
গ্রামীণ অর্থনীতি মজবুত করতে এবং কৃষকদের চড়া সুদের মহাজনী ঋণের হাত থেকে বাঁচাতে ভারত সরকার ১৯৯৮ সালে কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) যোজনা চালু করে। বর্তমানে সরকারি ‘কিষাণ ঋণ পোর্টাল’ (Krishi Rin Portal)-এর মাধ্যমে এই পুরো ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করা হয়েছে। PIB দিল্লি ১১ মার্চ ২০২৬ তথ্য মতে ১ জানুয়ারি ২০২৫ থেকে KCC ঋণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে সরকার।
১. কিষাণ ক্রেডিট কার্ড (KCC) কী এবং এর মূল উদ্দেশ্য?
কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) হল ব্যাংক দ্বারা কৃষকদের দেওয়া একটি বিশেষ ক্রেডিট কার্ড বা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট। এর মূল উদ্দেশ্যগুলি হলো:
- সময়মতো আর্থিক সাহায্য: চাষের মরসুমে সার, বীজ বা কীটনাশক কেনার সঠিক সময়ে কৃষকের হাতে ক্যাশ টাকার জোগান দেওয়া।
- মহাজনী প্রথা বন্ধ করা: গ্রামের কৃষকদের যেন চড়া সুদে স্থানীয় মহাজন বা দালালের কাছ থেকে ঋণ নিয়ে সর্বস্বান্ত হতে না হয়।
- জরুরি খরচ মেটানো: চাষবাসের পাশাপাশি কৃষকদের পারিবারিক জরুরি আর্থিক প্রয়োজন মেটানো।
- সমন্বিত কৃষি উন্নয়ন: শুধু ধান-গম নয়, পশুপালন, মাছ চাষ ও মৌমাছি পালনের মতো লাভজনক কাজেও আর্থিক সাহায্য করা।
আড়ও দেখুন – কিষান ক্রেডিট কার্ড স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
২. কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) লিমিট
KCC-এর অধীনে বিভিন্ন চাষের জন্য ঋণের পরিধি এবং আর্থিক সীমা নির্দিষ্ট করা রয়েছে নিচে চাষের ক্ষেত্র সমূহ অনুসারে:
ক) ফসল চাষের জন্য ঋণ সীমা
- ফসল চাষের ক্ষেত্রে ঋণের কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা ৫ লক্ষ টাকা। ঋণের পরিমাণ নির্ভর করে কৃষকের জমির পরিমাণ এবং তিনি কোন ফসল চাষ করছেন তার ওপর।
- স্কেল অফ ফিনান্স: প্রতি বছর জেলা স্তরের কৃষি কমিটি (DLTC) নির্ধারণ করে দেয় যে ১ বিঘা বা ১ একর জমিতে কোন ফসল চাষ করতে কত টাকা খরচ হতে পারে। আপনার যত বিঘা জমি থাকবে, সেই অনুযায়ী ব্যাংক ঋণের লিমিট তৈরি করবে।
ব্যাংক কিভাবে ঋণ পরিকল্পনা নির্ধারন করে PDF টি দেখুন উদাহরণ হিসেবে।
খ) পশুপালন, মাছ চাষ ও মৌমাছি পালনের ঋণ সীমা:
ফসল চাষের জমি না থাকলেও শুধু পশুপালন বা মাছ চাষের জন্য কে.সি.সি ঋণ নেওয়া যায়।
সহযোগী ক্ষেত্র: আপনি যদি জমি ছাড়া বা ফসল চাষের পাশাপাশি শুধু পশুপালন (গরু, ছাগল, ভেড়া, শুকর), মৎস্য চাষ বা মৌমাছি পালন করেন, তবে এই সহযোগী ক্ষেত্রগুলির জন্য সরকার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নির্ধারণ করেছে।
যৌথ সর্বোচ্চ সীমা: একজন কৃষক ফসল চাষ এবং সহযোগী পশুপালন/মাছ চাষ/মৌমাছি পালন—সব মিলিয়ে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে ছাড়যুক্ত কম সুদে ঋণ পেতে পারেন। ৫ লক্ষ টাকার বেশি ঋণ মঞ্জুর হলে তার ওপর সাধারণ ব্যাংকিং সুদের হার প্রযোজ্য হয়।
৩. কিষান ক্রেডিটি কার্ডের সুবিধা: কোন খাতে কত টাকা দেয়?
