
ভারত সরকারের গ্রামীণ বিকাশ মন্ত্রক (Ministry of Rural Development) গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তনে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামীণ জীবিকা মিশন বিভাগের অধীনে লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) স্থাপনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধিতে নতুন দিশা দেখানো হয়েছে।
গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফাইল সংখ্যা J-11011/01/2010-SGSY-I (Part File) (306507) এর মাধ্যমে Livelihood Service Centre (LSC) Guidelines ও নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-এর অধীনে প্রতিটি এলাকায় একটি করে ওয়ান-স্টপ সার্ভিস হাব তৈরি করা হবে।
১. লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) প্রয়োজনীয়তা
লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) বা জীবিকা পরিষেবা কেন্দ্র হলো গ্রামীণ অর্থনীতি পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। বর্তমানে গ্রামীণ পরিবার গুলো তাদের জীবিকা নির্বাহের জন্য নানা সমস্যার সম্মুখীন হয়, যা সমাধানের জন্য একটি কেন্দ্রীয় হাব বা LSC অত্যন্ত জরুরি। নিচে এর প্রয়োজনীয়তা আলোচনা করা হলো:
- পরিষেবা প্রাপ্তিতে বিচ্ছিন্নতা: বর্তমানে কৃষক পরিবার গুলো উন্নত মানের বীজ, সার, পশু চিকিৎসা এবং চাষের জলের সুব্যবস্থার জন্য আলাদা আলাদা মাধ্যমের ওপর নির্ভর করে। এতে চাষের খরচ বেড়ে যায় এবং কাজে অদক্ষতা তৈরি হয়। এছাড়া ব্যক্তিগত ভাবে উৎপাদন কম হওয়ায় ‘ইকোনমিকস অফ স্কেল‘ বা সাশ্রয়ী উৎপাদনের সুবিধা পাওয়া যায় না।
- দুর্বল বাজার সংযোগ: কৃষকরা সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে না পেরে মধ্যস্বত্ব ভোগীদের ওপর নির্ভর করে, ফলে প্রকৃত মূল্যের চেয়ে ২০-৩০% কম দাম পায়।
- কারিগরি সহায়তার অভাব: সঠিক সময়ে প্রযুক্তিগত পরামর্শ না পাওয়ায় কৃষি ও প্রাণিসম্পদ—উভয় ক্ষেত্রেই আশানুরূপ ফলন পাওয়া যায় না। (যেমন: ধান চাষে দস্তা বা বোরন সারের অভাব থাকলে ফলন ২৫% পর্যন্ত কমে যেতে পারে, যা সঠিক সময়ে জানা জরুরি)।
- কেন্দ্রীয় হাবের অভাব: যদিও SHG বা স্বনির্ভর গোষ্ঠী এবং প্রোডিউসার গ্রুপ গুলো সক্রিয় আছে, তবুও ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-এর কার্যক্রম গুলোকে এক ছাতার নিচে আনার মতো কোনো কেন্দ্র নেই। কোনো স্থায়ী প্রাতিষ্ঠানিক কেন্দ্র না থাকলে NRLM বা LSC আনন্দধারা প্রকল্পের বিনিয়োগ গুলো সঠিক কাজে না লাগার ঝুঁকি থাকে।
- একক সমাধান কেন্দ্র (One-Stop Hub): লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) হলো মূলত সমন্বিত কৃষি ক্লাস্টার (IFC)-এর কেন্দ্র বিন্দু। এটি সম্প্রসারণ পরিষেবা, ইনপুট/আউটপুট ব্যবস্থাপনা এবং ডিজিটাল বাজার সংযোগের জন্য একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে, যা লাখপতি দিদি লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে।
