একাঙ্গী চাষ পদ্ধতি ও লাভ: বিঘা প্রতি বিপুল আয়ের সেরা উপায়

একাঙ্গী চাষ পদ্ধতি। জানুন একাঙ্গী কি?  একানি কিভাবে চাষ করে? কি কি সার লাগে , রোগ পোকা নিয়ন্ত্রণ। Ekangi chash podhati o Labh।
একাঙ্গী চাষ এর দৃশ্য।

আমাদের গ্রামীণ অর্থনীতিতে প্রথাগত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ভেষজ শস্য চাষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধান বা অন্যান্য প্রধান ফসলের সাথে সাথি ফসল কিংবা ছায়াযুক্ত পতিত জমিতে একাঙ্গী চাষ (Kaempferia galanga) বর্তমানে কৃষক ভাইদের জন্য একটি দারুণ লাভজনক বিকল্প হয়ে উঠেছে। আপনি যদি কম খরচে এবং সামান্য পরিচর্যায় দীর্ঘমেয়াদী ভালো আয়ের পথ খোঁজেন, তবে একাঙ্গী চাষ আপনার খামারে নতুন দিশা দেখাতে পারে।

​এই নিবন্ধে আমরা একাঙ্গী চাষ পদ্ধতি, আধুনিক পরিচর্যা, জৈব ও রাসায়নিক রোগ-পোকা দমন এবং একাঙ্গী চাষের লাভ ও বিপণন ব্যবস্থা নিয়ে ফিল্ড-ভিত্তিক বিস্তারিত আলোচনা করব।

সূচিপত্র

​১. একাঙ্গী কী এবং বৈশিষ্ট্য?

​একাঙ্গী হলো আদা ও হলুদ পরিবারের (Zingiberaceae) অন্তর্ভুক্ত একটি সুগন্ধি ও বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। আয়ুর্বেদিক সংহিতায় এটি ‘চন্দ্র মূলিকা’ বা ‘সুগন্ধবচা’ নামে পরিচিত। যেসাধারণ ভাষায় ইন্ডিয়ান ক্রোকাস, অ্যারোমেটিক জিংজার, স্যান্ড জিংজার, কেনচুর বা একাঙ্গী নামে পরিচিত। এটি মূলত দক্ষিণ এশীয় অঞ্চল, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে উৎপত্তি লাভ করেছে বলে মনে করা হয়। মাটির ছোঁয়া পেয়ে ছোট ছোট সবুজ পাতার আড়ালে এটি বেড়ে ওঠে এবং মাটির নিচে এর অত্যন্ত সুগন্ধি কন্দ বা রাইজোম তৈরি হয়। এটা কে গ্রাম বাংলার ভাষায় কৃষকরা একানি চাষ বলে থাকে।

​ একাঙ্গী বৈশিষ্ট্য

  • ​১. উদ্ভিদের বাহ্যিক রূপ: এটি একটি ছায়াপ্রিয় বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ, যার পাতলা ও গাঢ় সবুজ রঙের গোলাকার পাতাগুলো মাটির সাথে একদম সমান্তরালভাবে ছড়ানো থাকে। ফুলগুলো সাদা রঙের এবং তাতে বেগুনি রঙের ছোপ থাকে। এটি ২০ থেকে ৩৫ ডিগ্রি উষ্ণ আদ্র ক্রান্তীয় অঞ্চলে বিশেষ করে পলি মাটিতে ভাল জন্মায়। এটি আদা পরিবারের এক বিজপত্রী উদ্ভিদ এবং ৮ মাসে ফসল তোলা সম্পুর্ন হয়।
  • ২. ভূগর্ভস্থ সুগন্ধি কন্দ : মাটির নিচে অত্যন্ত সুগন্ধযুক্ত প্রধান রাইজোম/কন্দ এবং তার সাথে ছোট ছোট গৌণ কন্দ ও শিকড় থাকে, যা উদ্ভিদের মূল বাণিজ্যিক ও ব্যবহারযোগ্য অংশ।
  • ​৩. রাসায়নিক উপাদান ও এসেনশিয়াল অয়েল : কন্দে ২.৫% থেকে ৪% পর্যন্ত সুগন্ধি উদ্বায়ী তেল থাকে। এর প্রধান সক্রিয় রাসায়নিক উপাদান হলো Ethyl-trans p-methoxycinnamate (১৬.৫%), যা ওষুধ ও প্রসাধন তৈরিতে অত্যন্ত কার্যকরী।
  • ​৪. ছায়াপ্রিয় ও সাথি ফসল : খোলা জমির চেয়ে সুপারি বা নারকেল বাগানের নিচে আন্তঃফসল/সাথি ফসল হিসেবে চাষ করলে এর কন্দের ফলন (হেক্টর প্রতি ৬.১ টন পর্যন্ত) ও গুণমান অনেক বৃদ্ধি পায়।
  • ​৫. বহুমুখী ভেষজ ও বাণিজ্যিক গুণাবলি : এটি প্রায় ৫৯টিরও বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রধান উপাদান। বাতের ব্যথা, হাঁপানি, হজমের সমস্যা, চর্মরোগ নিরাময়ের পাশাপাশি এতে শক্তিশালী অ্যান্টি-ক্যান্সার, অ্যান্টি-অক্সিডেন্ট ও মশার লার্ভা ধ্বংসকারী গুণ রয়েছে।

