
ভূমিকা: কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর ফল। বর্তমান বাজারে কাঁঠাল বা ইঁচর সবজি হিসাবে বেশি চাহিদা তৈরি হয়েছে। তবে প্রথাগত কাঁঠাল চাষে ফলন কেবল একটি নির্দিষ্ট মরসুমেই সীমাবদ্ধ থাকে। বর্তমান আধুনিক কৃষি গবেষণার যুগে কৃষকদের কাছে সবচেয়ে লাভজনক ও আকর্ষণীয় চাষ হলো বারো মাসি কাঁঠাল চাষ পদ্ধতি (All Season Jackfruit farming method)। এই উন্নত পদ্ধতিতে চাষ করলে বছরের প্রতিটি মরসুমেই গাছে কাঁঠাল পাওয়া যায়। বাজারে অফ-সিজনে কাঁঠালের সরবরাহ কম থাকায় এই সময়ে চড়া দামে ফল বা ইঁচড় বিক্রি করে কৃষকরা সাধারণ কাঁঠালের তুলনায় কয়েক গুণ বেশি মুনাফা অর্জন করতে পারছেন। ফলে বাণিজ্যিক কাঁঠাল চাষ এখন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে।
বারো মাসি কাঁঠালের জাত
সরকারি কৃষি গবেষণা কেন্দ্র এবং উদ্যানপালন দপ্তরের সুপারিশ অনুযায়ী বাণিজ্যিক চাষের জন্য কিছু সেরা বারো মাসি কাঁঠালের জাত নিচে উল্লেখ করা হলো:
- ভিয়েতনামী বারো মাসি কাঁঠাল : এটি বর্তমানে বাংলাদেশে ও ভারতে সবচেয়ে সফল জাত। রোপণের ১ থেকে ২ বছরের মধ্যে এই জাতের গাছে ফল ধরা শুরু হয় এবং বারো মাসি কাঁঠাল চাষ পদ্ধতি-তে বছরে ৩ বার ফলন পাওয়া যায়।
- বারি কাঁঠাল-৩: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কর্তৃক উদ্ভাবিত এটি একটি চমৎকার বারো মাসি জাত, যা মিষ্টি ও পুষ্ট কোঁয়া যুক্ত।
- থাই অল সিজন: এই জাতটির থোকা থোকা ফল দেওয়ার ক্ষমতা রয়েছে এবং এটি টবে চাষের জন্যও দারুণ উপযোগী।
- পিংক কাঁঠাল (গোলাপি কাঁঠাল): থাইল্যান্ড ও ভিয়েতনামি পিংক কাঠাল আধুনিক বারো মাসি জাতটি বর্তমানে দারুণ জনপ্রিয়। এর প্রধান বিশেষত্ব হলো এর ভেতরের কোঁয়া বা কোষার রঙ আকর্ষণীয় লালচে-গোলাপি হয়। এটি খেতে অত্যন্ত মিষ্টি ও মুচমুচে, আঠা বা কষ একদম থাকে না এবং কলমের চারা লাগানোর ১ থেকে ২ বছরের মধ্যেই ফলন দেওয়া শুরু করে।
বারো মাসি কাঁঠালের বৈশিষ্ট্য
ঐতিহ্যবাহী কাঁঠালের তুলনায় বারো মাসি কাঁঠাল চাষ পদ্ধতি-তে এই আধুনিক জাত গুলোর কিছু অনন্য বারো মাসি কাঁঠালের বৈশিষ্ট্য রয়েছে:
- সারা বছর ফলন: এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো গাছে একই সাথে ফুল (মুচি), কচি কাঁঠাল এবং পাকা কাঁঠাল দেখতে পাওয়া যাবে।
- ছোট আকৃতির গাছ: গাছগুলো খুব বেশি বড় বা ঝোপালো হয় না, যার ফলে কম জায়গায় বেশি গাছ লাগানো যায় এবং পরিচর্যা করা সহজ হয়।
- দ্রুত ফলনশীল: বীজ থেকে তৈরি গাছের মতো ৮-১০ বছর অপেক্ষা করতে হবে না; কলমের চারা লাগালে মাত্র ১২ থেকে ১৮ মাসের মধ্যেই ফলন শুরু হবে।
