ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণের জৈব ও রাসায়নিক উপায়

​ধান চাষে কাঙ্ক্ষিত ফলন পেতে বীজতলা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সঠিক নিয়মে যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সঠিক তথ্যের অভাবে কৃষকরা ভুল সময়ে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করেন, যা জমির উর্বরতা নষ্ট করার পাশাপাশি উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। তাই আইপিএম (IPM) বা সমন্বিত বালাই ব্যবস্থাপনার নীতি মেনে ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করা সবচেয়ে লাভজনক। প্রাকৃতিক পদ্ধতিতে বীজ শোধন, চারা প্রস্তুতকরণ পদ্ধতি। মাঠপর্যায়ে যান্ত্রিক এবং ধানের রোগ পোকা নিয়ন্ত্রনের জৈব পদ্ধতি এবং পোকা নিয়ন্ত্রণ করার রাসায়নিক দমন কৌশল নিয়ে আলোচনা করব।

​১. সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও ক্ষেতের ইকোসিস্টেম

​ধান ক্ষেতে পোকার উপস্থিতি মানেই ফসলের ক্ষতি নয়। ক্ষেতে দুই ধরণের পোকা থাকে—ক্ষতিকর শত্রু পোকা এবং উপকারী বন্ধু পোকা (যেমন: ফিঙে, মাকড়সা, লেডি বার্ড বিটল ইত্যাদি)।

​১.১ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মাত্রা (ETL) নির্ধারণ

​ক্ষেতে কয়েকটি পোকা দেখলেই তৎক্ষণাৎ কেমিক্যাল স্প্রে করা ক্ষতিকর। ক্ষতিকর পোকার সংখ্যা যখন একটি নির্দিষ্ট সীমার (Economic Threshold Level – ETL) উপরে পৌঁছায়, তখনই কেবল ঔষধ প্রয়োগের প্রয়োজন হয়। প্রাকৃতিক উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করলে শুরুতেই বন্ধু পোকাদের বাঁচিয়ে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

২. বীজ নির্বাচন, শোধন ও চারা তৈরি

​রোগমুক্ত সতেজ চারা পাওয়ার জন্য বীজ বাছাই এবং জৈব চিকিৎসায় শোধন করা সবচেয়ে কার্যকরী পদক্ষেপ।

​২.১ জৈব ও পরিবেশবান্ধব বীজ শোধন পদ্ধতি

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে বীজ শোধন ও রোগ দমনের।

  • লবণ জলে বীজ বাছাই: গোপন রোগ ও চিটে বীজ দূর করতে ১০ লিটার জলে একটি তাজা ডিম ছেড়ে ধীরে ধীরে প্রায় ১৬০ গ্রাম রান্নার লবণ মেশান, যতক্ষণ না ডিমটি ভেসে ওঠে। এবার এতে ধানের বীজ ঢেলে দিলে হালকা ও চিটে বীজ ভেসে উঠবে, যা ফেলে দিতে হবে। তলার পুষ্ট বীজগুলো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে।
  • গোমূত্র দ্রবণ শোধন: ধানের রোগ ও পোকা চিকিত্সা হিসেবে ২-৩ দিন মাটির কলসিতে রোদ খাইয়ে রাখা গোমূত্র নিন। ১ ভাগ গোমূত্রের সাথে ৪ ভাগ জল মিশিয়ে তাতে লবণ জল দিয়ে বাছাই করা পুষ্ট বীজ ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর বীজ ধুয়ে রোদ-ছায়ায় শুকিয়ে নিলে বীজবাহিত ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ দূর হয়।
  • ট্রাইকোডার্মা দিয়ে শোধন: ১ কেজি বীজের জন্য ১০ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি (Trichoderma viride) অথবা সিউডোমোনাস ফ্লুরোসেন্স গোবরের পাতলা কাথের সাথে মিশিয়ে বীজ শোধন করা যায়। এতে চারা অবস্থায় গোড়া পচা ও ব্লাস্ট রোগের আক্রমণ ঘটে না।

​৩. পরিবেশবান্ধব ও যান্ত্রিক পদ্ধতিতে পোকা দমন

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

​রাসায়নিকের উপর নির্ভরতা কমিয়ে প্রাথমিক অবস্থায় পরিবেশবান্ধব উপায়ে ও যান্ত্রিক পদ্ধতিতে ধানের পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণের জৈব পদ্ধতি হিসেবে নিচে বর্ণিত যান্ত্রিক উপায়গুলো বেশ কার্যকর:

  • পার্চিং বা পাখি বসার ডাল পোঁতা: ধান রোপণের পরপরই বিঘা প্রতি ১৫-১৮টি বাঁশের কঞ্চি বা ডাল পুঁতে দিতে হয়। এতে শালিক, ফিঙে ও পেঁচা বসে মাজরা, ফড়িং ও ইঁদুর শিকার করে খেয়ে ফেলে।
  • আলোক ফাঁদ ব্যবহার: চারা রোপণের ১৫ দিন পর থেকে সপ্তাহে ১-২ দিন সন্ধ্যার পর খেতের একপাশে আলোর ফাঁদ (লাইটের নিচে সাবান জল রাখা পাত্র) বসাতে হয়। এতে মাজরা, ভেপু, চুঙ্গি ও শ্যামা পোকার মথ আলোতে আকৃষ্ট হয়ে পাত্রের জলে পড়ে মারা যায়।
  • পচা টোপ ও হাতজাল ব্যবহার: গান্ধী পোকা দমনের জন্য পচা কাঁকড়া, শামুক বা আমসত্ত্ব ছোট মাটির পাত্রে রেখে ক্ষেতের ৩-৪ ফুট উঁচুতে টাঙিয়ে দেওয়া হয়। পোকা জমা হলে ওপর থেকে পলিথিন ব্যাগ চেপে সহজে সংগ্রহ করে মারা যায়। পামরী বা ছাতরা পোকা কমানোর জন্য জালের সাহায্যে পোকা সংগ্রহ করে ধ্বংস করা যায়।
 ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ: মাজরা, পাতা মোরা, শোষক পোকা দমনে বার্ড পার্চিং বা পাখি বসার যান্ত্রিক ফাদ দৃশ্য।
মাজরা, পাতা মোরা, শোষক পোকা দমনে বার্ড পার্চিং বা পাখি বসার যান্ত্রিক ফাদ দৃশ্য।

​৪. ধানের প্রধান ক্ষতিকর পোকা ও তাদের সুসংহত ব্যবস্থাপনা

​৪.১ ধানের মাজরা পোকা দমনের উপায় (Stem Borer)

  • আক্রমণের লক্ষণ: চারা অবস্থায় মূল কান্ড কেটে দিলে ‘মরঠা বা মরা ডিগ’ (Dead heart) দেখা যায় এবং থোড় বা শীষ আসার সময় আক্রমণ করলে ‘সাদা শীষ’ (White head) তৈরি হয়।​
  • অর্থনৈতিক ক্ষতিসীমা (ETL): রোপণের পর ও পাশকাঠি ছাড়ার সময় ৫% চারা আক্রান্ত হলে বা প্রতি বর্গমিটারে ১টি পূর্ণাঙ্গ মথ দেখা গেলে ব্যবস্থা নিতে হবে।

জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​বিঘা প্রতি ১৫-২০ কেজি নিম খৈল বা কাঁচা বাদাম খৈল মাটির সাথে মিশিয়ে ব্যবহার করুন।
  • ​১০% ঘনত্বের আকন্দের পাতা বাটা দ্রবণ (১২০ গ্রাম আকন্দ পাতা থেঁতো করে মাটিতে মেখে রোদ খাইয়ে ৮-১০ কেজি মিহি রোদের বালি বা মাটি মিশিয়ে) ছিটান।
  • ​১০ গ্রাম ডিটারজেন্ট/সাবান ১ লিটার জল দিয়ে গুলে স্প্রে করুন।
  • ​প্রথাগত জৈব অস্ত্র হিসেবে এ ক্ষেত্রে নিমাস্ত্র অথবা কান্ড ছিদ্রকারী শক্ত পোকার তীব্র আক্রমণের ক্ষেত্রে অগ্নিঅস্ত্র স্প্রে করা অত্যন্ত কার্যকর। (তৈরির সহজ নিয়ম জানতে পড়ুন: জৈব কীটনাশক তৈরির সঠিক পদ্ধতি)।

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।

  • কারটাপ (Cartap 50 SP): প্রতি লিটার জলে ১.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে।
  • অথবা ক্লোরএন্ড্রানিলিপ্রোল (Chlorantraniliprole 18.5% SC): প্রতি ১০ লিটার জলে ৩ মিলি মিশিয়ে ভালভাবে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।

​৪.২ বাদামী শোষক পোকা / কারেন্ট পোকা (Brown Planthopper – BPH)

  • আক্রমণের লক্ষণ: ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়। আক্রান্ত ক্ষেত আগুনে পুড়ে যাওয়ার মতো মনে হয়, যাকে ‘হপার বার্ন’ (Hopper burn) বলা হয়।
  • অর্থনৈতিক ক্ষতিসীমা (ETL): রোপণের পর প্রতি গোছায় ৫-১০টি পোকা এবং পাশকাঠি ছাড়ার সময় ১টি পোকা দেখা গেলে।

​জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​ধান গাছের সারির মাঝে গলি বা ফাঁকা পথ রাখুন যাতে আলো-বাতাস সহজে প্রবেশ করতে পারে।
  • ​জমিতে জমে থাকা জল সম্পূর্ণ নিষ্কাশন করে ৫-১০ দিন জমি শুকান।
  • ​৫% নিম তেলের দ্রবণ বা ১০০ গ্রাম ছোটকা (সাবান) ১ লিটার জলে গুলে স্প্রে করুন।
  • ​গোড়ার দিকে লুকিয়ে থাকা এই চুষি পোকা তাড়াতে ব্রহ্মাস্ত্র অথবা ১০টি ভেষজ পাতার নির্যাসযুক্ত দশপর্ণী অর্ক স্প্রে করলে দ্রুত ফল পাওয়া যায়।

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।

  • ​পাইমেট্রোজিন (Pymetrozine 50% WDG): প্রতি লিটার জলে ০.৬ গ্রাম মিশিয়ে ধান গাছের গোড়ায় স্প্রে করতে হবে।
  • ​অথবা ডিনোটোফুরান (Dinotefuran 20% SG): প্রতি ১০ লিটার জলে ৩ গ্রাম মিশিয়ে ব্যবহার করতে হবে।
ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ: ধানে অপকারী মাজরা পোকা, শোষক পোকা, শ্যাম পোকা, কারেন্ট পোকা, গান্ধী পোকা ও ধানের বাহিত রোগ ব্লাস্ট ইত্যাদি রোগ পোকা প্রাকৃতিক, জৈবিক ও রাসায়নিক উপায়ে প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা ও ছবি দৃশ্যে । Majra poka Damon er bisesh tips,
ধানে অপকারী কিছু পোকার দৃশ্য।

​৪.৩ গান্ধী পোকা

  • ​আক্রমণের লক্ষণ: চাল হওয়ার সময় ধানের দানায় দুধ থাকা অবস্থায় কচি দানার রস চুষে খায়। ফলে দানা চিটে হয়ে যায় এবং ক্ষেতে দুর্গন্ধ বের হয়।
  • ​অর্থনৈতিক ক্ষতিসীমা (ETL): ফুল আসার সময় এবং দানায় দুধ হওয়ার সময় প্রতি গোছায় ১টি পোকা থাকলে।

​জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​৩-৪ ফুট উঁচু কাঠির মাথায় পচা কাঁকড়া, শামুক বা আমসত্ত্ব ঝুলিয়ে পলিথিন ব্যাগের ফাঁদ পেতে পোকা সংগ্রহ করে মারুন।
  • ​৫% নিম তেলের দ্রবণ স্প্রে করুন অথবা ধান মুখ ঘোরার সময় সন্ধ্যাবেলা ৯ মিনিট হালকা ধোঁয়া দিন।
  • ​তীব্র গন্ধযুক্ত জৈব বিকর্ষক হিসেবে এই সময় নিমাস্ত্র স্প্রে করলে গান্ধী পোকা ক্ষেত থেকে দূরে থাকে। (নিমাস্ত্র প্রয়োগের মাত্রা জানতে ভিজিট করুন: নিমাস্ত্র স্প্রে করার সঠিক নিয়ম ও সুবিধা)।

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।

  • ​ম্যালাথিয়ন (Malathion 50% EC): প্রতি লিটার জলে ২ মিলি মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে।
  • ​অথবা সাইপারমেথ্রিন (Cypermethrin 10% EC): প্রতি লিটার জলে ১ মিলি মিশিয়ে প্রয়োগ করতে হবে।

​৪.৪ শ্যামা পোকা ও পাতা মোড়ানো পোকা

  • ​আক্রমণের লক্ষণ: পাতার রস চুষে খায়, পাতা মুড়িয়ে ভেতরে সবুজ অংশ খেয়ে ফেলে; ফলে পাতা হলুদ হয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হয়।
  • ​অর্থনৈতিক ক্ষতিসীমা (ETL): প্রতি গোছায় ২টি (পাশকাঠি ছাড়ার সময়) এবং থোড় আসার সময় গোছা প্রতি ৫-১০টি পোকা দেখলে।

​জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​আলোক ফাঁদ ব্যবহার করে পূর্ণাঙ্গ পোকা ধ্বংস করুন।
  • ১:২০ অনুপাতে গোমূত্র ও জলের মিশ্রণ স্প্রে করুন।
  • পাতা মোড়ানো বা পাতার আড়ালে থাকা পোকার জন্য শক্ত কার্যক্ষমতার ব্রহ্মাস্ত্র স্প্রে করা অত্যন্ত লাভজনক।

(বিস্তারিত জানতে পড়ুন: প্রাকৃতিক উপায়ে ব্রহ্মাস্ত্র তৈরির পদ্ধতি)

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

​যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।
​ইমিডাক্লোপ্রিড (Imidacloprid 17.8% SL): প্রতি ৩ লিটার জলে ১ মিলি মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে।

৫. ধানের প্রধান রোগ ও তাদের সঠিক ব্যবস্থাপনা

​ধান ক্ষেতে ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সঠিক সময়ে সনাক্তকরণ ও চিকিৎসা অত্যন্ত জরুরি।

​৫.১ ধানের ব্লাস্ট রোগ

  • আক্রমণের লক্ষণ: পাতায় উপবৃত্তাকার বা চোখের মতো দাগ পড়ে, যার চারপাশ বাদামী ও মাঝখানটা ধূসর হয়। থোড় বা শীষের গোড়ায় আক্রমণ হলে শীষ ভেঙে পড়ে ও দানা চিটে হয়ে যায় (গ্রীব ব্লাস্ট)।
  • ​অনুকূল আবহাওয়া: বাতাসে অতিরিক্ত আর্দ্রতা, রাতে শিশির এবং দিনের বেলা মেঘলা আবহাওয়া থাকলে এই রোগ দ্রুত ছড়ায়।

​জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​বীজ ফেলার আগে ট্রাইকোডার্মা ভিরিডি বা গোমূত্র দ্রবণ দিয়ে শোধন করে নেওয়া।
  • ​জমিতে সুষম সার ব্যবহার করা এবং অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ বন্ধ রাখা।
  • ​রোগ দেখা দিলে ১:১০ অনুপাতে খাঁটি গোমূত্র ও জলের দ্রবণ স্প্রে করা।
  • ​ছত্রাকজনিত রোগ প্রতিরোধে প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে অগ্নিঅস্ত্র বা জৈব ছত্রাকনাশক স্প্রে করা কার্যকর।
  • (বিস্তারিত জানুন: জৈব উপায়ে ছত্রাকনাশক তৈরি ও ব্যবহারের নিয়ম)।

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।

  • ​ট্রাইসাইক্লাজোল (Tricyclazole 75% WP): প্রতি লিটার জলে ০.৭৫ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে।
  • ​অথবা আইসোপ্রোথিওলেন (Isoprothiolane 40% EC): প্রতি লিটার জলে ১.৫ মিলি মিশিয়ে ৭-১০ দিন পর পর দুই বার স্প্রে করা।

​৫.২ খোল পোড়া রোগ

  • ​আক্রমণের লক্ষণ: ধান গাছের মাটির ঠিক ওপরে খোলের ওপর সাপের চামড়ার মতো ধূসর-সবুজ বা বাদামী দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগগুলো উপরের দিকে ছড়ায়।

​জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​জমিতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের জন্য চারা ঘন করে না রোপণ করা।
  • ​আক্রান্ত গাছের চারপাশের জল বের করে দিয়ে জমি কিছুদিন শুকানো।
  • ​বিঘা প্রতি ১০-১৫ কেজি নিম খৈল প্রয়োগ করা।
  • ​জৈব উপায়ে গোড়া পচা ও খোল পোড়া রুখতে ১০টি ভেষজ পাতার ক্বাথ অর্থাৎ দশপর্ণী অর্ক স্প্রে করা লাভজনক।

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।

  • ​হেক্সাকোনাজোল (Hexaconazole 5% EC): প্রতি লিটার জলে ২ মিলি মিশিয়ে গাছের গোড়াসহ ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে।
  • ​অথবা অ্যাজোক্সিস্ট্রবিন + ডাইফেনোকোনাজোল (Azoxystrobin + Difenoconazole): প্রতি লিটার জলে ১ মিলি মিশিয়ে স্প্রে করা।

​৫.৩ খোল পচা রোগ

  • ​আক্রমণের লক্ষণ: ফ্ল্যাগ লিফ বা ধ্বজা পাতার খোলে বাদামী বা ধূসর রঙ্গের ছোপ ছোপ দাগ পড়ে। থোড় থেকে শীষ পুরোপুরি বের হতে পারে না বা শীষের ধান চিটে হয়ে যায়।