আরো দেখুন অশ্বগন্ধা চাষ আধুনিক পদ্ধতি: লাখ টাকা আয়ের মার্কেটিং কৌশল

​২. একাঙ্গীর বীজ (রাইজোম) কোথায় পাবেন এবং বীজের দাম কত?

​সফলভাবে একাঙ্গী চাষ শুরু করার আগে সবচেয়ে প্রধান কাজ হলো রোগমুক্ত ও উন্নত মানের একাঙ্গীর বীজ কন্দ সংগ্রহ করা।

​ভারত ও বাংলাদেশের নির্ভরযোগ্য বীজ উৎস:

  • ​রাজ্য সরকারি উদ্যানপালন দপ্তর ।
  • ​জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদ (NMPB) স্বীকৃত নিবন্ধিত ভেষজ ফার্ম ও নার্সারি থেকে চাষের জন্য একাঙ্গীর বীজ পাওয়া যায়।
  • ​স্থানীয় কৃষক উৎপাদক কোম্পানী (FPC) বা কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK)।
  • ​উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV)-এর সংলগ্ন মসলা ও ভেষজ গবেষণা কেন্দ্র।
  • ​বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর আওতাধীন মসলা গবেষণা কেন্দ্র (বগুড়া, রংপুর ও গাজীপুর)।
  • ​বিএআরসি (BARC) নিবন্ধিত অনুমোদিত ঔষধি নার্সারি।
  • ​স্থানীয় অভিজ্ঞ কন্দ চাষী বা মসলা সংগ্রাহক আড়ত থেকে একাঙ্গীর বীজ কেনা যায়।

​বীজের আনুমানিক বাজার দর:

​রোপণের জন্য সুগঠিত ও তাজা একাঙ্গীর বীজ কন্দের (Seed Rhizome) আনুমানিক বাজার দর প্রতি কেজি ১২০ থেকে ১৮০ টাকা (বাংলাদেশে ১৫০ থেকে ২৫০ টাকা)। গবেষণা অনুযায়ী, ফিঙ্গার রাইজোমের তুলনায় প্রধান বা ‘মাদার রাইজোম’ বীজ হিসেবে ব্যবহার করলে একাঙ্গী চাষ থেকে প্রাপ্ত ফলন ও ওলিওরেসিন (oleoresin) গুণমান অনেক উন্নত হয়।

​৩. একাঙ্গী চাষের উপযুক্ত আবহাওয়া ও মাটি

উষ্ণ ও আর্দ্র জলবায়ু একাঙ্গী চাষের জন্য সবচেয়ে অনুকূল। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৫০০ মিটার উচ্চতা পর্যন্ত এটি জন্মায়।