ব্যাংক যখন আপনার কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) মোট লিমিট (কার্ডের টাকার অঙ্ক) তৈরি করে, তখন শুধু চাষের খরচ ধরা হয় না। হিসাবটি করা হয় এইভাবে:
- ১. মূল ফসলের খরচ: আপনার জমিতে ফসল ফলাতে যা খরচ (বীজ, সার, লেবার খরচ) হবে, তার ১০০% টাকা।
- ২. সংসার চালানোর খরচ: ফসল বুনে দেওয়ার পর তা ঘরে তোলা পর্যন্ত কৃষকের নিজের সংসার চালানোর জন্য অতিরিক্ত ১০% টাকা যুক্ত করা হয়।
- ৩. খামারের রক্ষণাবেক্ষণ ও বীমা: চাষের যন্ত্রপাতি মেরামত, পশুর শেড মেরামত বা ফসলের বীমার খরচের জন্য আরও ২০% টাকা হিসেবে যোগ করা হয়।
- সহযোগীদের ক্ষেত্রে হিসাব: পশুপালন বা মাছ চাষের ক্ষেত্রেও পশুর খাদ্য, ওষুধ, জলের খরচ এবং খামারের দৈনিক রক্ষণাবেক্ষণের খরচের ওপর ভিত্তি করে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ হিসাব করে কিষান ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয়।
প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা
ভূমিহীন, ছোট এবং প্রান্তিক কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে সরকার বেশ কিছু নমনীয় ব্যবস্থা রেখেছে:
- নমনীয় ক্রেডিট সীমা: প্রান্তিক কৃষকদের জমির আকার এবং ফসলের ধরনের ওপর ভিত্তি করে ১০,০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত একটি নমনীয় প্রারম্ভিক সীমা অনুমোদন করা যেতে পারে.
- একক যৌগিক সীমা: প্রান্তিক কৃষকদের জন্য একটি একক যৌগিক কিষাণ ক্রেডিট সীমার মধ্যে স্বল্পমেয়াদি ফসল উৎপাদন ঋণ, পারিবারিক খরচের চাহিদা এবং ছোটখাট খামার বিনিয়োগের প্রয়োজনীয়তাকে একসাথে যুক্ত করা হয়েছে.
- বহুমুখী খরচ কভারেজ: এই ঋণের টাকা দিয়ে প্রান্তিক কৃষকরা ফসল কাটার পরবর্তী খরচ, গুদামজাতকরণ, দৈনন্দিন খামারের খরচ, পারিবারিক ব্যবহারের খরচ এবং ছোট খামারের যন্ত্রপাতি কেনা বা সহযোগী উদ্যোগ শুরু করতে পারবেন. এর জন্য শাখা ব্যবস্থাপক স্বাধীনভাবে মূল্যায়ন করবেন, কোনো জমি মূল্যায়নের কড়াকড়ি থাকবে না.
- ব্যাপক অংশগ্রহণ: বর্তমানে কেসিসি অ্যাকাউন্টের প্রায় ৭৬ শতাংশই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দখলে রয়েছে, যা তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করছে.