​জৈব ও প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ

​প্রথমে চেষ্টা করুন জৈব বা প্রাকৃতিক উপায়ে দমনের।

  • ​পটাশ সার সঠিক মাত্রায় প্রয়োগ করা, কারণ পটাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ​নিম তেলের দ্রবণ (৫ মিলি প্রতি লিটার জল) স্প্রে করা।
  • ​প্রাকৃতিক প্রতিরোধক অর্ক হিসেবে ব্রহ্মাস্ত্র বা নিমাস্ত্র ছিটানো। (বিস্তারিত জানুন: ব্রহ্মাস্ত্র ও নিমাস্ত্র স্প্রে করার নিয়ম)।

​রাসায়নিক উপায়ে চিকিৎসা

​যদি জৈব উপায়ে না কমে বা কারণবশত আক্রান্তের পরিমাণ বাড়ে, তবেই রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন।
​কারবেন্ডাজিম + ম্যানকোজেব (Carbendazim 12% + Mancozeb 63% WP): প্রতি লিটার জলে ২ গ্রাম মিশিয়ে ৮-১০ দিন পর পর স্প্রে করতে হবে।

৬. ধানের সুরক্ষা ও সফল চাষাবাদের সারসংক্ষেপ

​ধান চাষে সফলতা অর্জন করতে হলে প্রাকৃতিক পরিবেশ ও মাটির স্বাস্থ্য ঠিক রেখে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) নীতি অনুসরণ করা উচিত।

  • ​শুরু থেকেই সুরক্ষা: লবণ জল ও গোমূত্রে সঠিক উপায়ে বীজ শোধন নিশ্চিত করুন।
  • ​যান্ত্রিক কৌশলের প্রাধান্য: পার্চিং (পাখি বসার ডাল) এবং আলোক ফাঁদের মতো কম খরচের প্রাকৃতিক উপায়ে পোকা নিয়ন্ত্রণে রাখুন।
  • ​জৈব ও ভেষজ অর্কের অগ্রাধিকার: প্রাথমিক পোকা ও রোগ দমনে নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র, ব্রহ্মাস্ত্র ও দশপর্ণী অর্কের মতো পরিবেশবান্ধব জৈব ঔষধ ব্যবহার করুন।
  • ​পরিমিত রাসায়নিক ব্যবহার: জৈব উপায়ে সমাধান না হলে এবং আক্রমণ মারাত্মক রূপ নিলে তবেই নির্দিষ্ট মাত্রায় স্বীকৃত রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করুন।

স্বাস্থসম্মত ফসল ও পরিবেশ রক্ষা করে টেকসই ধান চাষের দিকে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ফসল উৎপাদন শুধু নয়, খরচ কমিয়ে ফসল উৎপাদ করে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ বর্তমানে সময়ের দাবি।

২. প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (FAQ)

প্রশ্ন:১. ধানের মাজরা পোকা দমনের সেরা জৈব উপায় কোনটি?

উত্তর: বিঘা প্রতি ১৫-১৮টি পাখি বসার ডাল (পার্চিং) পুঁতে দেওয়া, আলোক ফাঁদ ব্যবহার এবং প্রাথমিক অবস্থায় নিমাস্ত্র বা অগ্নিঅস্ত্র স্প্রে করা মাজরা পোকা দমনের সবচেয়ে সেরা জৈব উপায়।

প্রশ্ন: ২. বীজ শোধনে গোমূত্র কীভাবে কাজ করে?

উত্তর: ১ ভাগ গোমূত্রের সাথে ৪ ভাগ জল মিশিয়ে তাতে বীজ ২ ঘণ্টা ভিজিয়ে রাখলে বীজবাহিত মারাত্মক ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ দূর হয় এবং চারা দ্রুত ও সতেজ হয়ে বাড়ে।

প্রশ্ন: ৩. কখন ধান ক্ষেতে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা উচিত?

উত্তর: যখন পোকার আক্রমণ অর্থনৈতিক ক্ষতিসীমা (ETL) অতিক্রম করে এবং জৈব বা যান্ত্রিক উপায়ে আক্রান্তের পরিমাণ কমে না, কেবল তখনই পরিমিত মাত্রায় সঠিক রাসায়নিক স্প্রে করা উচিত।

তথ্যসূত্র ও সহায়ক গ্রন্থাবলী

  • ​ধান চাষের বালাই ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)।
  • ​Rice Knowledge Bank & Rice Doctor, International Rice Research Institute (IRRI)।
  • ​কীটপতঙ্গ ও বালাই সুরক্ষা নির্দেশিকা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV), পশ্চিমবঙ্গ।
  • ​সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) ও জৈব কৃষি গাইড, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top