
বাংলা ভাষাভাষী অঞ্চলের কৃষিতে ধানের পরেই অন্যতম প্রধান দানা শস্য হলো গম। বিশেষ করে রবি মরশুমে বোরো ধান চাষের একটি লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে গম চাষ অত্যন্ত জনপ্রিয়, কারণ এতে সেচের জল অনেক কম লাগে। সঠিক গম চাষ পদ্ধতি কৃষকরা অনুসরণ করলে খুব কম খরচে ও সীমিত জলে বিঘাপ্রতি প্রায় দ্বিগুণ ফলন ঘরে তুলতে পারেন।
এই নিবন্ধে আমরা প্রথাগত বা প্রচলিত চাষের পাশাপাশি আধুনিক SWI গম চাষ পদ্ধতি (System of Wheat Intensification) এবং স্বল্প খরচের জৈব বা প্রাকৃতিক কৃষি পদ্ধতির এক চমৎকার সংমিশ্রণ নিয়ে আলোচনা করব। কীভাবে রাসায়নিকের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক উপায়ে মাটির স্বাস্থ্য ভালো রেখে এবং নিবিড় পরিচর্যার মাধ্যমেGom chas Poddhoti তে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়, তার বিস্তারিত দিকনির্দেশনা নিচে তুলে ধরা হলো।
১.গম চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ
সফলভাবে গম চাষের জন্য নির্দিষ্ট জলবায়ু ও অনুকূল আবহাওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। গম মূলত একটি ঠান্ডা আবহাওয়ার প্রধান ফসল। বীজ অঙ্কুরোদ্গমের সময় সাধারণত ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে গাছ বৃদ্ধি ও দানা বাঁধার সময় ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে উপযোগী বলে বিবেচিত হয়। গম চাষের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত খুবই উপকারী, তবে শিষ বা দানা পাকার সময় অতিরিক্ত বৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। এছাড়া কুয়াশামুক্ত পরিষ্কার রোদ বা সূর্যালোক গমের পাশকাঠি গজাতে এবং ছড়াগুলো পুষ্ট করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
আড়ও পড়ুন শ্রী পদ্ধতিতে ধান চাষে হবে বাম্পার ফলন
২.গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য
সফলভাবে গম চাষের ক্ষেত্রে সঠিক মাটি নির্বাচন করা হলো প্রথম ও প্রধান শর্ত। সাধারণত সুনিষ্কাশিত দোআঁশ, বেলে-দোআঁশ এবং এঁটেল-দোআঁশ মাটি গম চাষের জন্য সবচেয়ে উপযোগী বলে বিবেচিত হয়। গম চাষের জন্য উপযুক্ত মাটিতে কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা জরুরি; যেমন—মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি থাকতে হবে, মাটির জল ধারণ ক্ষমতা ভালো হতে হবে এবং অতিরিক্ত জল যাতে দ্রুত নিষ্কাশিত হতে পারে সেই ব্যবস্থা থাকা আবশ্যক। এছাড়া গম চাষের ক্ষেত্রে মাটির পিএইচ (pH) মাত্রা সাধারণত ৬.০ থেকে ৭.৫-এর মধ্যে থাকা বাঞ্ছনীয়।
৩.গমের উন্নত জাত নির্বাচন ও বপনের সময়
