঠানিকতাসমূহ
সার্টিফিকেট পাওয়ার মানেই কাজ শেষ নয়; বরং একটি আইনসম্মত ব্যবসা শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সভা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
- প্রথম সাধারণ সভা: নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সকল সদস্যদের নিয়ে প্রথম সভা করতে হয় এবং নিয়মিত পরিচালনা পর্ষদ নির্বাচন করতে হয়।
- অডিটর নিয়োগ ও ব্যাংক অ্যাকাউন্ট: বার্ষিক হিসাব পরীক্ষার জন্য অডিটর নিয়োগ করতে হবে এবং অস্থায়ী অ্যাকাউন্ট থেকে টাকা স্থায়ী ব্যবসায়িক অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে।
আইনি সত্তা ও ক্ষমতা
কৃষক উৎপাদক সংস্থা বা FPO রেজিস্ট্রেশন হওয়ার পর এফপিও একটি স্বাধীন আইনি সত্তা বা ‘বডি কর্পোরেট’ হিসেবে কাজ করার ক্ষমতা পায়। এর ফলে সংগঠনটি চিরস্থায়ী মর্যাদা লাভ করে।
- স্থায়ী উত্তরাধিকার: সদস্যদের পরিবর্তন হলেও সংগঠনের অস্তিত্ব বিলীন হয় না।
- নিজস্ব সিল ও মোহর: সংগঠনটি নিজস্ব সিল (Common Seal) ব্যবহার করে যেকোনো আইনি চুক্তি বা ব্যবসায়িক লেনদেন করতে পারে।
- সম্পত্তি ও মামলা: সংগঠনটি নিজস্ব নামে জমি বা সম্পত্তি কিনতে পারে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ বা মোকাবিলা করতে পারে।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. FPO কি ?
উত্তর: FPO-এর পূর্ণরূপ হলো Farmers Producer Organization বা কৃষক উৎপাদক সংগঠন। এটি মূলত একদল কৃষকের দ্বারা গঠিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে কৃষকরাই মালিক এবং তারাই সংগঠনের লভ্যাংশ ভোগ করেন।
২. FPO কেন গঠন করা প্রয়োজন?
উত্তর: এককভাবে চাষ করার চেয়ে দলগতভাবে চাষ করলে বীজ ও সারের খরচ কমে এবং সরাসরি বড় বাজারে ফসল বিক্রি করে সঠিক দাম পাওয়া নিশ্চিত হয়। এছাড়া সরকারি বিভিন্ন অনুদান ও আধুনিক যন্ত্রপাতি পাওয়ার জন্য FPO গঠন করা জরুরি।
৩. সমবায় FPO হতে গেলে ন্যূনতম কতজন সদস্য লাগে?
উত্তর: সমবায় আইনের অধীনে একটি কৃষক উৎপাদক সংস্থা বা FPO গঠন করতে কমপক্ষে ১০ জন প্রাপ্তবয়স্ক সদস্য প্রয়োজন। তবে মনে রাখবেন, এই ১০ জন সদস্য যেন একই পরিবারের না হন।
৪. সমবায় FPO গঠন করতে ন্যূনতম কতজন সদস্য লাগে?
উত্তর: সমবায় আইনের অধীনে একটি FPO গঠন করতে কমপক্ষে ১০ জন প্রাপ্তবয়স্ক সদস্য প্রয়োজন, যারা একই পরিবারের সদস্য নন।
৫. সমবায় FPO-র নিবন্ধনের প্রধান সুবিধা কী?
উত্তর: সমবায় FPO নিবন্ধিত হলে এটি একটি স্বাধীন আইনি সত্তা হিসেবে কাজ করতে পারে। এটি নিজস্ব নামে সম্পত্তি কেনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সরকারি বিভিন্ন প্রকল্পের বীজ, সার ও যন্ত্রপাতিতে ছাড় পাওয়ার যোগ্য হয়।
৬. সমবায় FPO ও FPC-এর মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর: সমবায় FPO রাজ্য সমবায় আইনের অধীনে চলে এবং এর নিবন্ধন খরচ কম। অন্যদিকে FPC কোম্পানি আইনের অধীনে চলে এবং এর গঠন ব্যয়বহুল হলেও এটি ১০,০০০ এফপিও স্কিমের ১৮ লক্ষ টাকার অনুদান পাওয়ার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পায়।
তথ্য সূত্র
- ১. National Cooperative Development Corporation (NCDC): সমবায় এফপিও (Cooperative FPO) গঠন ও নিবন্ধনের মূল নির্দেশিকা এখান থেকে নেওয়া হয়েছে।
- ২. ১০,০০০ এফপিও গঠন ও প্রমোশন স্কিম (SFAC): কেন্দ্রীয় সরকারের ১০ হাজার এফপিও তৈরির নির্দেশিকা ও অনুদান সংক্রান্ত তথ্যের জন্য।
- ৩. NABARD (National Bank for Agriculture and Rural Development): এফপিও-র প্রশিক্ষণ, রিফাইনান্স এবং আর্থিক সহায়তার মূল উৎস।










