আগাছা দমনের উপায়: প্রাকৃতিক কৃষিতে আগাছা ব্যবস্থাপনার মৌলিক ধারণা

সূচিপত্র

১. ভূমিকা ও প্রাকৃতিক কৃষিতে আগাছা ব্যবস্থাপনার মৌলিক ধারণা

​কৃষি অনুশীলনে আগাছা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আধুনিক বা রাসায়নিক নির্ভর কৃষিতে ক্ষতিকর রাসায়নিক আগাছানাশক স্প্রে করে দ্রুত সমাধান খোঁজা হলেও, তা মাটির অণুজীব, পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই পরিস্থিতিতে প্রাকৃতিক উপায়ে আগাছা দমন করার উপায় একটি অত্যন্ত টেকসই এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে উঠে এসেছে।
​প্রাকৃতিক কৃষির মূল দর্শন হলো প্রকৃতির সাথে বজায় রেখে কাজ করা, প্রকৃতির বিরুদ্ধে নয়। এখানে আগাছাকে কেবল কৃষকের ‘শত্রু’ হিসেবে দেখা হয় না; বরং আগাছার জৈব উপাদানকে সঠিকভাবে ব্যবহার করে মাটির স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করা হয়। আগাছাকে কেটে বা উপড়ে জমিতে ফেলে রাখলে তা সজীব বা মৃত আচ্ছাদন (Mulch) হিসেবে কাজ করে, যা মাটিতে জৈব কার্বনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তবে ব্যবস্থাপনা না করলে এই আগাছাই ফসলের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আরও দেখুন – প্রাকৃতিক কৃষি কি ?

২. প্রাকৃতিক কৃষিতে আগাছা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা

​প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করার সময় আগাছা কেন নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং সময়মতো আগাছা দমন করার উপায় গ্রহণ না করলে কী কী সমস্যা হতে পারে, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

​২.১. সম্পদ ও উপাদানের জন্য প্রতিযোগিতা

​জমিতে ফসলের সাথে আগাছা গজালে তা প্রধান গাছের বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানগুলোর জন্য প্রতিযোগিতা শুরু করে:

  • ​সূর্যের আলো : দ্রুত বর্ধনশীল আগaছা দ্রুত বেড়ে উঠে প্রধান ফসলকে ছায়া দিয়ে ফেলে, ফলে ফসল পর্যাপ্ত রোদ পায় না এবং সালোকসংশ্লেষণ ব্যাহত হয়।
  • ​মাটির জল ও আর্দ্রতা : মাটির গভীর থেকে জল শুষে নিয়ে আগাছা জমিকে শুষ্ক করে ফেলে, যার ফলে ফসলে সেচের ঘাটতি দেখা দেয়।
  • ​মাটির পুষ্টি উপাদান : নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম সহ মাটির অতি প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো আগাছা দ্রুত গ্রহণ করে নেয়।
  • ​জায়গা : গাছের শেকড় ছড়ানোর জন্য এবং ক্যানোপি বা ডালপালা বিস্তারের জন্য প্রয়োজনীয় জায়গা আগাছার কারণে সংকুচিত হয়ে যায়।

​২.২. ক্ষতিকর পোকা ও রোগের আশ্রয়স্থল

​আগাছা কেবল ফসলের খাবারই কেড়ে নেয় না, বরং এটি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়, মাইট, নেমাটোড এবং প্যাথোজেন (ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাস)-এর নিরাপদ বাসস্থান হিসেবে কাজ করে। ফসল না থাকলেও আগাছাতে এরা জীবনধারণ করে এবং পরবর্তীতে প্রধান ফসলে আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।

​২.৩. ফলন হ্রাস ও অর্থনৈতিক ক্ষতির পরিসংখ্যান

​ভারতে এবং বিশ্বব্যাপী বিভিন্ন ফসলে আগাছার কারণে যে বিপুল আর্থিক ক্ষতি হয়, তার চিত্র অত্যন্ত আশঙ্কাজনক:

  • ​মৌসুম ভিত্তিক ক্ষতি: ভারতে শীতকালীন ফসলে আগাছার কারণে গড়ে ২২.৭% এবং বর্ষা বা গ্রীষ্মকালীন ফসলে ৩৬.৫% পর্যন্ত ফলন হ্রাস পায়। গড়ে সমস্ত মৌসুমে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩১.৫%।
  • ​আর্থিক ক্ষতির পরিমাণ: ভারতে শুধুমাত্র ১০টি প্রধান ফসলে আগাছার কারণে বছরে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়।