২. LSC প্রতিষ্ঠার প্রক্রিয়া
Livelihood Service Centre (LSC) Guidelines অনুযায়ী একটি কেন্দ্র স্থাপনের জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করা হয়:
ক. ব্যাপ্তি এবং স্কেল:
- প্রতিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) কাছাকাছি ২-৩টি গ্রামের প্রায় ২৫০-৩০০টি পরিবারকে নিয়ে গঠিত হবে। ( রাজ্য গ্রামীণ জীবিকা মিশন তাদের সুবিধার্থে সংখ্য়া বাড়িয়ে থাকে)
- প্রতিটি পরিবার অন্তত ৩-৪টি ভিন্ন ভিন্ন আয়ের উৎস (যেমন: ধান চাষ, সবজি চাষ, ছাগল পালন বা ছোট ব্যবসা) এর সাথে যুক্ত থাকবে।
খ. প্রাতিষ্ঠানিক পরিচালনা:
- এই কেন্দ্রটি মূলত ক্লাস্টার লেভেল ফেডারেশন (CLF) বা সংঘ দ্বারা পরিচালিত হবে।
- CLF-এর অধীনে থাকা ‘জীবিকা উপকমিটি‘ এই কেন্দ্রের শাসন ও তদারকির দায়িত্ব পালন করবে।
৩. লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) উপকরণ সমূহ
Livelihood Service Centre (LSC) Guidelines অনুযায়ী, একটি আদর্শ কেন্দ্র থেকে প্রধানত চার ধরনের ইনপুট বা উপকরণ সরবরাহ করা হয়, যা লাখপতি দিদি হওয়ার পথ প্রশস্ত করে।
ক. খামার উপকরণ (Farm Inputs)
চাষাবাদের খরচ কমাতে এবং ফলন বাড়াতে লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) থেকে নিম্ন লিখিত খামার উপকরণ গুলো প্রদান করা হয়:
- বীজ ব্যাঙ্ক: উন্নত মানের ধান, ডাল, সবজি ও তৈলবীজের সময়মতো প্রাপ্যতা নিশ্চিত করতে এখানে একটি সম্প্রদায় পরিচালিত বীজ ব্যাঙ্ক থাকে। এটি দেশীয় জাত এবং জলবায়ু-সহনশীল (যেমন: খরা বা লবণাক্ততা সহনশীল) বীজের ব্যবহারকেও উৎসাহিত করে।
- মাটি স্বাস্থ্য সহায়তা: মাটি পরীক্ষার কিট এবং সঠিক পরামর্শের মাধ্যমে সারের সুষম ব্যবহার নিশ্চিত করা হয়। এতে অপ্রয়োজনীয় রাসায়নিক সারের খরচ কমে।
- ফসলের পরিকল্পনা: ঋতুভিত্তিক ফসল ক্যালেন্ডার এবং ইনপুট কিট (জৈব সার, জৈব কীটনাশক) প্রদান করা হয়। (মনে রাখবেন, ডাল জাতীয় ফসলের বীজের সাথে রাইজোবিয়াম কালচার মিশিয়ে নিলে নাইট্রোজেন সারের খরচ অনেক কমে যায়)।
- কাস্টম হায়ারিং সেন্টার: ক্ষুদ্র কৃষকদের জন্য পাওয়ার টিলার, থ্রেসার, উইডার এবং পানি সেচের পাম্প সাশ্রয়ী মূল্যে ভাড়ায় ব্যবহারের সুবিধা দেওয়া হয়। এটি শ্রম ও খরচ উভয়ই কমায়।
- প্রাকৃতিক ও জৈব ইনপুট: স্থানীয় সম্পদ ব্যবহার করে ভার্মিকম্পোস্ট এবং জীবামৃত (যা মাটির উপকারী জীবাণু বৃদ্ধিতে অসাধারণ কাজ করে) উৎপাদনের মাধ্যমে ইনপুট খরচ কমানো হয়।
খ. পশুসম্পদ উপকরণ
পশু পালন কারীদের জন্য LSC সুবিধা হিসেবে নিচের উপকরণ গুলো পাওয়া যায়:
- টিকা এবং ঔষধ: নিয়মিত টিকাকরণ (যেমন: ছাগলের পিপিআর বা গরুর এফএমডি), কৃমিনাশক এবং প্রাথমিক পশুচিকিৎসা ঔষধ সরবরাহ করা।
- পশুখাদ্য ও ফিড: পশুখাদ্য ব্যাঙ্ক, সাইলেজ ইউনিট এবং উচ্চ ফলন শীল ঘাসের বীজ বিতরণ করা।
- প্রজনন ও পরামর্শ: প্রাণি সম্পদ দপ্তরের সাথে সমন্বয় করে কৃত্রিম প্রজনন এবং জাত উন্নয়নে সহায়তা করা।