বাংলা ভাষাভাষী অঞ্চলের আবহাওয়ায় সফল চাষাবাদের জন্য সর্বদা উচ্চফলনশীল ও পরীক্ষিত গমের বীজ ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে সোনালিকা (Sonalika), DBW 187 (করণ বন্দনা / Karan Vandana), HD 3226 (করণ শিবানী), DBW 316, DBW 386, PBW 343, UP 262, HD 2967 এবং HD 3086-এর মতো উন্নত জাতগুলো অত্যন্ত জনপ্রিয় ও ফলনশীল।
চাষিদের জন্য বিশেষ পরামর্শ:
বীজ কেনার সময় অবশ্যই জাতের বিশুদ্ধতা বা জেনুইনিটি এবং সরকারি সার্টিফাইড ট্যাগ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। এছাড়া পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নভেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে সময়মতো বীজ বপন নিশ্চিত করতে পারলে এই উন্নত জাতগুলো থেকে কাঙ্ক্ষিত ও সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব।
৪. মূল জমি তৈরি ও সার প্রয়োগ
গম চাষের জন্য মূল জমি ভালোভাবে ৪ থেকে ৫টি চাষ এবং মই দিয়ে ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। জমি তৈরির সময় বিঘাপ্রতি জৈব সার হিসেবে ৪ থেকে ৫ কুইন্টাল পচানো গোবর সার অথবা ৫০ থেকে ৬০ কেজি মানসম্মত কেঁচো সার (ভার্মিকম্পোস্ট) মাটিতে ভালোভাবে ছিটিয়ে মিশিয়ে দিতে হয়। এর পাশাপাশি রাসায়নিক সারের ক্ষেত্রে, শেষ চাষের সময় বিঘাপ্রতি প্রায় ১০ কেজি ডি.এ.পি (DAP) এবং ৫ কেজি মিউরেট অব পটাশ (MOP) সার মাটিতে প্রয়োগ করে ভালোভাবে মই দিয়ে জমি সমান করে নিতে হবে, যাতে বীজের অঙ্কুরোদগম ও শিকড়ের বৃদ্ধিতে কোনো ব্যাঘাত না ঘটে।
জৈব পদ্ধতিতে গম চাষে নিয়ম
প্রথম চাষের পূর্বে বা সময়ে ছায়া জায়গায় ২-৩ কুইন্টাল গবরের সাথে ট্রাইকোডার্মা ভিরিডি ১ কেজি , অ্যাজোস্পিরিলাম ১ কেজি এবং পিএসবি ১ কেজি জীবাণু সার একত্রে ভাল করে মিশিয়ে ঢেকে রেখে দিন (যদি জীবাণু সার দুটি না পাওয়া যায় সেক্ষেত্রে বিঘা প্রতি ৫০ কেজি শুকনো ঘন জীবামৃত সার দিতে হবে) এবং অন্তত ৭ দিন পর প্রথম মাটি ঝুরঝুরে করার আগে ছাড়িয়ে দিয়ে চাষ করুন এবং ৭-৮ ফুট পর পর নালা করে তরল জীবামৃত ১০০ লিটার/বিঘা জলের সাথে ট্যাপ সিস্টেম করে ছেড়ে দিয়ে সেচ দিন এমন ভাবে যেন মাটি শুধু ভেজে।
আড়ও পড়ুন বাড়িতে তরল ও ঘন জীবামৃত তৈরি করার সহজ পদ্ধতি
5. গম বীজ শোধন পদ্ধতি
ভালো অঙ্কুরোদ্গম এবং রোগমুক্ত সবল চারা পাওয়ার জন্য গম বীজ শোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। সাধারণ শোধন পদ্ধতির পাশাপাশি এসডব্লিউআই (SWI) পদ্ধতির প্রাকৃতিক শোধন এই ক্ষেত্রে দারুণ ফলাফল দেয়। এসডব্লিউআই পদ্ধতিতে ১০ কেজি গম বীজ শোধন করার জন্য প্রায় ২০ লিটার কুসুম গরম জলে বীজগুলো আধ ঘণ্টা ভিজিয়ে রাখলে ছত্রাকজনিত ‘লুজ স্মাট’ রোগের আক্রমণ অনেকাংশেই কমে যায় এবং এই সময়ে ভেসে থাকা হালকা ও অপুষ্ট বীজগুলো ফেলে দিতে হয়।
এরপর বীজগুলো রোদে শুকিয়ে নেওয়ার পর কার্বেনডাজিম ৫০% ডব্লিউপি (Carbendazim 50% WP)প্রতি কেজি বীজের জন্য ২ গ্রাম মিশিয়ে বীজ তলায় বা সরাসরি রোপণ করতে হবে। জমিতে উইপোকা পোকার লার্ভার উপদ্রব থাকলে ছত্রাকনাশকের পাশাপাশি প্রতি কেজি বীজের জন্য ৪ থেকে ৫ মিলি কীটনাশক ক্লোরপাইরিফস ২০% ইসি (Chlorpyrifos 20% EC) দিয়ে বীজ শোধন করা করে নিতে হবে।