​২.৪. প্রথাগত বনাম প্রাকৃতিক আগাছা ব্যবস্থাপনা

​প্রথাগত কৃষিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে নিমেষেই আগাছা মেরে ফেলা সম্ভব হলেও, প্রাকৃতিক কৃষিতে কোনো ধরনের সংশ্লেষিত রাসায়নিকের স্থান নেই। ফলে প্রাকৃতিক কৃষিতে আগাছাজনিত ক্ষতির ঝুঁকি একটু বেশি থাকে যদি না কৃষক সমন্বিত আগাছা দমন পদ্ধতি ব্যবহার করেন। তাই মাটির অণুজীব ও ইকোসিস্টেম রক্ষা করে উৎপাদনশীলতা বজায় রাখতে এই প্রাকৃতিক উপায়ে আগাছা দমন কৌশলগুলো নিখুঁতভাবে প্রয়োগ করা জরুরি।

প্রাকৃতিক আগাছা দমন পদ্ধতি সমূহ এক নজরে

ক্র:নংমুল বিভাগপ্রধান কৌশল
প্রাথমিক ও চাষাবাদ পদ্ধতিবিষমুক্ত বীজ ব্যবহার, জাত নির্বাচন, শস্য পর্যায় ও ঘন রোপণ।
বিশেষ চাষ আবাদ ও মাটি ঢেকে রাখা।​আন্তঃফসল, আচ্ছাদক ফসল, জ্যান্ত ও জৈব মালচিং, সহচর ফসল ও পলিকালচার।
বিশেষ জমি প্রস্তুতি কৌশলস্থবির বীজতলা (Stale Seedbed), অন্ধ চাষ, গ্রীষ্মকালীন চাষ ও পরিচ্ছন্ন জমি প্রস্তুত।
জল ও ক্ষেত্র ব্যবস্থাপনা​নিয়মিত ফিল্ড স্কাউটিং এবং মাটির নিচে ড্রিপ সেচ
​অ্যালিলোপ্যাথি (প্রাকৃতিক রাসায়নিক)​বার্লি, রাই বা সূর্যমুখীর মতো গাছ থেকে নিঃসরিত উপাদান দিয়ে আগাছা প্রতিরোধ।
যান্ত্রিক ও শারীরিক উপায়জমি চাষ, কোদাল/নিড়ানি, খুরপি, উইডার ব্যবহার ও কাস্তে দিয়ে কাটা।
জৈবিক ও পরিবেশ বান্ধব উপায়​জল প্লাবিত করা, বায়ো-হার্বিসাইড, উপকারী পোকা, পাখি এবং গবাদি পশু চড়ানো।

​৩. চাষাবাদ ও প্রাথমিক পদ্ধতি সমূহ

​আগাছা গজানোর পর তা পরিষ্কার করার চেয়ে, আগাছা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যবস্থা নেওয়া বেশি কার্যকরী। নিচে প্রথম পর্যায়ের সমস্ত প্রাথমিক ও চাষাবাদ সংক্রান্ত আগাছা দমন পদ্ধতি আলোচনা করা হলো:

​৩.১. আগাছামুক্ত বীজ ব্যবহার

  • ​পরিষ্কার বীজ নির্বাচন: বীজ বপনের পূর্বে তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। বীজের সাথে যেন কোনো আগাছার বীজ, কন্দ, রাইজোম বা ছোট চারা মিশে না থাকে।
  • ​জমি ও আশেপাশের পরিচ্ছন্নতা: শুধুমাত্র মূল জমি পরিষ্কার রাখলেই চলবে না; খেতের আইল , সেচ নালা , খামারবাড়ি এবং গোবর সার তৈরির গর্ত সবসময় আগাছামুক্ত রাখতে হবে। কারণ এসব জায়গা থেকেই বাতাসে বা জলের মাধ্যমে আগাছার বীজ মূল খেতে ছড়িয়ে পড়ে।

​৩.২. সঠিক জাত নির্বাচন

​এমন ফসলের জাত বেছে নিতে হবে যা প্রারম্ভিক অবস্থায় খুব দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত ক্যানোপি (গাছের পাতা ও ডালপালার ছাতা) তৈরি করতে পারে।
​গাছ যদি দ্রুত বেড়ে উঠে দুই সারির মাঝের মাটিকে ছায়া দিয়ে ঢেকে ফেলে, তবে আলো না পেয়ে আগাছার বীজ আর গজাতে পারে না।

​৩.৩. শস্য পর্যায় বা ফসল চক্র

​একই জমিতে বছরের পর বছর একই ফসল চাষ করলে সেই ফসলের উপযোগী নির্দিষ্ট কিছু আগাছার বিস্তার ঘটে। শস্য পর্যায় অনুসরণের মাধ্যমে আগাছার জীবনচক্র ভেঙে দেওয়া যায়:

  • ​সংস্কৃতি পরিবর্তন: ভিন্ন ভিন্ন ফসলের সাথে চাষাবাদ পদ্ধতি, সেচ ও জমি তৈরির সময় আলাদা হয়। ফলে নির্দিষ্ট কোনো আগাছা স্থায়ীভাবে জমিতে আস্তানা গাড়তে পারে না।
  • ​আলু চাষের ভূমিকা: ফসল চক্রে আলু চাষ অন্তর্ভুক্ত করলে মাটির গভীর চাষের কারণে বহুবর্ষজীবী আগাছা অনেকটাই কমে যায়।
  • ​ফসলের বৈচিত্র্য: শিমে বা ডাল জাতীয় ফসলের সাথে ঘাস জাতীয় ফসল, এবং গভীর মূলের ফসলের সাথে অগভীর মূলের ফসলের পর্যায়ক্রমিক চাষ অত্যন্ত কার্যকরী।
  • ​পতিত সময় : শস্য পর্যায়ের মাঝে কিছু সময় জমিকে পতিত রাখলে তা বহুবর্ষজীবী জটিল আগাছার উপদ্রব কমাতে সাহায্য করে।

​৩.৪. রোপণ পদ্ধতি ও বিন্যাস

  • ​সারির দূরত্ব কম রাখা : দুই সারির মাঝে অতিরিক্ত জায়গা না রেখে বৈজ্ঞানিক নিয়মে কম দূরত্বে গাছ লাগালে আগাছা গজানোর ফাঁকা জায়গা থাকে না।
  • ​বীজের হার বৃদ্ধি : বীজের পরিমাণ সামান্য বাড়িয়ে ঘন রোপণ করলে ফসলের চারা দ্রুত মাটিকে ঢেকে ফেলে, ফলে পরবর্তীতে গজানো আগাছা আলোর অভাবে মারা যায়।

​৩.৫. আন্তঃফসল চাষ

প্রধান ফসলের দুই সারির ফাঁকা জায়গায় অন্য একটি স্বল্পমেয়াদী ও দ্রুত বর্ধনশীল ফসল (যেমন: মুগ, কলাই বা সয়াবিন) চাষ করাকে আন্তঃফসল বলে।

  • ​আগাছা দমন: আন্তঃফসল ফাঁকা জমি ঢেকে রেখে আগাছাকে চেপে রাখে।
  • ​মাটির উর্বরতা: ডাল জাতীয় ফসল আন্তঃফসল হিসেবে ব্যবহার করলে বাতাসে থাকা নাইট্রোজেন মাটিতে সংবদ্ধ হয়, যা মাটির উর্বরতা বাড়ায়।
  • সতর্কতা: মূল ফসল এবং আন্তঃফসলের মধ্যে যেন জল বা পুষ্টির জন্য মারাত্মক প্রতিযোগিতা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

​৩.৬. আচ্ছাদক ফসল

​মাটিকে ঢেকে রাখার জন্য রাই, লাল ক্লোভার, বাকহুইট, সরিষা বা শীতকালীন গমের মতো ফসল চাষ করা হয়।

  • ছায়া ও রাসায়নিক প্রভাব: এগুলো দ্রুত বড় হয়ে মাটিকে ঠান্ডা রাখে, আলো আটকে দেয় এবং এদের শেকড় থেকে নিঃসৃত প্রাকৃতিক কেমিক্যাল (Allelochemicals) আগাছার বীজ গজাতে বাধা দেয়।
  • সবুজ সার: এই ফসলগুলোকে পরবর্তীতে মাটিতে মিশিয়ে দিলে তা জৈব সারের কাজ করে।
প্রাকৃতিক কৃষিতে আগাছা দমন করার উপায় হিসেবে খর বা পোয়াল দিয়ে আচ্ছাদন দিয়েছেন কৃষক তার একটি দৃশ্য।
আগাছা দমন করার উপায় হিসেবে খরের আচ্ছাদন দিয়ে প্রাকৃতিক কৃষি দৃশ্য।

​৩.৭. আচ্ছাদন বা মালচিং

​মাটির উপরিভাগ ঢেকে দেওয়া প্রাকৃতিক কৃষির অন্যতম প্রধান স্তম্ভ। এটি প্রধানত দুই প্রকার:

  • ​জ্যান্ত মালচ : মাটির খুব কাছ দিয়ে ঘন হয়ে বাড়ে এমন কোনো ছোট গাছ (যেমন: পোর্টুলাকা বা ক্লোভার) মূল ফসলের নিচে আগে বা পরে রোপণ করা হয়। এটি মাটি ঢেকে রেখে আগাছা আটকায় এবং মাটির গঠন উন্নত করে।
  • ​জৈব মালচ : খড়, শুকনো পাতা, গাছের ছাল, কম্পোস্ট বা খবরের কাগজের আস্তরণ মাটির ওপর বিছিয়ে দেওয়া হয়। খবরের কাগজের দুটি স্তর দিয়ে তার ওপর খড় বিছিয়ে দিলে আগাছার বীজ আলো না পেয়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