আড়ও দেখুন কৃষি পরিকাঠামো তহবিল (AIF) স্কিম: সাবসিডি লোন ও আবেদন পদ্ধতি
৪. KCC ঋণের মরসুম ও বছরে কতবার টাকা তোলার সুবিধা
একজন কৃষক তাঁর প্রয়োজন অনুযায়ী কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এবং জমা করতে পারেন। এই ব্যবস্থার প্রধান নিয়মগুলি নিচে দেওয়া হলো:
- ঋণের প্রধান দুটি মরসুম: ভারতে কৃষি কাজ মূলত দুটি প্রধান মরসুমে ভাগ করা থাকে, এবং ব্যাংকও এই সময়েই কেসিসি ঋণ এর টাকা বেশি মঞ্জুর করে:
- খরিফ মরসুম : সাধারণত জুন থেকে জুলাই মাসে (জৈষ্ঠ্য-আষাঢ় মাসে) এই মরসুম শুরু হয়। ধান, পাট, ভুট্টা এবং গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য এই সময়ে টাকা দেওয়া হয়।
- রবি মরসুম : সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে এই মরসুম শুরু হয়। আলু, সরিষা, গম এবং শীতকালীন ফসলের জন্য এই সময়ে ঋণ দেওয়া হয়।
বছরে কতবার টাকা তোলা যায়?: কে.সি.সি অ্যাকাউন্টের বড় সুবিধা হলো এটি একটি ‘ক্যাশ ক্রেডিট’ (Cash Credit) অ্যাকাউন্ট। অর্থাৎ, আপনার কার্ডের যে মোট ঋণের সীমা (Limit) থাকবে, তার মধ্য থেকে আপনি বছরে যতবার খুশি টাকা তুলতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী আবার জমা করতে পারবেন। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ফসল তোলার পর টাকা জমা দিলে আপনার লিমিট আবার পূর্ণ হয়ে যাবে।
কেসিসি নবীকরণ ও কে.সি.সি ঋণ সীমা বৃদ্ধির নিয়ম
কেসিসি নবীকরণ ও ৫ বছরের চক্র: কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) শুরু হওয়ার পর প্রতি বছর চাষের খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে কোনো ঝামেলা ছাড়াই ১০% হারে ঋণ সীমা বৃদ্ধি পায় এবং এটি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সচল থাকে। ৫ বছর পর এই চক্রটি শেষ হলে কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়।
পুনরায় ঋণ সুবিধা চালু করতে কৃষককে ব্যাংকে গিয়ে নতুন করে রি-অ্যাসেসমেন্ট বা কেওয়াইসি (KYC) জমা দিয়ে কেসিসি নবীকরণ করতে হয়। ব্যাংক কৃষকের বর্তমান জমির রেকর্ড, চাষের ধরন এবং আগের ৫ বছরের পরিশোধের ট্র্যাক রেকর্ড যাচাই করে পরবর্তী ৫ বছরের জন্য একটি নতুন ক্রেডিট লিমিট নির্ধারণ করে আবার ঋণ ব্যবস্থা চালু করে।
৫. গ্যারান্টর বা জামিনদার সিস্টেম: সরকার কী সুবিধা দিচ্ছে?
ব্যাংক থেকে যেকোনো সাধারণ ঋণ নিতে গেলে গ্যারান্টর বা জামিনদার এবং নিজস্ব সম্পত্তির দলিল বন্ধক রাখতে হয়। কিন্তু ছোট ও প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণ-এর ক্ষেত্রে একটি বড় ছাড় দিয়েছে।
২ লক্ষ টাকা পর্যন্ত কোনো গ্যারান্টর লাগবে না: আপনি যদি ফসল চাষ, পশুপালন বা মৎস্য চাষ—যেকোনো খাতেই কে.সি.সি ঋণের আবেদন করেন এবং আপনার ঋণের পরিমাণ ২ লক্ষ টাকা পর্যন্ত হয়, তবে তার জন্য কোনো গ্যারান্টর, থার্ড পার্টি জামিনদার বা নিজস্ব জমি ব্যাংকে বন্ধক রাখতে হবে না। এই টাকার সম্পূর্ণ গ্যারান্টর বা জামিনদার হিসেবে স্বয়ং সরকার থাকে।
২ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে: আপনার ঋণের হিসাব যদি ২ লক্ষ টাকার বেশি হয় (সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত), সে ক্ষেত্রে ব্যাংক নিয়মানুযায়ী আপনার চাষের জমিটি ব্যাংকের কাছে বন্ধক বা ‘হাইপোথিকেশন’ করতে পারে অথবা একজন নির্ভরযোগ্য গ্যারান্টর চাইতে পারে। পশুপালন বা মাছ চাষের ক্ষেত্রে তৈরি হওয়া খামারের পরিকাঠামো বা গবাদি পশুটিকে ব্যাংকের কাছে হাইপোথিকেট বা বন্ধক রাখা হয়।
৬. KCC ঋণের সুদের হার ও পরিশোধের মানদণ্ড
কেসিসি ঋণের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অত্যন্ত কম সুদের হার। তবে এর পেছনে একটি নির্দিষ্ট সরকারি মানদণ্ড রয়েছে, যা নিচে সহজভাবে বোঝানো হলো:
- মূল সুদের হার: ব্যাংক সাধারণত কে.সি.সি ঋণের ওপর ৯% হারে সুদ ধার্য করে।
- সরকারি ভর্তুকি: আপনি KCC কার্ড নেওয়ার সাথে সাথেই ভারত সরকার আপনাকে সুদের ওপর ২% ছাড় বা ভর্তুকি দেয়। ফলে কার্যকর সুদের হার কমে দাঁড়ায় ৭%।
- সঠিক সময়ে পরিশোধের পুরস্কার: কোনো কৃষক যদি লোন নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ১ বছরের মধ্যে বা ফসল ওঠার পর) ঋণের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেন, তবে সরকার তাঁকে আরও ৩% অতিরিক্ত ছাড় দেয়।
- প্রকৃত সুদের হার: অর্থাৎ, আপনি যদি সময়মতো ব্যাংকের টাকা পরিশোধ করে দেন, তবে আপনাকে মাত্র (৭%−৩%) = ৪% হারে সরল সুদ দিতে হবে। ভারতের অন্য কোনো লোনে এত কম সুদের সুবিধা নেই।
- দুর্যোগের ক্ষেত্রে বিশেষ ছাড়: প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে গুরুতর দুর্যোগের ক্ষেত্রে ১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সুদ চার্জ করা হয় না.
- ঋণের মেয়াদ ও স্কেল: কেসিসি-র অধীনে ৫ বছর মেয়াদের জন্য একটি ঘূর্ণায়মান (Revolving) ক্রেডিট সুবিধা দেওয়া হয়. ফসল কাটার ধরন বা অর্থের স্কেলে পরিবর্তন হলে নিয়ম অনুযায়ী এই ঋণের সীমা সংশোধন বা বাড়ানো যায়
৭. চাপে পড়ে ফসল বিক্রি রোধ এবং সরকারি ওয়ারহাউস সুবিধা
অনেক সময় দেখা যায় ফসল কাটার ঠিক পরপরই বাজারে ফসলের দাম অনেক কম থাকে। কিন্তু কৃষকদের ঋণের টাকা শোধ করার তাড়া থাকায় বা সংসার চালানোর চাপে কম দামেই ফসল বিক্রি করে দিতে হয়। এই লোকসান থেকে বাঁচাতে কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) তে একটি চমৎকার ব্যবস্থা রয়েছে:
- পোস্ট-হারভেস্ট লোন: ফসল কাটার পর কৃষকরা চাইলে তাদের উৎপাদিত ফসল সরকারি অনুমোদিত গুদামে বা ওয়ারহাউসে জমা রাখতে পারেন।
- গুদামের রসিদে পুনরায় ঋণ: ওয়ারহাউসে ফসল রাখার পর সেখান থেকে একটি অফিশিয়াল রসিদ বা ‘গুদামজাত রসিদ’ দেওয়া হয়। এই রসিদটি ব্যাংকে জমা দিয়ে কৃষক তাঁর ফসলের বাজারমূল্যের ওপর ভিত্তি করে পুনরায় ছোট মেয়াদের জন্য ঋণ পেতে পারেন, যাতে তিনি পরবর্তী মরসুমের চাষের খরচ বা সংসার চালাতে পারেন।
- সুবিধা: এর ফলে কৃষককে কম দামে বাজারে ফসল বিক্রি করতে হয় না। পরবর্তী সময়ে যখন বাজারে ফসলের দাম বাড়ে, তখন গুদাম থেকে ফসল বের করে ভালো দামে বিক্রি করে কৃষক ব্যাংকের ঋণ সহজেই শোধ করে দিতে পারেন।
আড়ও দেখুন FPO কি ? FPO গঠন ও কার্যাবলী গাইড: কৃষক উৎপাদক সংস্থা রেজিস্ট্রেশন পদ্ধতি
৮. কিষান ক্রেডিট কার্ড করতে কি কি লাগে ?