জৈব চাষে শোধন-
গরম জলে শোধন করে শুকিয়ে নেওয়ার পর গম বীজ গুলি ৫ কেজি কেঁচো সার ও ৪ লিটার বিশুদ্ধ গোমূত্রের সাথে ভালোভাবে মিশিয়ে প্রায় ৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে অথবা বীজামৃত তে ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে বীজগুলো তুলে পাতলা চটের বস্তায় বেঁধে আরও ৮ ঘণ্টা ঝুলিয়ে রাখলে চমৎকার অঙ্কুরোদগম শুরু হয়।
এর পাশাপাশি কৃমি, পিঁপড়ে বা ক্ষতিকর ছত্রাক থেকে চারাকে রক্ষা করার জন্য প্রতি কেজি অঙ্কুরিত বীজের সাথে প্রায় ৫ গ্রাম করে থেঁতো করা কাঁচা নিমপাতা কিংবা জৈব বা অনুমোদিত ছত্রাকনাশক ভালোভাবে মিশিয়ে মূল জমিতে বপন করতে হবে।
৬. গম বীজ বপন পদ্ধতি ও বীজের পরিমাণ
গম চাষে সাধারণত প্রধানত দুটি পদ্ধতিতে বীজ বপন করা হয়ে থাকে। প্রথমটি হলো প্রথাগত বা প্রচলিত পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো আধুনিক নিবিড় এসডব্লিউআই (System of Wheat Intensification) পদ্ধতি।
ক) প্রথাগত বা প্রচলিত বীজ বপন পদ্ধতি
এই পদ্ধতিতে বিঘাপ্রতি প্রায় ১২ থেকে ১৫ কেজি সুস্থ ও সবল বীজের প্রয়োজন হয়। জমি ভালোভাবে তৈরি করার পর সারিবদ্ধভাবে লাইনের দূরত্ব ৮ থেকে ৯ ইঞ্চি রেখে অগভীর খাঁচ বা নালা তৈরি করে তাতে ৩-৪ ইঞ্চি পর পর বীজ বুনে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হয়।
খ) নিবিড় SWI (System of Wheat Intensification) বীজ বপন পদ্ধতি
এই আধুনিক পদ্ধতিতে প্রচুর বীজ সাশ্রয় হয় এবং বিঘাপ্রতি মাত্র ১.৫ থেকে ২ কেজি বীজের প্রয়োজন হয়। এই পদ্ধতির জন্য প্রথমে আলাদা একটি ছোট ও উর্বর জায়গায় গোবর সার ও মাটি ভালোভাবে মিশিয়ে নার্সারি বা বীজতলা তৈরি করতে হয়। সেখানে ৮ থেকে ১২ ঘণ্টা ভেজানো অঙ্কুরিত বীজ ফেলে চারা তৈরি করা হয় এবং চারাগুলোর বয়স ৭ থেকে ১০ দিন হলে তা সাবধানে তুলে মূল জমিতে রোপণ করতে হয়। রোপণের সময় মাটিতে উপযুক্ত আর্দ্রতা থাকা অবস্থায় দড়িতে পরিমাপ করে ৮ ইঞ্চি পর পর সারিবদ্ধভাবে একসাথে দুটি করে চারা রোপণ করতে হয়।
গ) জৈব চাষে বীজ বপন নিয়ম
১৫ দিন পর মাটিতে ঘাস বেরিয়ে এলে চাষ দিন এবং পুনরায় ৪ ফুট অন্তর সেচ নালা করে বেড তৈরি করুন। সাধারণ পদ্ধতি নিয়মে বুনলে বেডে শোধন করা বীজ দিয়ে ঢেকে দিয়ে সেচ দিন সাথে তরল জীবামৃত মিশিয়ে দিন। SWI পদ্ধতিতে চারা করে রোপণ করলে আগে বেড করে নালায় এমন ভাবে সেচ দিন যেন শুধু মাটি ভেজে। এর পর নির্দিষ্ট দূরত্ব নিয়মে চারা রোপণ করুন।
৭. পরিচর্যা ও সেচ ব্যবস্থাপনা