৪. সহচর ফসল ও বিশেষ চাষাবাদ পদ্ধতি

​আগের পর্বে আলোচনা করা সাধারণ চাষাবাদ ছাড়াও, প্রাকৃতিক কৃষিতে আগাছা দমনে বেশ কিছু বিশেষ ও কৌশলগত চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো মাটি ও ফসলের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক উপায়ে আগাছার উপদ্রব রোধ করতে অত্যন্ত কার্যকরী।

​৪.১. সহচর ফসল চাষ

​সহচর ফসল চাষ বলতে বোঝায় মূল ফসলের পাশাপাশি এমন কিছু উদ্ভিদ রোপণ করা যা পরস্পরকে বৃদ্ধিতে সাহায্য করে এবং আগাছা কমানোর ক্ষেত্রে প্রধান ফসলকে সুরক্ষা দেয়।

  • কার্যকারিতা: সহচর গাছগুলো মাটির ফাঁকা স্থান দ্রুত ঢেকে ফেলে, যার ফলে আগাছার বীজ আলোর অভাবে অঙ্কুরিত হতে পারে না।
  • জৈব রাসায়নিক প্রভাব: কিছু সহচর গাছের শেকড় থেকে বিশেষ ধরনের প্রাকৃতিক উপাদান নিঃসরিত হয় যা ক্ষতিকর আগাছার বৃদ্ধি থমকে দেয়।

​৪.২. বহুমুখী চাষ বা পলিকালচার

​একই জমিতে কেবল একটি নির্দিষ্ট ফসল না বুনে একসাথে একাধিক জাতের শাকসবজি বা শস্য চাষ করার পদ্ধতিকে পলিকালচার বলা হয়।

  • ​সম্পদের সঠিক ব্যবহার: পলিকালচারে বিভিন্ন ধরণের গাছের মূল মাটির বিভিন্ন গভীরতা থেকে জল ও পুষ্টি গ্রহণ করে। একইভাবে গাছের পাতার ছাতা (Canopy) মাটির উপরিভাগকে এমনভাবে ঢেকে রাখে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে।
  • ​আগাছার আধিপত্য রোধ: যখন জমিতে বিভিন্ন ধরনের ফসল একসাথে সারিবদ্ধ বা মিশ্রভাবে অবস্থান করে, তখন আগাছা সেখানে সহজে নিজের আধিপত্য বিস্তার করতে পারে না।

​৪.৩. স্থবির বীজতলা পদ্ধতি

​ফসল বোনার আগে জমিকে আগাছামুক্ত করার জন্য স্থবির বীজতলা পদ্ধতি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি কৌশল।

  • পদ্ধতি: প্রধান ফসলের বীজ বোনার এক বা দুই সপ্তাহ আগে জমি ভালোভাবে চাষ দিয়ে সেচ প্রদান করা হয়। সেচের জল পেয়ে মাটিতে সুপ্ত অবস্থায় থাকা আগাছার বীজগুলো দ্রুত গজিয়ে ওঠে।
  • দমন: আগাছাগুলো যখন ১-২ পাতা বিশিষ্ট ছোট চারা অবস্থায় থাকে, তখন হালকা নিড়ানি বা কোদাল দিয়ে মাটির ওপরের স্তর নাড়াচাড়া করে সেগুলোকে উপড়ে ফেলা হয়।
  • সুবিধা: এরপর যখন মূল ফসলের বীজ বোনা হয়, তখন মাটিতে আগাছার বীজ অনেক কমে যায়, ফলে প্রধান ফসল কোনো প্রতিযোগিতা ছাড়াই দ্রুত বেড়ে ওঠার সুযোগ পায়।

​৪. ৪. অন্ধ চাষ

অন্ধ চাষ হলো প্রধান ফসলের বীজ বোনার পর কিন্তু মাটির ওপর চারা গজিয়ে ওঠার ঠিক আগের মুহূর্তে পরিচালিত একটি বিশেষ যান্ত্রিক চাষ।