কিষাণ ক্রেডিট কার্ড লন (KCC) এর আবেদন প্রক্রিয়াটি এখন অনেক সহজ করা হয়েছে। ব্যাংক সাধারণত নিচে দেওয়া নথিপত্র বা কাগজপত্রগুলি জমা নেয়:
- ১. পরিচয়পত্র: ভোটার কার্ড (Voter ID), প্যান কার্ড (PAN Card), পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
- ২. ঠিকানার প্রমাণ: আধার কার্ড, ভোটার কার্ড বা সাম্প্রতিক কোনো ইলেকট্রিক বিল। (আবেদনের জন্য আধার নম্বর ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হয় [Aadhaar Redacted])।
- ৩. জমির নথিপত্র: জমির সাম্প্রতিক পর্চা, খতিয়ান বা দলিলের জেরক্স কপি। জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত আছে কি না, তা দেখার জন্য এটি নেওয়া হয়।
- ৪. ফসল চাষের ঘোষণা: আপনি বর্তমান মরসুমে কতটুকু জমিতে কোন ফসল চাষ করছেন (যেমন: ধান, আলু বা গ্রীষ্মকালীন সবজি) তার একটি স্ব-ঘোষিত বিবরণ।
- ৫. পশুপালন বা মাছ চাষের ক্ষেত্রে: খামারের বা পুকুরের বিবরণ, প্রাণিসম্পদ বা মৎস্য দপ্তরের কোনো পঞ্চায়েত সার্টিফিকেটের কপি (যদি থাকে)।
- ৬. ছবি: আবেদনকারীর ৩ থেকে ৪ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৯. নিজস্ব জমি না থাকলে কে.সি.সি ঋণ পাওয়ার উপায় কী?
আমাদের দেশে অনেক প্রকৃত কৃষক আছেন যাদের নিজস্ব কোনো চাষের জমি নেই। তারা অন্যের জমি লিজ নিয়ে বা ভাগচাষী হিসেবে চাষবাস করেন। ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক (RBI)-এর নিয়ম অনুযায়ী, জমির মালিকানা না থাকলেও প্রকৃত কৃষকেরা KCC ঋণ পাওয়ার সম্পূর্ণ অধিকারী। এর জন্য ৩টি বিশেষ উপায় রয়েছে:
১. যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী বা JLG সিস্টেম:
- পদ্ধতি: নিজস্ব জমি নেই এমন ৪ থেকে ১০ জন সমমনস্ক ভাগচাষী বা পশুপালক মিলে একটি ছোট দল বা ‘JLG’ তৈরি করতে পারেন।
- সুবিধা: এই দলের সদস্যরা একে অপরের ঋণের জামিনদার বা গ্যারান্টর হিসেবে কাজ করেন। ব্যাংক কোনো জমি বন্ধক ছাড়াই এই পুরো গ্রুপ বা দলের নামে KCC লোন মঞ্জুর করে। দলগত বিশ্বাসের ওপর ভিত্তি করে এই ঋণ দেওয়া হয়।
২. মৌখিক বা লিখিত লিজ চুক্তি:
- পদ্ধতি: আপনি যার জমি চাষ করছেন, তাঁর সাথে একটি নির্দিষ্ট মেয়াদের লিখিত লিজ চুক্তিপত্র বা পঞ্চায়েত/স্থানীয় ব্লক প্রশাসন দ্বারা প্রত্যয়িত ভাগচাষের প্রমাণপত্র জমা দিতে পারেন।
- সুবিধা: চুক্তিপত্রে পরিষ্কার লেখা থাকে যে আপনি নির্দিষ্ট সময়ের জন্য ওই জমিতে ফসল ফলাবেন। ব্যাংক সেই চুক্তিপত্রের মেয়াদ ও ফসলের ওপর ভিত্তি করে সরাসরি আপনার নামে KCC কার্ড ইস্যু করবে।
৩. পশুপালন ও মৎস্য চাষের KCC:
- পদ্ধতি: আপনার যদি ফসল চাষের কোনো জমি না থাকে, কিন্তু আপনার বাড়িতে ২-৩টি গোরু আছে বা আপনি লিজ নেওয়া পুকুরে মাছ চাষ করছেন, তবে আপনি শুধু মৌমাছি পালন, পশুপালন ও মৎস্য চাষের ক্যাটাগরিতে কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণ আবেদন করতে পারেন।