  • ​বৃষ্টিপাত ও তাপমাত্রা: বার্ষিক ১৫০০ থেকে ২৫০০ মিমি বৃষ্টিপাত এবং ২১°C থেকে ৩০°C তাপমাত্রা গাছের দ্রুত বৃদ্ধির জন্য উপযোগী।
  • ​মাটির গঠন: জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে এমন জৈব পদার্থ সমৃদ্ধ বেলে-দোআঁশ বা পলি-দোআঁশ মাটিতে একাঙ্গী চাষ করলে সেরা ফলন মেলে।
  • ​মাটির অম্লতা (pH): মাটির পিএইচ (pH) ৫.৫ থেকে ৬.৫ হলে একাঙ্গী চাষে কন্দ বা রাইজোমের আকার বেশ মোটা ও সুগঠিত হয়।
  • ​কৃষিবিদদের জরুরি পরামর্শ: অতিরিক্ত কাদা মাটি বা যে জমিতে বর্ষার সময় বেশি দিন জল জমে থাকে, সেখানে একাঙ্গী চাষ করলে কন্দ পচা রোগের ঝুঁকি বাড়ে। তাই ঢালু বা জল নিকাশিযুক্ত উঁচু জমি নির্বাচন করা উচিত।

৪. একাঙ্গী ​রোপণের সময় ও বীজের পরিমাণ:

  • উপযুক্ত সময়: বৈশাখ-জ্যৈষ্ঠ (মে-জুন) মাসের প্রথম বৃষ্টিপাতের সাথে সাথে সঠিক একাঙ্গী চাষ পদ্ধতি অনুসরণ করে বীজ রোপণ করা ভালো।
  • বীজের পরিমাণ: ৩৩ শতক (১ বিঘা) জমিতে একাঙ্গী চাষ করার জন্য প্রায় ১১০ থেকে ১৩০ কেজি একাঙ্গীর বীজ কন্দের প্রয়োজন হয় (হেক্টর প্রতি ৮৪০-১৭০০ কেজি হিসাব অনুসারে)।
  • রোপণের দূরত্ব: উন্নত একাঙ্গী চাষ পদ্ধতি অনুযায়ী সারি থেকে সারির দূরত্ব ৩০ সেমি এবং গাছ থেকে গাছের দূরত্ব ২০ সেমি রেখে ২-৩ সেমি গভীরতায় সুস্থ কন্দ পুঁতে হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। রোপণের জন্য সাঈড এর আঙুল কন্দ গুলি ছেড়ে দিয়ে মুল অংশ বেছে নিন রোপণের জন্য। রোপণের পূর্বে বীজ গুলি ট্রাইকোডার্মা বা বীজামৃত দিয়ে শোধন করে নিন।

আরো দেখুন প্রাকৃতিক কৃষির দর্শন: মুল ভাবনা ও কৃষি গবেষকদের বৈজ্ঞানিক মতামত।

৫. ছায়াযুক্ত স্থানে ও আন্তঃফসল হিসেবে একাঙ্গী চাষ

​প্রথাগত ফসলের পাশাপাশি পরিত্যক্ত ছায়াযুক্ত জমি ব্যবহার করে বাড়তি আয় করার জন্য একাঙ্গী চাষ অত্যন্ত কার্যকরী।

  • অনুকূল ছায়াবেষ্টনী: একাঙ্গী চাষ পদ্ধতি অনুযায়ী এই গাছ ৩০-৫০% হালকা ছায়ায় সবচেয়ে ভালো বৃদ্ধি পায়।
  • উপযুক্ত বাগান: সুপারি, নারকেল, আম, লিচু বা রবার বাগানের ফাঁকা ছায়াযুক্ত স্থানে সাথি ফসল হিসেবে একাঙ্গী চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং অতিরিক্ত লাভ মেলে।
  • ধান ও অন্যান্য ফসলের সাথে: ধানের আইলে বা উঁচু জমিতে ধান চাষের পাশাপাশি অতিরিক্ত আয় নিশ্চিত করতে একাঙ্গী চাষের লাভ অতুলনীয়।

​৪. একাঙ্গী চাষে সার প্রয়োগ ও পরিচর্যা

​জমি প্রস্তুতির সময় মাটি পরীক্ষা করিয়ে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চাষের জমিতে সার ও অন্যান্য উপকরণ দেওয়া উচিত। কারণ একাঙ্গীর প্রধান সমস্যা গোড়া পচা (কন্দ পচা)। তাই মাটির pH এবং নেমাটোড (কৃমি) ঘটিত রোগ এড়ানোর জন্য মাটি জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। একানি চাষ করতে গিয়ে কৃষক রা মূলত রোগের কারণে ক্ষতির শিকার হয় কিছু ভুলের কারণে। তাই রোগ মুক্ত উৎপাদন ও ভালো দাম পেতে জৈব পদ্ধতি অনুসরণ করা উচিত। আমরা একটি জমির স্বাভাবিক স্বাস্থ্য অনুসারে নিচে জৈব ও সার প্রয়োগের তথ্য দিলাম:

​১. জৈব নিয়মে একানি চাষ (মাটি শোধন ও জৈব সার)

মে মাসে একানী চাষ করতে হলে এপ্রিল মাসে জমি প্রস্তির কাজ শুরু করতে হবে।​মূল জমি তৈরির অন্তত ৭ থেকে ১০ দিন আগে জৈব শোধন শেষ করতে হবে। শেষ চাষের আগে জৈব সার দিয়ে রোপণ করতে হবে। নিচে জৈব ভাবে রোগ মুক্ত একাঙ্গী উৎপাদনে জমি প্রস্তুতি ও সার প্রয়োগ নিয়ম দেওয়া হল।

  • মাটির pH নিয়ন্ত্রণ: মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মাটির pH ৬.০ এর নিচে থাকলে বিঘায় (৩৩ শতক) ২৫-৩০ কেজি কৃষি চুন প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। (মনে রাখবেন, চুন দেওয়ার অন্তত ৫-৭ দিন পর ট্রাইকোডার্মা ও জীবাণু সার ব্যবহার করতে হবে)।
  • জৈব সার ও জীবাণু শোধন: প্রতি বিঘায় (৩৩ শতক) ২ থেকে ২.৫ টন পচা গোবর সার বা কম্পোস্টের সাথে ২ কেজি ট্রাইকোডার্মা ভিরিডি, ১-২ কেজি পিএসবি (PSB) ও অ্যাজোস্পাইরিলাম/অ্যাজোটোব্যাকটেরিয়া (জীবাণু সার) এবং ৩০-৪০ কেজি নিম খৈল ভালো করে মিশিয়ে হালকা ছায়ায় ৭ দিন ঢেকে রাখতে হবে।
  • জমি প্রয়োগ: ৭ দিন পর এই অনুজীব সমৃদ্ধ গোবর সারটি জমিতে ছড়িয়ে শেষ চাষের মাধ্যমে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে মাটির ক্ষতিকারক ছত্রাক ও নেমাটোড (কৃমি) ধ্বংস হবে এবং মাটির স্বাস্থ্য উন্নত হবে।
  • অথবা প্রাকৃতিক চাষ নিয়ম: যদি পর্যাপ্ত পরিমাণে গোবর ও জীবাণু সার উপলব্ধ না থাকে এবং ঘাসের উপদ্রব বেশি থাকে তবে মাটি শোধন এর 7 দিন পর বাড়িতে ঘন জীবামৃত তৈরি করুন এবং বিঘা প্রতি ১ কুইন্টাল ছড়িয়ে দিয়ে চাষ দিন এবং জীবামৃত দিয়ে ভিজিয়ে দিন।
  • ১০-১৫ দিন পর: কিছু দিন পর জমিতে ঘাস বেরিয়ে আসলে আবার একটি চাষ দিন এবং চাষ এর পর রোগ মুক্ত একানি চাষের জন্য বর্ষায় জল নিকাশি জন্য বেড তৈরি করতে হবে।
  • জল নিকাশি সুবিধা: চারা বা বীজ কন্দ রোপণের জন্য ১ মিটার চওড়া এবং ২৫-৩০ সেমি উঁচু বেড বা বাফসা তৈরি করা ভালো, যাতে বৃষ্টির উদ্বৃত্ত জল নালীর মাধ্যমে বের হয়ে যেতে পারে এবং কম জলে ভালো ফলন হয়। বেড করার আগে বেড এর জায়গা চিহ্নিত করণ করে নিয়ে আবার ১ কুইন্টাল ঘন জীবামৃত ছড়িয়ে দিয়ে মাটি তুলে ঢেকে দিতে হবে।
  • আচ্ছাদিন বা মালচিং: বীজ রোপণ করার পর বেড গুলি ঢেকে দিতে হবে খর, গাছের পাতা, ইত্যাদি দিয়ে তবে সাথে কিছু নিম পাতা মিশ্রিত থাকলে ভালো হয়। আচ্ছাদন দেওয়ার কারণে ঘাস হবে না, মাটিতে আর্দ্রতা বজায় থাকবে, উপকারী অণুজীব সক্রিয় থাকবে এবং মাটিতে জৈবসার বৃদ্ধি পাবে।
  • রোপণ পরবর্তী পরিচর্যা: রোপণের পর ১৫ দিন অন্তর জলের সাথে জীবামৃত প্রয়োগ করতে হবে। তবে সেচ দেওয়ার সময় কোনো ভাবেই সেচের জল যেন বেডের মাটির উপর উঠে না যায় লক্ষ রাখতে হবে। এতে গাছ তার প্রয়োজন অনুসারে জল পাবে। মাটি ভুরভুরা থাকবে। মাটির ভেতরে ছিদ্রগুলো বায়ু সমৃদ্ধ অক্সিজেন থাকবে ও অণুজীব, কেঁচো সক্রিয় থাকবে। উপকারী ব্যকটেরিয়া বা জীবাণু গুলি মাটিতে অপকারী জীবাণু কে ধ্বংস করতে সমর্থ হবে।