- ক্ষুদ্র প্রাণী ও স্টার্টার কিট: বিশেষ করে SHG বা স্বনির্ভর গোষ্ঠী-র মহিলাদের জন্য উন্নত জাতের মুরগির বাচ্চা, ছাগল এবং প্রারম্ভিক খাবার সরবরাহ করা।
গ. অ-খামার বা উদ্যোগ ইনপুট (Non-Farm/Enterprise Inputs)
কৃষির বাইরে অন্য পেশায় যুক্তদের জন্য LSC আনন্দধারা প্রকল্পের অধীনে সহায়তা দেওয়া হয়:
- দক্ষতা কিট: দর্জি কাজ, হস্তশিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলকিট প্রদান।
- উদ্যোগ স্টার্টার কিট: NRLM-এর অধীনে নতুন ছোট ব্যবসা (যেমন: মুদি দোকান বা খাবারের দোকান) শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা।
ঘ. বনজ সম্পদ বা এনটিএফপি (NTFP) ইনপুট
বন-ভিত্তিক এলাকায় বসবাসকারী পরিবার গুলোর জন্য:
- সংগ্রহের সরঞ্জাম: মধু, লাক্ষা বা ঔষধি গাছ সংগ্রহের জন্য নিরাপদ ও আধুনিক যন্ত্রপাতি বিতরণ।
- প্রক্রিয়াকরণ কিট: সংগৃহীত পণ্যের মান বাড়াতে মধু প্রক্রিয়াকরণ বা প্যাকেটজাত করণ ইউনিট স্থাপন।
৪. প্রক্রিয়াকরণ ও মান সংযোজন
Livelihood Service Centre (LSC) Guidelines অনুযায়ী, কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক দাম নিশ্চিত করতে LSC বা জীবিকা পরিষেবা কেন্দ্র স্তরে প্রাথমিক ও মাধ্যমিক প্রক্রিয়া করণের ব্যবস্থা থাকে।
ক. এলএসসি/ক্লাস্টার স্তরে প্রাথমিক প্রক্রিয়াকরণ:
- পরিষ্কার ও গ্রেডিং: দানাশস্য, ডাল, সবজি এবং বনজ পণ্যের (NTFP) মান বাড়াতে পরিষ্কার করা, বাছাই করা, শুকানো এবং গ্রেডিং করার ইউনিট।
- মশলা ও তৈলবীজ: হলুদ, মরিচ গুঁড়ো এবং মধু প্রক্রিয়া করণের জন্য স্বল্প খরচের আধুনিক সুবিধা।
- প্রাণিসম্পদ প্রক্রিয়াকরণ: দুধ শীতলী করণ (Milk chilling), ডিম সংগ্রহ কেন্দ্র এবং মাংস প্রক্রিয়াকরণের প্রাথমিক ব্যবস্থা।
খ. মাধ্যমিক প্রক্রিয়াকরণ ও মান সংযোজন:
- FPO/উদ্যোগ: আটা, তেল, মশলা, আচার, পাপড় এবং বেকারি পণ্যের প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা।
- পশুখাদ্য: পশুখাদ্যের জন্য ফডার চপার এবং সাইলেজ ইউনিট (যাতে বর্ষাকালে বা ঘাস কম থাকলে পশুদের পুষ্টিকর খাবার দেওয়া যায়)।
- ব্র্যান্ডিং: জৈব ও প্রাকৃতিক পণ্যের সুন্দর প্যাকেটজাতকরণ ও নিজস্ব ব্র্যান্ডিং।
গ. উদ্যোগ প্রচার (Enterprise Promotion):
মহিলা ও যুবকদের পরিচালিত ক্ষুদ্র প্রক্রিয়াকরণ উদ্যোগ গুলোকে NRLM এবং SVEP-এর অধীনে সহায়তা করা। এটি Lakhpati Didi লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রাখবে।
৫. বাজার-ভিত্তিক হস্তক্ষেপ
উৎপাদিত পণ্য যেন কৃষকরা সরাসরি বাজারে ভালো দামে বিক্রি করতে পারে, তার জন্য LSC সুবিধা হিসেবে নিচের কাজ গুলো করা হয়:
- একত্রীকরণ ও সংরক্ষণ: গ্রাম-ভিত্তিক পণ্য সংগ্রহ কেন্দ্র এবং পচনশীল পণ্যের জন্য (যেমন: পেঁয়াজ, আলু) স্বল্প খরচের শীতল কক্ষ বা স্টোরেজ সুবিধা দিবে।