- সুবিধা: এই ক্ষেত্রে কোনো জমির কাগজের প্রয়োজনই হয় না। আপনার খামারের গবাদি পশু বা পুকুরের মাছের খাবারের খরচ হিসাব করে ব্যাংক আপনাকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে।
১০. কে.সি.সি গ্রাহক ইন্সুরেন্স বা বীমা সুবিধা (KCC Insurance)
কিষান ক্রেডিট কার্ড লোন (KCC) অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কৃষকদের সুরক্ষার জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বীমা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়:
১. ফসল বীমা : KCC-এর অধীনে যে ফসলের জন্য ঋণ নেওয়া হয়, তা সরাসরি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)-র আওতায় চলে আসে। কোনো কারণে খরা, বন্যা বা পোকার আক্রমণে ফসল নষ্ট হলে বীমা সংস্থা কৃষকের ঋণের টাকা মকুব বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে।
২. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা: KCC কার্ডধারী কৃষকদের জন্য একটি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা থাকে। এর অধীনে:
- চাষির দুর্ভাগ্যবশত মৃত্যু বা স্থায়ী প্রতিবন্ধকতা হলে ৫০,০০০ টাকা পর্যন্ত বীমা রাশি পাওয়া যায়।
- আংশিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই বীমার প্রিমিয়ামের একটি বড় অংশ ব্যাংক নিজেই বহন করে।
১১. কিষান ক্রেডিট কার্ড কিভাবে বানাবো
কিষাণ ক্রেডিট কার্ড বানানোর মূলত দুটি সহজ উপায় রয়েছে:
ক) অফলাইন আবেদন (সরাসরি ব্যাংকে গিয়ে):
- ১. আপনার নিকটবর্তী যেকোনো সরকারি, গ্রামীণ বা সমবায় ব্যাংকে যান (যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে যাওয়া সবচেয়ে ভালো)।
- ২. ব্যাংক থেকে KCC Application Form সংগ্রহ করুন।
- ৩. ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সাথে আপনার আধার, ভোটার, জমির পর্চা বা পশুপালনের নথিপত্র সংযুক্ত করুন।
- ৪. ব্যাংকের ঋণ আধিকারিকের কাছে জমা দিন। সমস্ত তথ্য ঠিক থাকলে সাধারণত ১৪ দিনের মধ্যে KCC লোন মঞ্জুর হয়ে যায়।
খ) কিষান ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি (অনলাইনে)
আপনি সরাসরি ভারত সরকারের অফিশিয়াল ‘কিষাণ ঋণ পোর্টাল’ (Krishi Rin Portal) অথবা পিএম কিষাণ (PM-Kisan) পোর্টালের মাধ্যমে অনলাইনে KCC-এর জন্য আবেদন করতে পারেন।
এছাড়া আপনার যদি কোনো নির্দিষ্ট ব্যাংকে নেট ব্যাঙ্কিং থাকে (যেমন- SBI YONO অ্যাপ), তবে সেখান থেকেও সরাসরি ‘Apply for KCC’ অপশনে গিয়ে আবেদন করা যায়।
গ. কিষান ক্রেডিট কার্ড ফরম ডাউনলোড (KCC Form PDF)
চাষি ভাইদের সুবিধার্থে পিএম কিষান (PM-Kisan) পোর্টালের অফিশিয়াল ও আসল এক পাতার আবেদনপত্রটি নিচে দেওয়া হলো। ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী ফর্মটি পূরণ করে আপনার ব্যাঙ্কে জমা দিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি পিডিএফ ফাইলটি পেতে নিচের বোতামে ক্লিক করুন।
১২. কোন কোন ব্যাংকে কে.সি.সি ঋণ পাওয়া যায়?