- উচ্চ বাজারমূল্য: অসময়ে (অফ-সিজনে) বাজারে আসার কারণে এই কাঁঠালের চাহিদা ও দাম সবসময়ই আকাশছোঁয়া থাকে।
জলবায়ু ও মাটির ধরণ
বারো মাসি কাঁঠাল চাষ পদ্ধতি-তে সফল ফলনের জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটির গুরুত্ব অপরিসীম:
- আবহাওয়া: কাঁঠাল মূলত উষ্ণ ও আর্দ্র জলবায়ুর ফল। তবে আধুনিক বারো মাসি জাতগুলো অতিরিক্ত ঠাণ্ডা ছাড়া প্রায় সব ধরণের আবহাওয়াতেই খাপ খাইয়ে নিতে পারে। প্রচুর সূর্যের আলো পায় এমন জায়গা কাঁঠাল বাগানের জন্য সবচেয়ে ভালো।
- মাটির ধরণ: সুনিষ্কাশিত পলি-দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি বারো মাসি কাঁঠাল চাষের জন্য সবচেয়ে উপযোগী। মনে রাখতে হবে, কাঁঠাল গাছ একদমই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই যেখানে জল দাঁড়ায় না, এমন উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। মাটির পিএইচ (pH) মান ৫.৫ থেকে ৭.০ এর মধ্যে থাকলে গাছের বৃদ্ধি চমৎকার হবে।
আড়ও দেখুন থাই পেয়ারা চাষ পদ্ধতি: আধুনিক ও বাণিজ্যিক চাষের সম্পূর্ণ নির্দেশিকা
চারার সংখ্যা ও রোপণ পদ্ধতি
বাণিজ্যিক বাগান তৈরির জন্য সঠিক দূরত্ব মেনে চারা রোপণ করা অত্যন্ত জরুরি।
- চারার দূরত্ব: বারো মাসি কাঁঠাল গাছ যেহেতু তুলনামূলক ভাবে ছোট আকৃতির হয়, তাই হাই-ডেনসিটি বা ঘন রোপণ পদ্ধতিতে ৫ মিটার বাই ৫ মিটার (প্রায় ১২ ফুট × ১২ ফুট) দূরত্বে চারা রোপণ করা যায়।
- চারার সংখ্যা: এই দূরত্ব বজায় রাখলে এক বিঘা (৩৩ শতক) জমিতে আনুমানিক ১০০ টি চারা রোপণ করা সম্ভব।
- রোপণ পদ্ধতি: সবসময় বিশ্বস্ত নার্সারি থেকে উন্নত জাতের জোড় কলম বা গুটি কলমের সুস্থ-সবল চারা সংগ্রহ করতে হবে। বর্ষার শুরুতে (জুন-জুলাই মাস) চারা রোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। গর্তের ঠিক মাঝখানে চারার পলিব্যাগটি সাবধানে কেটে মাটির বলসহ সোজাভাবে রোপণ করতে হবে এবং খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে।
আড়ও দেখুন জমির পরিমাণ অনুযায়ী চারার সংখ্যা ও সারের ডোজ নির্ণয়ে স্মার্ট কৃষি সূত্র।
জমি তৈরি ও সার এর পরিমাণ
কাঁঠাল একটি দীর্ঘমেয়াদি ফলগাছ, তাই বারো মাসি কাঁঠাল চাষ পদ্ধতি-তে জমি ও গর্ত তৈরির সময় মাটির উর্বরতা নিশ্চিত করা আবশ্যক।
- জমি তৈরি: জমিকে ভালো করে ৩-৪টি চাষ ও মই দিয়ে আগাছামুক্ত এবং সমতল করে নিতে হবে। এরপর নির্দিষ্ট দূরত্বে ৬০×৬০×৬০ সেমি আকারের গর্ত খুঁড়তে হবে।
- গর্ত প্রতি সারের পরিমাণ: চারা রোপণের অন্তত ১৫-২০ দিন আগে গর্তের মাটির সাথে নিচের সারগুলো ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে রাখতে হবে:
- পচা গোবর সার বা কম্পোস্ট: ১০-১৫ কেজি
- এসএসপি (SSP) সার: ২৫০ গ্রাম
- পটাশ (MOP) সার: ১৫০ গ্রাম
- হাড়ের গুঁড়ো ও নিম খোল: ২৫০ গ্রাম করে
- শিং কুচি: ২৫০ গ্রাম
বারো মাসি কাঁঠাল গাছের পরিচর্যা
গাছের দ্রুত বৃদ্ধি এবং ভালো কাঠামোর জন্য নিয়মিত পরিচর্যা প্রয়োজন। রোপনের কয়েকমাস পর গ্রাফটিং জয়েন্ট থেকে প্লাস্টিক টি খুলে ফেলতে হবে। গাছের গোড়ার চার পাশের আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে। গাছটি যখন বড় হবে, তখন মাটির ১.৫ থেকে ২ ফুট ওপরের প্রধান কাণ্ডের ডগা কেটে দিতে হবে, যাতে চারপাশ থেকে শক্তিশালী ডালপালা বা সাইড ব্রাঞ্চ বের হতে পারে। ডালপালা যত বেশি ছড়াবে, ফলনের পরিমাণ তত বৃদ্ধি পাবে।
কাঁঠাল গাছে সেচ ব্যবস্থাপনা
বারো মাসি কাঁঠাল গাছ খরা সহ্য করতে পারলেও নিয়মিত ও সঠিক সেচ ব্যবস্থা ফলন বহুগুণ বাড়িয়ে দেয়। চারা রোপণের প্রথম ১ বছর মাটিতে রসের ঘাটতি অনুযায়ী নিয়মিত হালকা জল সেচ দিতে হবে। পূর্ণবয়স্ক গাছে ফুল (মুচি) আসার সময় এবং ফল বড় হওয়ার মরসুমে মাটিতে যেন রসের ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রেখে ৭-১০ দিন পরপর সেচ দেওয়া উচিত। তবে মনে রাখবেন, গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল জমে না থাকে। বিন্দু সেচ পাইপ লাইন যুক্ত করলে ভাল ফলাফল পাওয়া যায়।
কাঁঠাল গাছে সার প্রয়োগ পদ্ধতি
গাছ রোপণের ২ মাস প্রতি মাসে ১ বার জীবামৃত ১ লিটার দুপুরে গাছের চারিদিক দিয়ে দিতে হবে এবং খড় দিয়ে গাছের গোড়া আচ্ছাদন দিয়ে ঢেকে রাখতে হবে। প্রতি বছর বর্ষার আগে (মে-জুন) এবং বর্ষার পরে (সেপ্টেম্বর-অক্টোবর) দুবার নিয়মিত সুষম সার প্রয়োগ করতে হবে। বয়সভেদে প্রতিটি গাছের গোড়া থেকে ২ ফুট দূরে রিং পদ্ধতিতে ১০-১৫ কেজি জৈব সার, ২০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম এস.এস.পি এবং ১৫০ গ্রাম পটাশ সার মাটির সাথে মিশিয়ে দিয়ে হালকা জল সেচ দিতে হবে।
আড়ও দেখুন জীবামৃত তৈরি পদ্ধতি: জীবামৃতের উপকারিতা-ঘনজীবামৃতের প্রয়োগ বিধি।
ছোট কাঁঠাল পচে ঝরে যাওয়ার প্রতিকার
লক্ষণ ও কারণ: এটি মূলত ‘রাইজোপাস আর্টিকার্পি’ (Rhizopus artocarpi) নামক এক ধরণের ছত্রাকের আক্রমণের কারণে ঘটে। আক্রান্ত কচি কাঁঠাল বা মুচির গায়ে প্রথমে কালো বা ধূসর রঙের দাগ পড়ে এবং পরবর্তীতে পুরো ফলটি পচে নরম হয়ে ঝরে যায়।
প্রতিকার: এই ছোট কাঁঠাল পচে ঝরে যাওয়ার প্রতিকার হিসেবে বাগান সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গাছে মুচি আসার পর থেকেই প্রতি লিটার জলে ২ গ্রাম ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন: সাফ বা ডাইথেন এম-৪৫) মিশিয়ে ১০-১২ দিন পরপর ২-৩ বার পুরো গাছে স্প্রে করতে হবে।