- সম্মিলিত বিপণন: সরাসরি FPO বা উৎপাদক গোষ্ঠীর মাধ্যমে বাজারে বিক্রি করা। কাছাকাছি শহর গুলোতে সাপ্তাহিক ‘জৈব হাট’ বসানো এবং স্কুল-হাসপাতালের মতো প্রতিষ্ঠানে পাইকারি সরবরাহ করা।
- ডিজিটাল বাজার সংযোগ: পণ্য বিক্রির জন্য e-NAM, ONDC এবং ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা। সঠিক দরদাম জানতে ডিজিটাল অ্যাপের ব্যবহার নিশ্চিত করা হবে।
- ব্র্যান্ডিং ও শংসাপত্র: প্রাকৃতিক পণ্যের জন্য GI ট্যাগ এবং জৈব (NPOP) শংসাপত্র পেতে সহায়তা করা।
- অংশীদারিত্ব: বড় পাইকারি বিক্রেতা বা রিটেইল চেইনের সাথে সরাসরি চুক্তি করা, যাতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমে।
৬. মানবসম্পদ
সমন্বিত কৃষি ক্লাস্টার (IFC)-এর অধীনে এই পুরো কার্যক্রমটি পরিচালনার জন্য দক্ষ জনবল থাকে:
- সিনিয়র সিআরপি (Senior CRP): প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার জন্য।
- IFC অ্যাঙ্কর (IFC Anchor): সমন্বয়, রিপোর্টিং এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সংযোগ স্থাপনের জন্য।
৭. অর্থায়ন কাঠামো ও বাজেট (৪০ লক্ষ টাকা)
প্রতিটি গ্রাম পঞ্চায়েত Integrated Farming Cluster (IFC) প্রকল্পের জন্য মোট ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা লাখপতি দিদি হওয়ার স্বপ্ন পূরণে বড় ভূমিকা নেবে।
| খাতের নাম | বরাদ্দ অর্থ (৩ বছরের জন্য) | ব্যবহারের ক্ষেত্র |
|---|---|---|
| লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) | ২০ লক্ষ টাকা | বিল্ডিং, আইটি সরঞ্জাম, বীজ/ঘাস ব্যাংক, যন্ত্রপাতি। |
| অন্যান্য হস্তক্ষেপ ও মানব সম্পদ | ২০ লক্ষ টাকা | উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণিসম্পদ সেবা, এন্টারপ্রাইজ প্রমোশন। |
এই প্রজেক্ট তদারকির জন্য একজন সিনিয়র CRP (Senior CRP) এবং একজন IFC অ্যাঙ্কর নিযুক্ত থাকবেন।
৮. কনভারজেন্সের সুযোগ
একটি জীবিকা পরিষেবা কেন্দ্র (LSC) সফল করতে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে সমন্বয় করা হয়:
- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়: কাস্টম হায়ারিং সেন্টার, সয়েল হেলথ কার্ড এবং বীজ হাবের সুবিধা করা।
- মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়: উন্নত জাত উন্নয়ন, টিকাকরণ এবং পশুখাদ্য মিশন।
- NRLM ও আনন্দধারা: সিআরপি (CRP) কৌশল এবং SVEP-এর মাধ্যমে ব্যবসায়িক সহায়তা।
- MGNREGS/CSR: পুকুর সংস্কার, সেচের পানির জন্য পরিকাঠামো এবং স্টোরেজ নির্মাণ করা।
৯. প্রত্যাশিত ফলাফল এবং প্রভাব
এই প্রকল্পের মাধ্যমে লাখপতি দিদি লক্ষ্য মাত্রা অর্জনে যে ইতিবাচক পরিবর্তন গুলো আসবে:
- পরিবারের ব্যাপ্তি: প্রতিটি লএসসি (LSC) ২-৩টি গ্রামের প্রায় ২৫০-৩০০টি পরিবারকে সরাসরি পরিষেবা দেবে।
- আয়ের বৈচিত্র্য: প্রতিটি পরিবার ৩-৪টি ভিন্ন জীবিকা (ফসল + গবাদি পশু + ছোট ব্যবসা) গ্রহণ করবে।
- উৎপাদনশীলতা বৃদ্ধি: ফসলের ফলন ১৫-২০% বাড়বে এবং গবাদি পশুর মৃত্যুহার ৩০-৪০% পর্যন্ত হ্রাস পাবে। (পশু চিকিৎসায় সময়মতো সঠিক ভ্যাকসিন ব্যবহার করলে মৃত্যুহার দ্রুত কমানো সম্ভব)।