বিশেষ দ্রষ্টব্য: প্রাকৃতিক নিয়মে চাষ করলে চাষের সময় বাড়িতে বা ছায়া জায়গায় ঘন জীবামৃত তৈরি কাজ শুরু করতে হবে এবং মাটি শোধন হয়ে গেলে মাটিতে প্রয়োগ করতে হবে। যত পুরনো হবে তত সারের শক্তি বাড়বে জীবাণু সংখ্যা বেড়ে। [ বাড়িতে ঘন জীবামৃত, জীবামৃত তৈরি ও ব্যবহার জানতে এখানে ক্লিক করুন]

​​২. রসায়নিক সার প্রয়োগ করে চাষ

রসায়নিক সার প্রয়োগ করে চাষ করলেও জৈব নিয়মের মাটি শোধন কাজটি আগে করে নিতে হবে ও গোবর সর দিয়ে চাষ দিত হবে । জৈব শোধনের ৭-১০ দিন পর, রোপণের ঠিক আগে বা শেষ চাষের দিনে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে: ( মনে রাখবেন রাসায়নিক চাষে গোরা পচার সম্ভাবনা বেশি থাকে)

মোট রাসায়নিক সার এর ডোজ (৩৩ শতক/১ বিঘায়)

এখানে সারের হিসাব টি একটি স্বাভাবিক মাটির হিসাবে দেওয়া হল। মাটির অবস্থা ভেদে পরিমাণ কম বেশি হতে পারে তাই রোপণের পূর্বে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দেওয়া উচিত।

  • ইউরিয়া: ১৫-১৭ কেজি।
  • SSP(ফসফেট) ৪২ কেজি।
  • MOP (পটাশ) : ১১-১২ কেজি।

রোপণের সময় ব্যাসাল ডোজ (ফাইনাল চাষের আগে)

  • ​ইউরিয়া: ৫ কেজি
  • SSP (ফসফেট): ৪২ কেজি।
  • ​এমওপি (পটাশ): ৪ কেজি
  • ​অণুখাদ্য: কন্দ গঠনের সুবিধার্থে জিংক সালফেট ২ কেজি ও বোরন ১.৫ কেজি মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

​প্রথম চাপান (রোপণের ৪৫ দিন পর আগাছা দমন করে):

  • ​ইউরিয়া: ৫ থেকে ৬ কেজি
  • ​এমওপি (পটাশ): ৩.৫-৪কেজি
  • (সার দেওয়ার আগে জমির আগাছা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গোড়া থেকে কিছুটা দূরে সার ছড়িয়ে সেচ দিতে হবে।)

​দ্বিতীয় চাপান (রোপণের ৯০ দিন পর আগাছা দমন করে)

  • ​ইউরিয়া: ৫ থেকে ৬ কেজি
  • ​এমওপি (পটাশ): ৩.৫থেকে ৪ কেজি
  • (এই সময়ে মাটির নিচে কন্দ দ্রুত বাড়ে, তাই পটাশের চাহিদা বেশি থাকে। সার দিয়ে গাছের গোড়ায় হালকা মাটি তুলে দিতে হবে।)

​২. আচ্ছাদন (Mulching) ও পরিচর্যা

​বীজ কন্দ রোপণ করে হালকা মাটি চাপা দেওয়ার ১-২ দিনের মধ্যেই (চারা গজানোর আগে) পুরো জমি খড়, শুকনো পাতা বা সুপারি পাতা দিয়ে ৩-৪ ইঞ্চি পুরু স্তর করে ঢেকে দিতে হবে। এতে মাটির রস বজায় থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং আগাছা দমন হয়।