  • ​কখন করা হয়: যেসব শস্যের বীজ মাটির একটু গভীরে বোনা হয় এবং অঙ্কুরোদ্গম হতে কিছুটা সময় নেয় (যেমন: আলু বা ভুট্টা), সেখানে এই পদ্ধতি প্রয়োগ করা হয়।
  • কার্যপ্রণালী: মাটির নিচে প্রধান ফসলের বীজ নিরাপদ থাকলেও, মাটির উপরিভাগে ছোট ছোট আগাছার বীজ দ্রুত গজাতে শুরু করে। এই সময়ে হালকা রেক বা উইডার চালিয়ে মাটির একদম উপরের আস্তরণ ভেঙে ফেলা হয়। এতে প্রধান ফসলের ক্ষতি না করে গজানো ছোট আগাছাগুলো নষ্ট হয়ে যায়।

​৪.৫. সঠিক জমি প্রস্তুতি

  • ​আগাছার ফুল আসার আগে পরিষ্কার: জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে খেতের ও আশেপাশের আগাছায় যেন ফুল বা বীজ না আসে। ফুল আসার আগেই সেগুলোকে কেটে বা উপড়ে ফেলা উচিত, কারণ একবার বীজ মাটিতে ছড়িয়ে পড়লে তা বহু বছর ধরে সমস্যা তৈরি করতে পারে।
  • ​জৈব সার হিসেবে ব্যবহার: উপড়ানো আগাছাগুলোকে জমির একপাশে না ফেলে কম্পোস্ট তৈরি করে পুনরায় জমিতে ব্যবহার করা যায়।

​৪.৬. মৌসুমী চাষাবাদ

​গ্রীষ্মকালীন চাষ : তীব্র গরমের সময় বা অফ-সিজনে জমি গভীর চাষ দিয়ে ফেলে রাখা হয়। এতে মাটির নিচে লুকিয়ে থাকা বহুবর্ষজীবী আগাছার কন্দ, রাইজোম বা শেকড় মাটির ওপরে উঠে আসে এবং সূর্যের প্রচণ্ড তাপে শুকিয়ে মারা যায়।

​৪.৭. সঠিক উদ্ভিদ সংখ্যা বজায় রাখা

​জমিতে ফাঁকা জায়গা থাকলে সেখানেই আগাছা জন্ম নেয়। তাই প্রতি হেক্টরে বা বিঘাতে নির্ধারিত সঠিক সংখ্যক চারা রোপণ করা নিশ্চিত করতে হবে। কোনো কারণে চারা মারা গেলে দ্রুত সেখানে নতুন চারা দিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করতে হবে।

​৫. ক্ষেত্র পর্যবেক্ষণ ও জল ব্যবস্থাপনা

​সঠিক পর্যবেক্ষণের অভাব এবং ভুল সেচ ব্যবস্থার কারণে অনেক সময় জমিতে আগাছার উপদ্রব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

​৫.১. নিয়মিত মাঠ পর্যবেক্ষণ

  • ​আগাছা শনাক্তকরণ: কৃষককে নিয়মিত জমি হেঁটে পর্যবেক্ষণ করতে হবে এবং কোন ধরনের আগাছা (একবর্ষজীবী নাকি বহুবর্ষজীবী, চওড়া পাতা নাকি ঘাস জাতীয়) বেশি জন্ম নিচ্ছে তা চিহ্নিত করতে হবে।
  • ​প্রাথমিক পদক্ষেপ: আগাছা ছোট থাকা অবস্থাতেই উপযুক্ত আগাছা দমন পদ্ধতি নির্বাচন করতে হবে, যাতে তা পুরো খেতে ছড়িয়ে পড়তে না পারে।

​৫.২. জল ব্যবস্থাপনা

প্রথাগত প্লাবন সেচ দিলে পুরো খেতের মাটির উপরিভাগ ভিজে যায়, যা ফসলের চেয়ে আগাছার বীজ গজাতেই বেশি সাহায্য করে।

  • ​মাটির নিচে ড্রিপ সেচ : এই প্রযুক্তিতে সেচের পাইপ বা ফিতা মাটির নিচে স্থাপন করা হয়। ফলে জল সরাসরি প্রধান ফসলের শেকড়ে পৌঁছায়। মাটির উপরিভাগ শুষ্ক থাকায় আগাছার বীজ জল পায় না এবং গজাতে পারে না।
  • ​নিয়ন্ত্রিত সেচ: খেতের কেবল গাছের শেকড়ের কাছাকাছি জল দেওয়া এবং অপ্রয়োজনীয় স্থান শুষ্ক রাখা।

​৬. অ্যালিলোপ্যাথি বা প্রাকৃতিক রাসায়নিক প্রভাব

​প্রাকৃতিক কৃষিতে অ্যালিলোপ্যাথি একটি চমৎকার বিজ্ঞানসম্মত উপায়, যেখানে একটি গাছ তার নিজস্ব প্রাকৃতিক রাসায়নিক নিঃসরণ করে অন্য গাছের বৃদ্ধি বন্ধ করে দেয়।