মুচি বা কাঁঠাল ঝরা বন্ধ করার উপায়
লক্ষণ ও কারণ: অনেক সময় ছত্রাকের আক্রমণ ছাড়াও গাছের পুষ্টির অভাব (বিশেষ করে বোরন ও ক্যালসিয়ামের ঘাটতি) এবং মাটিতে অতিরিক্ত জল বা রসের চরম অভাব হলে কচি মুচি শুকিয়ে ঝরে পড়ে।
প্রতিকার: সফলভাবে মুচি বা কাঁঠাল ঝরা বন্ধ করার উপায় হলো—গাছে ফুল আসার আগে এবং ফুল ফোটার পর প্রতি লিটার জলে ২ গ্রাম সলুবর বোরন এবং ১ মিলি লিটার প্ল্যানোফিক্স (হরমোন) একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। এটি মুচি ঝরা রোধ করে ফলের গুটি শক্ত করতে সাহায্য করে।
আড়ও দেখুন ড্রাগন ফল চাষ: আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি
বারো মাসি কাঁঠাল উৎপাদন ও লাভের হিসাব
বাণিজ্যিক বাগান থেকে দীর্ঘমেয়াদি ও লাভজনক উৎপাদন পেতে সঠিক সময়ে ফল সংগ্রহ এবং বাজারজাতকরণ সুনিশ্চিত করা প্রয়োজন।
ফল সংগ্রহ: কলমের চারা রোপণের সাধারণত দেড় থেকে দুই বছরের মধ্যে গাছে প্রথম ফলন শুরু হয়। তবে গাছের ভালো কাঠামোগত বৃদ্ধির জন্য প্রথম বছরের কচি ফল বা মুচি ভেঙে দেওয়া ভালো। তৃতীয় বছর থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফলন নেওয়া শুরু করা উচিত। কাঁঠালের গায়ের কাঁটাগুলো যখন চ্যাপ্টা ও মসৃণ হবে এবং আলতো চাপ দিলে কিছুটা নরম মনে হবে, তখন বোঁটাসহ কেটে ফল সংগ্রহ করতে হবে।
উৎপাদন ও আয়ের হিসাব: আধুনিক ঘন রোপণ পদ্ধতি মেনে এক বিঘা (৩৩ শতক) জমিতে প্রায় ১০০ টি গাছ লাগানো যায়। তৃতীয় বছর থেকে প্রতিটি সুস্থ গাছ থেকে বছরে গড়ে ২০ থেকে ২৫টি কাঁঠাল পাওয়া সম্ভব। অফ-সিজনে (যেমন কার্তিক-অগ্রহায়ণ বা আশ্বিন মাসে) বাজারে একটি মাঝারি সাইজের বারো মাসি কাঁঠাল বা ইঁচর আনুমানিক ১০০ থেকে ১২০ টাকা বা তারও বেশি মূল্যে বিক্রি করা যায় এবং গ্রাফটিং চারা তৈরি করে বিক্রি করলে একটি গাছ থেকে অন্তত ১০ টি চারা তৈরি করে গড়ে ৫০০ টাকা প্রতি গাছে আলাদা লাভ করা যায়।
লাভের পরিমাণ: উৎপাদন হিসাবে প্রতিটি গাছ থেকে বছরে প্রায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা আয় হতে পারে। এক বিঘা বাগান থেকে প্রতি বছর খরচ বাদ দিয়েও আনুমানিক ২,০০০০০ থেকে ৩,০০০০০ টাকা আয় অত্যন্ত সহজে অর্জন করা সম্ভব। একবার বাগান তৈরি করলে পরবর্তী ২০-২৫ বছর পর্যন্ত একটানা এই লাভজনক ফলন পাওয়া যাবে।
আড়ও দেখুন স্ট্রবেরি চাষ পদ্ধতি: আধুনিক উপায়ে চাষ করে লাখ টাকা আয়ের সহজ গাইড
উপসংহার