​৭. সেচ ও আগাছা নিয়ন্ত্রণ

  • সেচ ব্যবস্থাপনা: বৃষ্টির দিনে বাড়তি সেচের প্রয়োজন হয় না। তবে রোপণের পর দীর্ঘ শুষ্ক আবহাওয়া থাকলে হালকা সেচ দিতে হবে। জলের জমাটবদ্ধতা এড়াতে জল নিকাশি নালা সর্বদা পরিষ্কার রাখা আবশ্যক।
  • আগাছা দমন: রোপণের ৩০-৪৫ দিন পর প্রথমবার এবং ৮০-৯০ দিন পর দ্বিতীয়বার হালকা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে।

​৮. রোগ ও পোকা-মাকড় ব্যবস্থাপনা

​সাধারণত একাঙ্গী চাষ করতে গেলে পোকা বা রোগের আক্রমণ খুব কম হয়। তবে অস সতর্কতার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে:

​১. কন্দ পচা রোগ :

  • লক্ষণ: মাটির নিচে কন্দ পচে যায় এবং গাছ হলুদ হয়ে শুকিয়ে যায়।
  • প্রতিকার: জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে। রোপণের আগে একাঙ্গীর বীজ ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হারজিয়ানাম দিয়ে শোধন করে নেওয়া উচিত। রাসায়নিক ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড (৪ গ্রাম/লিটার জলে) গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে।

​২. পাতা ঝলসানো রোগ :

  • লক্ষণ: পাতায় বাদামী ছোপ দেখা যায়।
  • প্রতিকার: জৈব পদ্ধতি হিসেবে নিম তেল (৫ মিলি/লিটার জলে) বা বর্দ দ্রবণ মিশ্রণ ১%, অথবা সাফ (Saaf) ফাংগিসাইড ২ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: প্রাকৃতিক চাষ নিয়ম রোগ দমন করা ভালো এটি স্থায়ী হয়। কিভাবে একানি রোগ দমন করবেন বাড়িতে ঔষধ তৈরি করে জানতে ক্লিক করুন [ জৈব উপায়ে রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি]

​৯. ফলন সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ

  • সংগ্রহের সময়: রোপণের ৮ মাশ পর ডিসেম্বর মাসে যখন গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়তে শুরু করে, তখন কন্দ তোলার উপযুক্ত সময় হয়।
  • তোলার পদ্ধতি: কোদাল বা নিড়ানি দিয়ে সাবধানে মাটি খুঁড়ে কন্দ তুলে নিতে হবে যাতে কন্দ কেটে না যায়।
  • প্রক্রিয়াজাতকরণ: কন্দ তোলার পর পরিষ্কার জলে ধুয়ে মাটি ছাড়িয়ে নিতে হবে। বিক্রি করার উদ্দেশ্যে কন্দ ছোট ছোট চাকা করে কেটে রোদে শুকিয়ে রাখা হয়, যা দীর্ঘ দিন সংরক্ষণ করা যায়।

১০. বিঘা প্রতি ফলন ও একাঙ্গী চাষের লাভ

  • সঠিক একাঙ্গী চাষ পদ্ধতি অনুসরণ করলে প্রতি বিঘায় দুর্দান্ত ফলন পাওয়া যায়।
  • ​কাঁচা কন্দের ফলন: প্রতি বিঘায় (৩৩ শতক) প্রায় ১০ থেকে ১২ টন কুইন্টাল তাজা কন্দ পাওয়া যায়।
  • শুকনো কন্দের হিসাব: শুকানোর পর কাঁচা কন্দের প্রায় ২৫-৩০% শুকনো কন্দ মেলে (বিঘায় প্রায় ৩০০ – ৪০০ কেজি)।
  • পাউডার করে হিসাব: প্রক্রিয়াজাত করে ভালো প্যাকেজ ব্রান্ড হলে ১ -২ লক্ষ টাকা কুইন্টাল বিক্রয় হয়।
  • আয়ের হিসাব: বাজারে শুকনো একাঙ্গীর পাইকারী দর প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • খরচ ও নিট লাভ: বিঘা প্রতি উৎপাদন খরচ প্রায় ৩০,০০০ – ৪০,০০০ টাকা। সব খরচ বাদ দিয়ে একাঙ্গী চাষের লাভ বিঘা প্রতি প্রায় ২০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

১১. একাঙ্গীর ভেষজ গুণাগুণ ও আয়ুর্বেদিক ব্যবহার

​একাঙ্গী চাষের লাভ কেবল বাণিজ্যিক কন্দ বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রাচীন ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এক অপরিহার্য উপাদান।

​একাঙ্গী বা একানি কি কাজে ব্যবহার হয়?