ভারতের সমস্ত বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং সমবায় ব্যাংক থেকে KCC ইস্যু করা হয়। তার মধ্যে প্রধান কয়েকটি হলো:
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা, ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি।
- আঞ্চলিক গ্রামীণ ব্যাংক (RRB): যেমন পশ্চিমবঙ্গে- পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক ইত্যাদি।
- সমবায় ব্যাংক (Cooperative Banks): আপনার এলাকার যেকোনো জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক বা স্থানীয় কৃষি সমবায় সমিতি (PACS)।
গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: KCC পাসবই বনাম KCC ডেবিট কার্ড
১. কার্ড না থাকলে কি ফসল ও ব্যক্তিগত বীমার সুবিধা পাওয়া যাবে?
ফসল বীমা: হ্যাঁ, আপনার কে.সি.সি লোন অ্যাকাউন্টটি চালু থাকলেই (তা পাসবই হোক বা কার্ড) আপনার ফসলটি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)-র আওতায় চলে আসে। কারণ ব্যাংক লোন দেওয়ার সময়ই ফসলের প্রিমিয়ামের টাকা কেটে নেয়।
ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (PAIS): এই ক্ষেত্রে KCC ডেবিট কার্ডটি থাকা অত্যন্ত জরুরি! রূপা (RuPay) KCC ডেবিট কার্ডের নিয়মানুযায়ী, দুর্ঘটনাজনিত বীমা দাবি করার একটি শর্ত হলো—দুর্ঘটনার আগের ৪৫ বা ৯০ দিনের মধ্যে ওই কার্ডটি দিয়ে অন্তত একবার কোনো এটিএম (ATM) বা দোকানে লেনদেন (Swipe/Active) হতে হবে। তাই শুধুমাত্র পাসবই থাকলে অনেক সময় এই বীমার টাকা পেতে সমস্যা হতে পারে।
২. KCC ডেবিট কার্ড থাকলে কৃষকদের বাড়তি কী সুবিধা হয়?
- ২৪ ঘণ্টা টাকা তোলার স্বাধীনতা: পাসবই দিয়ে টাকা তুলতে গেলে আপনাকে ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে, ব্যাংক বন্ধ থাকলে টাকা পাবেন না। কিন্তু কে.সি.সি এটিএম কার্ড থাকলে আপনি চাষের প্রয়োজনে রাত-বিরাতে যেকোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
- দোকানে সরাসরি পেমেন্ট: বীজ, সার বা কীটনাশকের দোকানে এখন সোয়াইপ (Swipe) মেশিন থাকে। আপনি KCC কার্ড দিয়ে সরাসরি দোকানে পেমেন্ট করতে পারবেন, পকেটে নগদ টাকা নিয়ে ঘোরার দরকার নেই।
- সুদের সাশ্রয়: পাসবই দিয়ে লোন নিলে কৃষকেরা একবারে সব টাকা তুলে নেন, ফলে পুরো টাকার ওপর সুদ বসতে শুরু করে। কিন্তু কার্ড থাকলে আপনার যখন ৫,০০০ টাকা লাগবে শুধু ততটুকুই এটিএম থেকে তুলবেন, এবং শুধুমাত্র ওই ৫,০০০ টাকার ওপরই সুদ লাগবে, বাকি টাকার ওপর নয়!
৩. সাধারণ কৃষকেরা কীভাবে ব্যাংক থেকে KCC কার্ডটি পাবেন?