​৬.১. অ্যালিলোপ্যাথিক ফসল

​কিছু নির্দিষ্ট শস্য যেমন—বার্লি, রাই, সূর্যমুখী, মুলো, সরিষা এবং রাইঘাস তাদের মূল থেকে ‘অ্যালিলোক্যামিক্যালস’ (Allelochemicals) নামের জৈব উপাদান মাটিতে ছেড়ে দেয়।

প্রভাব: এই কেমিক্যাল মাটি বা জলে দ্রবীভূত হয়ে আশেপাশের ক্ষতিকর আগাছার বীজ গজাতে এবং তাদের শেকড়ের বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ করে দেয়।

​৬.২. ব্যবহার কৌশল

​শস্য পর্যায় বা ফসল চক্রে এই ধরণের অ্যালিলোপ্যাথিক গুণসম্পন্ন ফসল অন্তর্ভুক্ত করলে জমিতে রাসায়নিক ক্ষতিকর প্রভাব ছাড়াই প্রাকৃতিকভাবে আগাছা নিয়ন্ত্রণে থাকে।

​৭. যান্ত্রিক আগাছা নিয়ন্ত্রণ

​যখন চাষাবাদ সংক্রান্ত পদ্ধতিতে সব আগাছা থামানো যায় না, তখন যান্ত্রিক উপায়ে আগাছা দমন বা শারীরিকভাবে আগাছা ধ্বংস করতে হয়।

​৭.১. জমি চাষ

​লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি উলট-পালট করে চাষ দিলে মাটির নিচে থাকা আগাছা উপড়ে যায় এবং সূর্যের তাপে শুকিয়ে যায় বা মাটিতে চাপা পড়ে পচে যায়।

​৭.২. কোদাল ও নিড়ানির ব্যবহার

​সারি ভিত্তিক ফসলের মাঝের ফাঁকা জায়গায় হাত-কোদাল বা হালকা কাল্টিভেটর চালিয়ে একবর্ষজীবী আগাছার শেকড় মাটির ওপর থেকে কেটে ফেলা হয়।

​৭.৩. হাত দিয়ে বা খুরপি দিয়ে নিড়ানি

​যেসব স্থানে যন্ত্র চালানো সম্ভব নয় বা ফসলের খুব কাছাকাছি থাকা আগaছা সরাতে খুরপি ব্যবহার করে বা হাত দিয়ে টেনে শেকড়সহ আগাছা তুলে ফেলা হয়।

​৭. ৪. কাস্তে দিয়ে কাটা

​বহুবর্ষজীবী আগাছার মাটির উপরের অংশ কাস্তে বা মোয়ার দিয়ে বারবার কেটে ফেলা হয়। এতে পাতার অভাবে গাছ খাদ্য তৈরি করতে পারে না এবং ধীরে ধীরে শেকড় দুর্বল হয়ে মারা যায়।

​৭.৫. সারির দূরত্ব সামঞ্জস্য করা

​ফসল বোনার সময় সারির দূরত্ব এমনভাবে রাখা হয় যাতে অনায়াসে উইডার যন্ত্র বা নিড়ানি চালানো যায়।

​৭.৬. আগাছা পোড়ানো বা ফ্লেমিং

​বিশেষ বার্নার দিয়ে তা বাড়িয়ে আগাছা পুড়িয়ে ধ্বংস করা যায়। তবে মনে রাখতে হবে—প্রাকৃতিক কৃষিতে অত্যধিক তাপ দিয়ে আগাছা পোড়ানো অনুৎসাহিত করা হয়, কারণ এতে মাটির উপকারী অণুজীব এবং জৈব উপাদান ক্ষতিগ্রস্ত হয়।

৮. জল প্লাবিত করা ও জৈবিক আগাছা নিয়ন্ত্রণ

​প্রাকৃতিক কৃষির সবচেয়ে পরিবেশবান্ধব ও টেকসই দিক হলো জৈবিক উপাদান এবং প্রকৃতির নিজস্ব নিয়মকে কাজে লাগিয়ে আগাছা প্রতিরোধ করা। যখন যান্ত্রিক পদ্ধতি বা নিড়ানি দেওয়া সম্ভব হয় না, তখন এসব প্রাকৃতিক উপায় চমৎকার কাজ করে।

​৮.১. জল প্লাবিত করা

জল জমিয়ে রাখা ধান বা অনুরূপ ফসলের ক্ষেত্রে আগাছা দমনের একটি অত্যন্ত পুরানো ও পরীক্ষিত কৌশল।