- বাজার সংযোগ: সম্মিলিত বিপণনের মাধ্যমে কৃষকরা পণ্যের ২০-৩০% বেশি মূল্য পাবেন।
- আর্থিক উন্নতি: পরিবার পিছু বার্ষিক আয় ২৫,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
- স্থায়িত্ব: কাস্টম হায়ারিং ও পরিষেবা ফি-র মাধ্যমে একটি কেন্দ্র বছরে ৪-৬ লক্ষ টাকা আয় করতে সক্ষম হবে।
১০. LSC পর্যবেক্ষণ ও তদারকি
সমন্বিত কৃষি ক্লাস্টার (IFC)-এর কার্যক্রম স্বচ্ছ রাখতে একটি শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে:
- এই কেন্দ্রগুলোর মূল পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে ক্লাস্টার লেভেল ফেডারেশন (CLF) নেত্রীর ওপর।
- সংশ্লিষ্ট গ্রাম সংগঠন (VO)-এর প্রতিনিধিরা এই তদারকিতে সরাসরি সহায়তা করবেন। এর ফলে SHG বা স্বনির্ভর গোষ্ঠী-র সদস্যদের মধ্যে কাজের জবাবদিহিতা ও সামুদায়িক মালিকানা নিশ্চিত হবে।
উপসংহার
লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) বা জীবিকা পরিষেবা কেন্দ্র হলো গ্রামীণ অর্থনৈতিক বিপ্লবের একটি কেন্দ্রবিন্দু। এটি শুধুমাত্র একটি ভবন নয়, বরং এটি কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করা এবং তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম নিশ্চিত করার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১: লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) আসলে কী?
উত্তর: LSC হলো গ্রামীণ এলাকার একটি ওয়ান-স্টপ সার্ভিস হাব, LSC এর পুরো নাম Livelihood Service Centre, যেখান থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উন্নত বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ভাড়া এবং পশু চিকিৎসার মতো সব পরিষেবা এক জায়গা থেকে পান।
প্রশ্ন ২: ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) প্রকল্পের অধীনে কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়?
উত্তর: সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-এর জন্য ৩ বছরে মোট ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ২০ লক্ষ টাকা সরাসরি সার্ভিস সেন্টারের পরিকাঠামোয় ব্যয় হবে।
প্রশ্ন ৩: লাখপতি দিদি হওয়ার ক্ষেত্রে LSC কীভাবে সাহায্য করবে?
উত্তর: LSC উন্নত চাষবাস ও বাজার সংযোগের মাধ্যমে প্রতিটি পরিবারের বার্ষিক আয় ২৫,০০০-৩০,০০০ টাকা বাড়িয়ে দেয়, যা দিদিদের বছরে ১ লক্ষ টাকা আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে লাখপতি দিদি হতে সাহায্য করে।
প্রশ্ন ৪: LSC থেকে কী কী কৃষি যন্ত্রপাতি ভাড়া পাওয়া যাবে?
উত্তর: কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে পাওয়ার টিলার, থ্রেসার এবং অন্যান্য আধুনিক কৃষি সরঞ্জাম নাম মাত্র ভাড়ায় পাওয়া যাবে।
তথ্য সূত্র
জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন (NRLM)