  • পাকস্থলী ও হজমের সমস্যায়: একাঙ্গীর কন্দ অরুচি, বদহজম, পেটের পীড়া, আলসার ও ডায়রিয়া নিরাময়ে চমৎকার কাজ করে।
  • বাত ও ব্যথানাশক: বাতের ব্যথা, পেশির টান ও ফোলা ভাব কমাতে এর কন্দ গরম করে বা পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে মালিশ করা হয়।
  • শ্বাসকষ্ট ও কফ-কাশি: শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং দীর্ঘদিনের কফ-কাশি উপশমে এর কন্দের রস বা চূর্ণ মধুর সাথে খাওয়া হয়।
  • চর্মরোগ ও ক্ষত সরাতে: একাঙ্গীর কন্দে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান, যা ত্বকের ক্ষত, ফোড়া, কুষ্ঠ রোগ এবং চর্মরোগ দূর করতে সাহায্য করে।
  • স্মৃতিশক্তি ও বলবর্ধক: একাঙ্গীর নির্যাস ক্লান্তি দূর করতে, অবসাদ কাটাতে এবং দেহের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

​১২. ভারত ও বাংলাদেশে একাঙ্গী বিক্রির বাজার এবং আন্তর্জাতিক সম্ভাবনা

​একটি ফসল ফলানোর পর কৃষক ভাইয়েরা সবচেয়ে বড় যে প্রশ্নের মুখোমুখি হন তা হলো—”পণ্যটি কোথায় বিক্রি করব?” সঠিক বাজারজাতকরণ জানা থাকলে একাঙ্গী চাষ থেকে বিপুল মুনাফা অর্জন করা সম্ভব।

​ক. ভারতে একাঙ্গী বিক্রির নির্ভরযোগ্য আড়ত ও মাধ্যম:

  • ​১. পাইকারি ভেষজ ও মসলা বাজার: পশ্চিমবঙ্গের বড়বাজার (কলকাতা), শিলিগুড়ি ধূপগুড়ির ভেষজ আড়ত এবং শিলিগুড়ি মহাবীরস্থানের ঐতিহ্যবাহী মসলার বাজারে পাইকারি দর মেলে। দক্ষিণ ভারতের কেরালা ও কর্ণাটকের প্রধান মসলা মান্ডিতে এর ব্যাপক চাহিদা রয়েছে।
  • ২. আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান: ডাবর, বৈদ্যনাথ, পতঞ্জলি এবং হিমালয়া-র মতো শীর্ষস্থানীয় ভেষজ সংস্থাগুলোর সাথে চুক্তিভিত্তিক চাষ বা সরাসরি সরবরাহের সুযোগ রয়েছে।
  • ৩. অনলাইন বিটুবি (B2B) ডিজিটাল প্ল্যাটফর্ম: ইন্ডিয়ামার্ট বা ট্রেডইন্ডিয়ার মতো প্ল্যাটফর্মে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে দেশ-বিদেশের পাইকারি ক্রেতাদের কাছে সরাসরি চড়া দামে শুকানো কন্দ বিক্রি করা যায়।

​খ. বাংলাদেশে একাঙ্গী বিক্রির আড়ত ও মাধ্যম:

​১. প্রধান পাইকারি ভেষজ ও মসলার বাজার:

​পুরান ঢাকার চকবাজার ও মৌলভীবাজারের ভেষজ আড়ত।
​চট্টগ্রাম খাতুনগঞ্জ মসলা বাজার এবং বগুড়া, রংপুর ও যশোরের স্থানীয় মসলা ও কবিরাজি আড়ত।

২. ফার্মাসিউটিক্যালস ও ভেষজ প্রতিষ্ঠান

​স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই (ACI), হামদর্দ , এবং একমি (Acme Herbal)-র মতো কোম্পানিগুলো একাঙ্গীর শুকনো কন্দ কাঁচামাল হিসেবে ক্রয় করে।

​গ. কারা এবং কী কী কাজে একাঙ্গী ব্যবহার করে?