  • পদ্ধতি: জমি প্রস্তুত করার পর বা ফসল রোপণের প্রাথমিক পর্যায়ে জমিতে কয়েক ইঞ্চি গভীর করে টানা জল জমিয়ে রাখা হয়।
  • বিজ্ঞান: বেশিরভাগ সাধারণ স্থলজ আগাছার বীজ গজানোর জন্য এবং শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। মাটিতে টানা জল জমে থাকলে অক্সিজেনের অভাব ঘটে, যার ফলে আগাছার বীজ নষ্ট হয়ে যায় এবং চারা পচে মারা যায়।
  • সতর্কতা: মূল ফসলটি যেন অতিরিক্ত জলে ডুবে নষ্ট না হয়ে যায়, সেদিকে সতর্ক নজর রাখতে হয়।

​৮.২. উপকারী পোকা বা কীটপতঙ্গের ব্যবহার

​প্রকৃতিতে এমন কিছু নির্দিষ্ট পোকা রয়েছে যা ফসলের কোনো ক্ষতি করে না, কিন্তু ক্ষতিকর আগাছার পাতা, ফুল বা বীজ খেয়ে সেগুলোকে ধ্বংস করে দেয়।
কার্যকারিতা: এসব উপকারী পোকা জমিতে ছেড়ে দিলে তারা শুধুমাত্র নির্দিষ্ট প্রজাতির আগাছাকে আক্রমণ করে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট না করেই আগাছার বিস্তার রোধ করা যায়।

​৮.৩. জৈব-আগাছানাশক

রাসায়নিক ওষুধের বিকল্প হিসেবে জৈব উপায়ে আগাছা দমনের জন্য স্প্রে প্রস্তুত বা ড্রাই পাউডার ব্যবহার করা হয়।

  • উপাদান: এগুলো সাধারণত প্রাকৃতিক উপায়ে তৈরি ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিশেষ মিশ্রণ।
  • সুবিধা: এই বায়ো-হার্বিসাইডগুলো সম্পূর্ণ পরিবেশবান্ধব। এগুলো যখন জমিতে স্প্রে করা হয়, তখন তা কেবল ক্ষতিকর আগাছাকে সংক্রমিত করে মেরে ফেলে, কিন্তু প্রধান ফসল, মাটির অনুজীব কিংবা মানুষের জন্য একেবারেই ক্ষতিকর নয়।

​৮.৪. নির্দিষ্ট জৈবিক নিয়ন্ত্রণকারী উপাদান

​নির্দিষ্ট কিছু বহুবর্ষজীবী বা জটিল আগাছা দূর করতে প্রকৃতি থেকে বেছে নেওয়া বিশেষ ‘প্রাকৃতিক শত্রু’ বা এজেন্ট ব্যবহার করা হয়।
কার্যপ্রণালী: প্রতিটি আগাছারই প্রকৃতিতে কোনো না কোনো ক্ষতিকর প্যাথোজেন বা পোকা থাকে যা সেই আগাছাকে খেয়ে বা রোগ সৃষ্টি করে থামিয়ে রাখে। এই জীবগুলোকে গবেষণাগারে তৈরি করে বা সংগ্রহ করে খেতে প্রয়োগ করা হয় জৈব উপায়ে আগাছা দমন এর জন্য ।

৮.৫. মাটির অণুজীব বৃদ্ধি

মাটির স্বাস্থ্য ভালো থাকলে মাটির অণুজীব স্বয়ংক্রিয়ভাবে আগাছা দমনে ভূমিকা রাখে।

  • প্রতিযোগিতা সৃষ্টি: জমিতে ভালো মানের কম্পোস্ট, জীবামৃত বা জৈব সার প্রয়োগ করলে মাটির উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পায়।
  • পুষ্টির শোষণ: এই অণুজীবগুলো মাটির পুষ্টি উপাদানকে এমনভাবে প্রসেস করে যা ফসলের মূল সহজে গ্রহণ করতে পারে, ফলে আগাছার বীজ মাটিতে থাকা সত্ত্বেও দ্রুত পুষ্টি না পেয়ে দুর্বল হয়ে পড়ে, যা প্রাকৃতিক উপায়ে আগাছা দমন করার উপায় হিসেবে বেশ কার্যকর।

​৮.৬. বিষাক্ত প্রভাব সৃষ্টিকারী উদ্ভিদ দ্বারা শস্য পর্যায়

​শস্য পর্যায়ে এমন কিছু বিশেষ উদ্ভিদ অন্তর্ভুক্ত করা যায়, যেগুলোর পচনশীল অংশ বা ক্ষরিত নির্যাস ক্ষতিকর আগাছার জন্য বিষাক্ত।
প্রভাব: এই ধরণের গাছ যখন ফসল কাটার পর মাটিতে মেশানো হয়, তখন তাদের বিষাক্ত জৈব যৌগ মাটির নিচে থাকা সুপ্ত আগাছার বীজ নষ্ট করে দেয় এবং পরবর্তী মৌসুমে আগাছা গজাতে বাধা দেয়।