সঠিক সময়ে সুনির্দিষ্ট সেচ এবং মাটির সঠিক পরিচর্যা গমের ফলন বহুগুণ বাড়িয়ে দিতে সাহায্য করে। গম চাষে প্রথম সেচ দিতে হয় বীজ বপনের ১৭ থেকে ২১ দিনের মাথায়, যা অত্যন্ত জরুরি; কারণ এই সময়ে চারা গাছের ‘মুকুট শিকড়’ বা ক্রাউন রুট গজাতে শুরু করে। এরপর দ্বিতীয় সেচটি দিতে হয় বীজ বপনের ৩৮ থেকে ৪২ দিনের মাথায়, যখন গাছে ‘থোড় উদগম’ বা থোড় আসার গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়। এছাড়া পরবর্তীতে দানা বাঁধার সময় মাটিতে পর্যাপ্ত রস বা আর্দ্রতা বজায় রাখার জন্য প্রয়োজন অনুযায়ী হালকা সেচ প্রদান করতে হয়।
জৈব গম চাষে সেচ ও পরিচর্যা
বীজ বা চারা রোপনের ১০ দিন পর সকলের রোদে ৬০ লিটার জলে ৬ কেজি টাটকা গোবর কাপড়ের মধ্যে রেখে পুটলি বেধে ডুবিয়ে রেখে বিকেলে স্প্রে করতে এবং ১৫ দিন পর পর ২-৩ বার ৬০ লিটার জলে ১ লিটার দেশী গরুর দুধ, ১০ গ্রাম হিং (সামান্য জলে গরম করে গলিয়ে নিতে হবে), ১০০ গ্রাম গুড় এবং ১০০ গ্রাম হলুদ ভাল করে মিশিয়ে ১৫ মিনিট পর ভাল করে কাপড়ে ছেকে নিয়ে বিকেলে স্প্রে করলে গাছ গাঢ় সবুজ ও মোটা হয় ও রোগ প্রতিরোধী হয়।
বীজ বপনের ১৭ থেকে ২১ দিনে সেচ দেওয়ার সময় বিঘাপ্রতি ৪০ কেজি ঘন জীবামৃত ছড়িয়ে দিতে হয় এবং ৩৮ থেকে ৪২ দিনের মাথায় প্রথম ও দ্বিতীয় সেচের সময় ১০০ লিটার তরল জীবামৃত জলে সাথে নালায় ছেড়ে দিয়ে সেচ দিতে হবে কিন্তু ভাসিয়ে দেওয়া যাবে না।
৮. আগাছা নিয়ন্ত্রণ ও নিড়ানি
গম চাষে ভালো পাশকাঠি ও শক্ত শিকড় গঠনের জন্য সময়মতো নিড়ানি দেওয়ার ভূমিকা অপরিসীম। বিশেষ করে প্রথম ও তৃতীয় সেচের ঠিক দুই থেকে তিন দিন পর জমিতে নিড়ানি দিয়ে সমস্ত আগাছা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। নিয়মিত নিড়ানি দিলে জমির মাটি যেমন আলগা হয়, তেমনি মাটির ভেতরে বাতাস চলাচল বৃদ্ধি পায়, শিকড়ের দ্রুত বিকাশ ঘটে এবং গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে পাশকাঠি গজাতে সাহায্য করে।
৯. গম চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ
গম ফসলে বিভিন্ন ক্ষতিকারক পোকা ও রোগের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য সময়মতো সঠিক রোগ ও পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। যেমন—গমের লুজ স্মাট বা আলগা ভস্ম রোগে আক্রান্ত হলে ছড়া বা শিষের দানাগুলো কালো গুঁড়ো পাউডারে পরিণত হয়। এর প্রতিকার হিসেবে আক্রান্ত গাছগুলো দ্রুত জমি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং বীজ বপন করার আগেই মোম-গরম জল বা অনুমোদিত ছত্রাকনাশক দিয়ে সঠিকভাবে গম বীজ শোধন করে নেওয়া নিশ্চিত করতে হবে।
ঠিক একইভাবে, গমের পাতায় বাদামী বা হলুদ রঙের গুঁড়ো গুঁড়ো দাগ বা মরিচা রোগ দেখা দিলে প্রতি লিটার জলে দুই গ্রাম ম্যানকোজেব অথবা প্রোপিকোনাজোল মিশিয়ে দশ দিন পরপর স্প্রে করতে হবে। এছাড়া কচি শিষ ও পাতা থেকে রস চুষে খাওয়া জাব পোকা দমনের জন্য ১০,০০০ ppm ক্ষমতার নিম তেল অথবা উপযুক্ত ইমিডাক্লোপ্রিড ব্যবহার করা অত্যন্ত ফলদায়ক।