  • ​প্রসাধন ও পারফিউম ইন্ডাস্ট্রি: একাঙ্গীর কন্দ থেকে সুগন্ধি তেল তৈরি করে তা থেকে প্রসাধন সামগ্রী, সাবান, ফেসওয়াশ, শ্যাম্পু ও স্কিন কেয়ার প্রডাক্ট বানানো হয়।
  • ​সানস্ক্রিন ও স্কিন প্রটেকশন: বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে একাঙ্গীর নির্যাস ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, যা উন্নত সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয়।
  • ​মাছ ধরার চার ও মসলা শিল্প: আমাদের দেশে বড় রুই-কাতলা বা মৃগেল মাছ ধরার জন্য সুগন্ধি চার তৈরিতে একাঙ্গী চূর্ণের বিকল্প নেই। এছাড়া বিশেষ সুগন্ধি মসলা তৈরিতে এটি প্রচুর ব্যবহৃত হয়।

​চূড়ান্ত পর্যালোচনা ও আধুনিক পরামর্শ

​উপযুক্ত জমি ও সামান্য পরিচর্যা থাকলে ধান বা আলু চাষের পাশাপাশি একাঙ্গী চাষ করা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয়। আপনি যদি উন্নত মানের একাঙ্গীর বীজ নির্বাচন করে সঠিকভাবে মলচিং ও পটাশ সার ব্যবহার করেন, তবে অল্প খরচেই একাঙ্গী চাষ পদ্ধতিতে লাভ দ্বিগুণের বেশি করা সম্ভব।

​কৃষিবিদদের শেষ পরামর্শ: চাষ শুরু করার আগে অবশ্যই কোথায় বিক্রি করবেন সেটা খোজ খবর নিয়ে তার পর চাষ শুরু করবেন। ফসল তোলার পর কাঁচা বিক্রি না করে ছোট চাকা করে রোদে ভালো করে শুকিয়ে বস্তাবন্দী করে রাখুন। উপযুক্ত বাজার দর পাওয়া মাত্র বড় পাইকারি আড়ত বা প্রসাধন সংস্থায় বিক্রি করে আপনার পরিশ্রমের সেরা মূল্য বুঝে নিন।

​ সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন: একাঙ্গী চাষের জন্য কোন সময় বীজ রোপণ করা ভালো?

একাঙ্গী চাষের জন্য বৈশাখ-জ্যৈষ্ঠ (মে-জুন) মাসের প্রথম বৃষ্টির পর একাঙ্গীর বীজ রোপণ করার সবচেয়ে উপযুক্তসময়।

প্রশ্ন: একাঙ্গী চাষে কি ছায়া প্রয়োজন?

হ্যাঁ, একাঙ্গী চাষ আংশিক ছায়ায় সবচেয়ে ভালো হয়। এটি ফলবাগান বা সুপারির বাগানে আন্তঃফসল হিসেবে অনায়াসে চাষ করা যায়।

প্রশ্ন: প্রতি বিঘায় কত কেজি একাঙ্গীর বীজ লাগে?

প্রতি বিঘা (৩৩ শতক) জমির জন্য আনুমানিক ১১০ থেকে ১৩০ কেজি সুস্থ একাঙ্গীর বীজ কন্দের প্রয়োজন হয়।

তথ্য সূত্র

  • ১. কেরালা কৃষি বিশ্ববিদ্যালয় ।
  • ​২. জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদ ও জার্নাল অব মেডিসিনাল প্ল্যান্টস স্টাডিজ (NMPB & JMPS)
  • ​৩. এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ।
  • ​৪. ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) ও স্পাইসেস বোর্ড ইন্ডিয়া
  • ​প্রদানকৃত তথ্য: ছায়াযুক্ত ফলবাগানে আন্তঃফসল চাষ, এসেনশিয়াল অয়েল উৎপাদন ও কন্দ শুকানোর সঠিক বৈজ্ঞানিক নিয়মাবলী।
  • ​৫. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI – মসলা গবেষণা কেন্দ্র)
  • ​৬. কৃষিবিজ্ঞান কেন্দ্র (KVK) ও আঞ্চলিক পাইকারি বাজার সার্ভে ও সরকারি বেসরকারি ক্রয় বিক্রয় পোর্টাল।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top