ঐতিহ্যবাহী চাষাবাদের সনাতন গণ্ডি পেরিয়ে বারো মাসি কাঁঠাল চাষ পদ্ধতি আজ আমাদের দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক ও টেকসই আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সঠিক জাত (যেমন: ভিয়েতনামী অল সিজন বা বারি কাঁঠাল-৩, ভিয়েতনামি পিংক কাঠাল ) নির্বাচন করে, সঠিক সময়ে সুষম সার প্রয়োগ এবং ছত্রাকজনিত কারণে কচি মুচি বা কাঁঠাল ঝরে যাওয়া রোধ করতে পারলে এই চাষে ক্ষতির কোনো ঝুঁকিতে পড়তে হবে না। অফ-সিজনের চড়া বাজারমূল্যকে কাজে লাগিয়ে আমাদের অঞ্চলের দূরদর্শী কৃষক ও ফল চাষিরা বাণিজ্যিক স্তরে এই আধুনিক চাষ শুরু করে নিজেদের ভাগ্য অনায়াসে বদলে নিতে পারবেন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
১. বারো মাসি কাঁঠাল গাছ চেনার উপায় কি?
উত্তর: বারো মাসি কাঁঠাল গাছ চেনার প্রধান উপায় হলো—এই গাছের পাতা সাধারণ কাঁঠাল গাছের তুলনায় কিছুটা ছোট, গাঢ় সবুজ এবং বেশি ডিম্বাকৃতি বা গোলাকার হয়। এছাড়া কলমের চারা হলে অল্প বয়সেই (১ বছরের মধ্যে) গাছে বারো মাসি জাতের বৈশিষ্ট্য অনুযায়ী মুচি আসতে শুরু করে।
২. বারো মাসি কাঁঠাল চারা কোথায় পাওয়া যায়?
উত্তর: উন্নত ও আসল জাতের (যেমন: ভিয়েতনামী অল সিজন) বারো মাসি কাঁঠালের চারা পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ও উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি রেজিস্টার্ড নার্সারি, কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) থেকে সংগ্রহ করা যায়।
৩. বারো মাসি কাঁঠাল চারার দাম কত?
উত্তর: চারার বয়স, আকার এবং গ্রাফটিং বা কলমের মানের ওপর ভিত্তি করে একেকটি ভালো জাতের বারো মাসি কাঁঠাল চারার দাম সাধারণত ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে সরকারি নার্সারিতে এর দাম কিছুটা কম হতে পারে।
৪. কাঁঠাল চাষের সময় কোনটি?
উত্তর: কাঁঠালের চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকালের শুরু অর্থাৎ জুন থেকে জুলাই মাস। তবে জমিতে জল সেচ এবং জল নিকাশের ভালো ব্যবস্থা থাকলে অগস্ট-সেপ্টেম্বর মাস পর্যন্ত চারা রোপণ করা যায়।
৫. বারো মাসি কাঁঠাল আসতে কত দিন সময় লাগে?
উত্তর: গ্রাফটিং বা জোড় কলমের বারো মাসি চারা রোপণ করলে মাত্র ১২ থেকে ১৮ মাসের (১ থেকে ১.৫ বছর) মধ্যেই গাছে ফল আসা শুরু হয়। তবে ভালো ফলন ও গাছের মজবুত কাঠামোর জন্য প্রথম বছরের মুচি ভেঙে দেওয়া ভালো।
তথ্য সূত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV)
- বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV)
- কেন্দ্রীয় উপক্রান্তীয় উদ্যানপালন সংস্থান (ICAR-CISH)