অনেক ব্যাংক কাজের চাপে বা কৃষক না চাইলে নিজে থেকে কার্ড ইস্যু করে না। কার্ডটি সহজে পাওয়ার উপায় হলো:
- ১. আপনার KCC পাসবই এবং আধার কার্ড নিয়ে সরাসরি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যান।
- ২. ব্যাংকের কাউন্টারে গিয়ে বলুন, “আমার KCC অ্যাকাউন্টের বিপরীতে একটি ‘রূপা কিষাণ ডেবিট কার্ড’ (RuPay Kisan Debit Card) চাই।”
- ৩. ব্যাংক আপনাকে একটি ছোট্ট ফর্ম দেবে (কার্ড ইস্যু করার ফর্ম)। সেটি পূরণ করে জমা দিলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে ব্যাংক আপনার নামে একটি এটিএম কার্ড ইস্যু করে দেবে।
- ৪. কার্ডটি পাওয়ার পর ব্যাংকের ম্যানেজারের সহায়তায় বা এটিএম-এ গিয়ে সেটির একটি পিন (PIN) নম্বর তৈরি করে নিন এবং কার্ডটি চালু বা একটিভ করে নিন।
চাষি ভাইদের উদ্দেশ্যে বার্তা: কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণ নেওয়া মানে শুধু পাসবইয়ে সিল মারা নয়। ব্যাংক থেকে আপনার অধিকারের KCC RuPay Card-টি চেয়ে নিন। এটি আপনার পকেটে থাকলে চাষের টাকা পয়সা নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না!
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: কিষান ক্রেডিট কার্ড কি?
উত্তর: কিষান ক্রেডিট কার্ড (KCC) হলো ভারত সরকার ও ব্যাঙ্কের যৌথ উদ্যোগে চালু করা একটি বিশেষ লোন ব্যবস্থা, যার মাধ্যমে কৃষকেরা অত্যন্ত কম সুদে (৪% থেকে ৭% হারে) চাষবাস, বীজ-সার কেনা, পশুপালন বা মাছ চাষের খরচের জন্য ব্যাঙ্ক থেকে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক লোন পেয়ে থাকেন।
প্রশ্ন ২:কিষান ক্রেডিট কার্ডে কত টাকা লোন দেয়?
উত্তর: এই স্কিমের আওতায় জমির পরিমাণ ও ফসলের ধরন ভেদে কোনো গ্যারান্টি বা বন্ধক ছাড়াই একজন কৃষক প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন, যা নথিপত্র সঠিক থাকলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
প্রশ্ন ৩: যদি কোনো কারণে নির্ধারিত সময়ে KCC ঋণের টাকা শোধ করতে না পারি, তবে কী হবে?
উত্তর: যদি কোনো কৃষক তাঁর ফসল বিক্রির পর নির্দিষ্ট শেষ তারিখের মধ্যে ঋণের টাকা জমা না দেন, তবে তিনি সরকার প্রদত্ত ৩% অতিরিক্ত সুদ ছাড়ের (Prompt Repayment Incentive) সুবিধাটি হারিয়ে ফেলবেন। সে ক্ষেত্রে তাঁকে পুরো ৭% বা ব্যাংকের সাধারণ সুদের হারে (যা ৯% পর্যন্ত হতে পারে) জরিমানা সহ সুদ দিতে হবে।
প্রশ্ন ৪: কিষান ক্রেডিট কার্ড কবে চালু হয়?
উত্তর: ভারতে কৃষকদের মহাজনদের চড়া সুদের হাত থেকে বাঁচাতে এবং সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষি লোন দেওয়ার উদ্দেশ্যে ১৯৯৮ সালের আগস্ট মাসে আর. ভি. गुप्तা কমিটির সুপারিশে এই বিশেষ স্কিমটি প্রথম চালু করা হয়।
প্রশ্ন ৫: কিষান ক্রেডিট কার্ড করতে কি কি লাগে?
উত্তর: এই কার্ডটি করার জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জমির খতিয়ান ও দাগ নম্বর সহ একদম সাম্প্রতিক পর্চা বা রেকর্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সের প্রয়োজন হয়।
প্রশ্ন ৬: কিষান ক্রেডিট কার্ড কিভাবে বানাবো?
উত্তর: এটি বানানোর জন্য আমাদের ব্লগ থেকে কিষান ক্রেডিট কার্ড ফরম ডাউনলোড করে সেটি প্রিন্ট করুন এবং নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখা অথবা ব্লকের সহ-কৃষি অধিকর্তা (ADA) অফিসে জমা দিন।
তথ্য সূত্র
- কৃষি ঋণ পোর্টাল (KRP) ভারত সরকার।
- প্রেস ইনফরমেশন ব্যুরো দিল্লি (PIB) ভারত সরকার।