​৮.৭. পাখির মাধ্যমে বীজ ধ্বংস

পাখি কেবল ফসলের ক্ষতিকর পোকা খায় না, বহু পাখি আগাছার বীজ খেতেও খুব পছন্দ করে।

  • আকর্ষণ করার উপায়: খেতের মাঝে বা ধারে ছোট ছোট গাছের ডাল বা ‘বার্ড পার্চ’ পুঁতে দিলে সেখানে পাখি এসে বসে।
  • সুবিধা: জমি চাষের পর বা বীজ বোনার আগে পাখি মাটির উপরিভাগে পড়ে থাকা অজস্র আগাছার বীজ খেয়ে ফেলে, যার ফলে জমিতে আগাছার বীজের ভাণ্ডার অনেকটাই কমে যায়।

​৮.৮. গবাদি পশুর মাধ্যমে চারণ

ফসল রোপণের আগে বা ফসল কাটার পর জমি পরিষ্কার করতে গবাদি পশু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

  • ব্যবহার: হাঁস, মুরগি, গরু, ছাগল বা ভেড়াকে নিয়ন্ত্রিতভাবে জমিতে চরতে দিলে তারা সবুজ আগাছা খেয়ে ফেলে।
  • অতিরিক্ত লাভ: হাঁস-মুরগি মাটির ওপরের আগাছার বীজ খুঁটে খায় এবং পশুদের মলমূত্র জমিতে পড়ে জৈব সারের যোগান দেয়, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

​৯. উপসংহার

​রাসায়নিক মুক্ত কৃষিতে ফসল রক্ষা করতে হলে কোনো একক উপায়ের ওপর নির্ভর না করে আগাছা দমনের বিভিন্ন পদ্ধতি একসাথে ব্যবহার করা প্রয়োজন। প্রাকৃতিক কৃষি করতে গিয়ে প্রাকৃতিক উপায় ঘাস মারা মানে রাসায়নিক এর মত নয় যে হঠাৎ করে নির্দিষ্ট কোনো কেমিক্যাল প্রয়োগ করলাম ও দুদিন পরে শেষ। এটা একটি লম্বা প্রসেস নিয়মিত ফসল চাষ ভেদে পদ্ধতি গুলি অনুসরণ করলে চাষের জমি থেকে ঘাসের মুল যে বংশ সেগুলি নির্মূল হবে এবং পরবর্তীতে লম্বা সময় পর্যন্ত আগাছা থেকে মুক্তি পাওয়া যায় ও অর্থের সাশ্রয় হয়। প্রাকৃতিক উপায়ে আগাছা দমন করার উপায় কেবল আপনার ফসলের উৎপাদন খরচই কমায় না, বরং মাটির স্বাস্থ্য দীর্ঘকাল ভালো রাখে এবং বিষমুক্ত সুস্থ ফসল নিশ্চিত করে।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

​১. জমিতে আগাছা দমনের সবচেয়ে সহজ ও ভালো উপায়ে কী?

উত্তর: জমি তৈরি থেকে জল নিষ্কাশন ঠিক রাখা, হাত বা নিড়ানি দিয়ে আগাছা তোলা এবং খড় বা পলিথিন দিয়ে মালচিং (Mulching) করাই সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়।

​২. জৈব বা প্রাকৃতিক উপায়ে কীভাবে আগাছা দূর করা যায়?

উত্তর: নিড়ানি যন্ত্রের ব্যবহার, ফসলের জমি ঢেকে রাখা (মালচিং) এবং সঠিক সময়ে জমি চষে আগাছার বীজ নষ্ট করে দিয়ে প্রাকৃতিক উপায়ে আগাছা দমন করা যায়।


​৩. আগাছা দমন না করলে ফসলের কী ক্ষতি হয়?

উত্তর: আগাছা ফসলের সাথে সার, মাটি, আলো ও জলের ভাগ বসায়। ফলে ফসলের বৃদ্ধি থেমে যায় এবং ফলন ৩০-৪০% পর্যন্ত কমে যেতে পারে।

তথ্য সূত্র

  • জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন (NMNF) ভারত সরকার।
  • জাতীয় জৈব কৃষি গবেষণা কেন্দ্র গাজিয়াবাদ – ভারত সরকার।
  • জাতীয় কৃষি সম্প্রসারণ ব্যাবস্থাপনা প্রতিষ্ঠান হায়দরাবাদ-ভারত সরকার।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top