জৈব নিয়মে রোগ পোকা দমন
রোগ দমনের জন্যও পূর্বে আলোচিত বীজ শোধন জৈব পরিচর্যা আবশ্যক সেই পোকা নিয়ন্ত্রণে নিয়মিত পোকা আসার পূর্বে জৈব কীটনাশক নিমাস্ত্র ১৫ দিন অন্তর ও পোকা বেশি হলে অগ্নিঅস্ত্র ১৫ দিন অন্তর বাড়িতে তৈরি করে প্রয়োগ করতে হবে।
১১. মাঠপর্যায়ের বাস্তব গম চাষের উৎপাদন
নিচে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের প্রান্তিক প্রগতিশীল কৃষকের মাঠপর্যায়ের তুলনামূলক প্রচলিত পদ্ধতি বনাম নিবিড় SWI ও জৈব চাষাবাদের কম খরচে অধিক ফলনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সুরেন মণ্ডল প্রচলিত পদ্ধতিতে গম চাষ করে বিঘা প্রতি ১২-১৫ কেজি বীজ দিয়ে ৩-৪ কুইন্টাল ফলন পেতেন। ২০২৪ সালে তিনি একই জমিতে পাশাপাশি SWI রসায়নিক ও জৈব পদ্ধতিতে চাষ করেন এবং SWI রসায়নিক পদ্ধতিতে চাষ করে বিঘা প্রতি ১.৫ কেজি থেকে ২ কেজি বীজ দিয়ে ৫-৬ কুইন্টাল গম পেয়েছিলেন এবং জৈব SWI পদ্ধতিতে সমপরিমাণ গম পেয়েছিলেন ও বর্ধিত আয় হিসাবে পাট চাষ করে কম খরচে জৈব চাষের জমিতে বিঘা প্রতি ৪ কুইন্টাল পাট পেয়েছিলেন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: গম চাষ কোন ঋতুতে হয়?
উত্তর: ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে গম মূলত রবি ঋতুতে (শীতকালে) চাষ করা হয়। সাধারণত কার্তিক-অগ্রহায়ণ (নভেম্বর) মাসে বীজ বপন করা হয় এবং ফাল্গুন-চৈত্র (মার্চ-এপ্রিল) মাসে ফসল কাটা হয়।
প্রশ্ন ২: গম চাষ কোন মাটিতে ভাল হয়?
উত্তর: সুনিষ্কাশিত দোআঁশ, বেলে-দোআঁশ এবং এঁটেল-দোআঁশ মাটি গম চাষের জন্য সবচেয়ে উপযোগী। মাটির pH মাত্রা ৬.০ থেকে ৭.৫-এর মধ্যে থাকা ভালো এবং মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থ থাকলে গমের ফলন চমৎকার হয়।
প্রশ্ন ৩: গম কি ধরণের শস্য?
উত্তর: গম হলো একটি প্রধান দানা শস্য (Cereal Crop) এবং এটি একটি রবি ফসল। বিশ্বজুড়ে ধান ও ভুট্টার মতোই মানবজাতির প্রধান খাদ্য হিসেবে গম ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
প্রশ্ন ৪: গম চাষ বেশি কোথায় হয়?
উত্তর: ভারতে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান রাজ্যে। পশ্চিমবঙ্গে মূলত মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, দিনাজপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে গমের চাষ ব্যাপকভাবে হয়ে থাকে।
তথ্য সূত্র
- ভৌমিক, ড. কাঞ্চন কুমার। নিবিড় পদ্ধতিতে গম চাষ (System of Wheat Intensification – SWI)। তৎকালীন সিনিয়র কনসালট্যান্ট, MKSP – লোক কল্যাণ পরিষদ (LKP) [বর্তমান: ন্যাশনাল রিসোর্স পার্সন (NRP – NRLM), রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কৃষিবিজ্ঞানী]।
- ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR-IIWBR) এবং পশ্চিমবঙ্গ সরকার।










